Published : 09 Apr 2026, 05:10 PM
গুগল প্লে স্টোরে যোগ হয়েছে নতুন এক সার্চ সুবিধা, যার মাধ্যমে এখন থেকে যে কোনো অ্যাপের রিভিউ বা ব্যবহারকারীদের মন্তব্যের ভেতর থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে পাওয়া যাবে।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, এ ফিচারের মাধ্যমে কোনো অ্যাপ বা গেইমের বিশেষ কোনো গুণাগুণ বা সমস্যা সম্পর্কে ব্যবহারকারীরা জানতে পারবেন। ক্ষতিকর অ্যাপ শনাক্তে ও সঠিক অ্যাপটি বেছে নিতে এ আপডেটটি বড় ভূমিকা রাখবে।
প্রথমবারের মতো এ বিষয়টি নজরে আসে প্রযুক্তি সংবাদের সাইট অ্যান্ড্রয়েড অথরিটির, যেখানে সংবাদ সাইটটি দেখতে পায়, গুগল প্লে স্টোরে কোনো অ্যাপের ‘রিভিউ’ বা ব্যবহারকারীদের মন্তব্য খোঁজার জন্য নতুন এক সার্চ ফাংশন যোগ হয়েছে।
বর্তমানে এ ফিচারের মাধ্যমে অন্তত দুটি শব্দের হুবহু মিল থাকলে তবেই সার্চ রেজাল্ট পাওয়া যাচ্ছে। এরপরও কোনো নির্দিষ্ট অ্যাপ বা গেইমে বিশেষ কোনো ফিচার বা গেইমপ্লে এলিমেন্ট আছে কি না তা ব্যবহারকারীদের দ্রুত খুঁজে পেতে সাহায্য করবে এ সুবিধা।
প্লে স্টোরে ‘সি অল রিভিউস’ বাটনে ক্লিক করলে এ সার্চ ফাংশনটি দেখা যাবে। সার্চিংয়ের সময় ফিচারটি নিজে থেকে কিছু জনপ্রিয় শব্দ বা বিষয় সাজেস্ট করবে।
বিষয়টি অনেকটা অ্যামাজনের ‘সার্চ কাস্টমার রিভিউস’ ফিচারের মতো কাজ করে এবং রিভিউয়ের ভেতর ব্যবহারকারীর খোঁজা শব্দটি বোল্ড বা মোটা অক্ষরে হাইলাইট করে দেখাবে।
প্লে স্টোরে গুগলের রিভিউ সার্চিংয়ের এ সুবিধাটি চমৎকার সংযোজন, বিশেষ করে অ্যাপলের অ্যাপ স্টোরের চেয়ে। কারণ অ্যাপ স্টোরে বিভিন্ন অ্যাপের রিভিউ কেবল ক্রমানুসারে সাজানো থাকে।
গত কয়েক বছর ধরে তাদের নীতি লঙ্ঘনকারী ক্ষতিকর বিভিন্ন অ্যাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে গুগল।
তবে রিভিউ সার্চিংয়ের এ সুযোগটি ব্যবহারকারীদের জন্য বাড়তি নিরাপত্তার স্তর হিসেবে কাজ করবে, যেখানে সিস্টেমের চোখ ফাঁকি দিয়ে আসা কোনো অ্যাপের খুঁতও সহজে ধরা পড়বে।