১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধের নতুন নিয়ম ইউটিউবে

ফোনের অপ্রয়োজনীয় অ্যালার্ট কমিয়ে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ করতেই ইউটিউবের এই সিদ্ধান্ত।

অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধের নতুন নিয়ম ইউটিউবে
সেসব নির্মাতারা দীর্ঘ সময় পরিশ্রম করে বড় ভিডিও তৈরি করেন তাদের ক্ষেত্রে ইউটিউবের এমন পদক্ষেপ ইতিবাচক। ছবি: ইউটিউব

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 05:06 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

ব্যবহারকারীদের নোটিফিকেশনের ঝামেলা কমাতে নতুন ফিচার নিয়ে আনছে ইউটিউব।

নতুন এ ফিচারের আওতায় এখন থেকে যেসব চ্যানেলের ভিডিও ব্যবহারকারী গত এক মাস দেখেননি সেগুলোর নোটিফিকেশন আর তার মোবাইলে আসবে না।

ফোনের অপ্রয়োজনীয় অ্যালার্ট কমিয়ে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ করতেই ইউটিউবের এই সিদ্ধান্ত বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট। 

ইউটিউব নোটিফিকেশনের এ পরিবর্তনটি বছরের শুরুতে ছোট ট্রায়াল হিসেবে শুরু হয়েছিল। এর পেছনের মূল ভাবনাটি ছিল, একজন দর্শক ক্রমাগত যদি এমন সব ভিডিওর নোটিফিকেশন পেতে থাকেন, যা তিনি দেখেন না তবে তিনি এক সময় ইউটিউবের সব নোটিফিকেশনই পুরোপুরি বন্ধ করে দিতে পারেন।

আর এমন কিছু হলে তা ইউটিউবের জন্য ভালো হবে না। নোটিফিকেশন বন্ধের মানে হচ্ছে, মানুষ প্ল্যাটফর্মটি কম ব্যবহার করবে, যার ফলে ইউটিউবের আয়ও কমে যাবে।

অন্যদিকে, কনটেন্ট নির্মাতাদের জন্যও বিষয়টি ক্ষতিকর, বিশেষ করে কারো প্রিয় কনটেন্ট নির্মাতা থাকতে পারেন। ইউটিউবের সব নোটিফিকেশন বদ্ধ করে দেওয়ার ফলে তাদের নতুন ভিডিও সম্পর্কে জানার বড় একটি মাধ্যম তখন আর ব্যবহারকারীর কাছে খোলা থাকবে না।

বুধবার থেকে যেসব চ্যানেলে সাবস্ক্রাইব করে ব্যবহারকারী নোটিফিকেশন ‘অল’ করে রেখেছেন সেসব নির্মাতাদের কোনো পুশ নোটিফিকেশন ইউটিউব ব্যবহারকারীর মোবাইলে পাঠাবে না।

তবে এসব নোটিফিকেশন ইউটিউব অ্যাপের ভেতরে ইনবক্সে বা উপরে ডানদিকে ছোট ঘণ্টা আইকনে যেমনটি এখন রয়েছে তা আগের মতোই পাওয়া যাবে।

যারা নিয়মিত নোটিফিকেশনে ক্লিক করেন ও ভিডিও দেখেন তাদের বেলাতেও কোনো পরিবর্তন হবে না।

বছরের শুরুতে এক পরীক্ষার তথ্যের ভিত্তিতে ইউটিউব বলেছে, “যেসব চ্যানেল অনেকদিন পরপর ভিডিও আপলোড করে তাদের নোটিফিকেশনের ওপরও কোনো প্রভাব পড়বে না।”

সেসব নির্মাতা দীর্ঘ সময় পরিশ্রম করে বড় ভিডিও তৈরি করেন তাদের ক্ষেত্রে ইউটিউবের এমন পদক্ষেপ ইতিবাচক। কারণ দর্শকরা নিশ্চয়ই চাইবেন না, মাসে কেবল একটি ভিডিও আপলোড হলেও তারা সেটি মিস করে ফেলুন।

তবে ব্যবহারকারী যদি দীর্ঘদিন পর আবার কোনো চ্যানেলের ভিডিও দেখা শুরু করেন তবে ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে সেটির পুশ নোটিফিকেশন পাঠানো পুনরায় শুরু করবে কি না তা এখনও স্পষ্ট নয়।

এরপরও ফোনের পর্দায় অসংখ্য নোটিফিকেশনের ভিড় কমানোর জন্য ইউটিউবের এ নতুন নিয়মটি কার্যকর পদক্ষেপ হতে পারে।