১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এআই চালিত ‘ব্যক্তিগত স্বাস্থ্য সহকারী’ আনছে ওপেনএআই

চ্যাটজিপিটির বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় ৮০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে যাদের অনেকেই প্ল্যাটফর্মটিতে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ খোঁজেন।

এআই চালিত ‘ব্যক্তিগত স্বাস্থ্য সহকারী’ আনছে ওপেনএআই
ওপেনএআই এবার স্বাস্থ্য খাতে প্রবেশের পরিকল্পনা করছে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 07:53 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

চ্যাটজিপিটি নির্মাতা কোম্পানি ওপেনএআই এবার স্বাস্থ্য খাতে প্রবেশের পরিকল্পনা করছে। কোম্পানিটি একটি জেনারেটিভ এআইনির্ভর ব্যক্তিগত স্বাস্থ্য সহকারী বা পার্সোনাল হেলথ অ্যাসিস্ট্যান্ট তৈরির পরিকল্পনা করছে।

মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের প্রতিবেদমে এ তথ্য উঠে এসেছে। 

বড় প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে গুগল, অ্যামাজন ও মাইক্রোসফট বহু বছর ধরেই ব্যবহারকারীদের হাতে নিজস্ব স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য নিয়ন্ত্রণের সুযোগ দিতে চেয়েছে। তবে তাদের এই উদ্যোগগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়নি।

গুগল ২০১১ সালে ব্যবহারকারীদের সাড়া কম পাওয়ার কারণে তাদের স্বাস্থ্য রেকর্ড সার্ভিস বন্ধ করে দিয়েছে। অ্যামাজনও ২০২৩ সালে বন্ধ করে দিয়েছে তাদের ‘হালো’ নামের একটি ফিটনেস ট্র্যাকার ব্যবসা। একইভাবে মাইক্রোসফটের ‘হেলথভল্ট’ প্ল্যাটফর্মও তেমন জনপ্রিয়তা পায়নি।

বার্তাসংস্থা রয়টার্স লিখেছে, ওপেনএআইয়ের এই স্বাস্থ্যকেন্দ্রিক উদ্যোগ আসছে সাম্প্রতিক কিছু কৌশলগত নিয়োগের পর। চলতি বছরের জুনে কোম্পানিটি ডাক্তারদের নেটওয়ার্ক ডক্সিমিটি’র সহ-প্রতিষ্ঠাতা নেইট গ্রসকে হেলথকেয়ার স্ট্র্যাটেজির প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে।

অগাস্টে সাবেক ইনস্টাগ্রাম নির্বাহী অ্যাশলে আলেকজান্ডারকে স্বাস্থ্য পণ্যের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে কোম্পানিটি।

গত অক্টোবরে স্বাস্থ্যসেবা উদ্ভাবন এবং সুস্থতার জন্য বিশ্বের অন্যতম প্রধান বার্ষিক সম্মেলন এইচএলটিএইচ সম্মেলনে নেইট গ্রস বলেন, চ্যাটজিপিটির বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় ৮০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে যাদের অনেকেই চিকিৎসা সংক্রান্ত পরামর্শ খোঁজেন।

তবে ওপেনএআইয়ের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।