Published : 19 Aug 2026, 10:09 AM
অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেমে রিলিজ ক্যান্ডিডেট কোডে ফাঁস হয়েছে উন্মোচনের অপেক্ষায় থাকা একগুচ্ছ নতুন প্রযুক্তি পণ্যের খবর।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, আইফোন ১৮ সিরিজ, ফোল্ডিং আইফোন, ক্যামেরাওয়ালা এয়ারপডস থেকে শুরু করে নতুন হোম হাব ও আইপ্যাড মিনির মতো বহু ডিভাইসের আগাম সংকেত মিলেছে এই ফাঁসে।
অ্যাপলের তৈরি ম্যাকওএস-এর সর্বশেষ সংস্করণ ‘ম্যাকওএস টাহো ২৭.৬’-এর রিলিজ ক্যান্ডিডেটে নতুন এসব পণ্যের আগাম সংকেত মিলেছে।
প্রযুক্তি সাইট ম্যাকরিউমার্স-এর প্রতিবেদন অনুসারে, নতুন এ অপারেটিং সিস্টেমের কোডে অ্যাপলের হোম ডিভাইস, হেডফোন, আইফোন ও আইপ্যাডের নতুন একাধিক মডেলের ইঙ্গিত রয়েছে। এগুলো ভবিষ্যতের বা আসন্ন ডিভাইসের মডেল কোড হতে পারে।
কোডের ভেতরে ‘ভি৬২’, ‘ভি৬৩’, ‘ভি৬৪’, ‘ভি৬৭’ ও ‘ভি৬৮’ নামের যেসব সাংকেতিক বা কোডনেইম উন্মোচিত হয়েছে তা অ্যাপলের পরবর্তী প্রজন্মের আইফোন সিরিজের দিকেই নির্দেশ করছে।
বিশেষজ্ঞরা বলছেন, এগুলো যথাক্রমে আইফোন এয়ার ২, আইফোন ১৮ প্রো, আইফোন ১৮ প্রো ম্যাক্স, আইফোন ১৮ ও বহুল প্রতীক্ষিত অ্যাপলের ফোল্ডএবল বা ভাঁজযোগ্য ফোন ‘আইফোন আল্ট্রা’র কোডনেইম।
আগামী সেপ্টেম্বরে অ্যাপলের বার্ষিক ইভেন্টেই আইফোন সিরিজটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন হতে পারে। তবে কোম্পানিটির পক্ষ থেকে এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।
আইফোনের পাশাপাশি হোম ডিভাইসের ক্ষেত্রেও বড় চমক দিতে যাচ্ছে অ্যাপল। কোডে ‘জে৪৯০’ ও ‘বি৫২৫’ কোডনেইমে যথাক্রমে একটি ‘হোম হাব’ ও নতুন ‘হোমপড মিনি’র উল্লেখ মিলেছে।
গুঞ্জন রয়েছে, ৭ ইঞ্চির ডিসপ্লেওয়ালা নতুন ‘হোম হাব’ ডিভাইসটিতে নতুন ‘হোমওএস’ অপারেটিং সিস্টেম ব্যবহুত হবে এবং এর ইন্টারফেইস দেখতে আইফোনের ‘স্ট্যান্ডবাই মোডের’ মতো হবে।
অন্যদিকে, নতুন হোমপড মিনিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত অ্যাপলের হালনাগাদ ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ সমর্থিত ‘সিড়ি’ সুবিধা যোগ থাকবে।
ক্যামেরাওয়ালা এয়ারপডসের পাশাপাশি বিটস ব্র্যান্ডের দুটি নতুন হেডফোন ও ‘এয়ারপডস প্রো ৪’ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। কোডে পাওয়া ‘এন১০৯’ সংকেতটি অ্যাপলের জনপ্রিয় মিক্সড রিয়ালিটি হেডসেট ‘ভিশন প্রো’র দ্বিতীয় প্রজন্মকে নির্দেশ করতে পারে।
এ ছাড়া ‘এটিভিরিমোট১’ কোডটি নির্দেশ করছে নতুন অ্যাপল টিভি রিমোটের উপস্থিতি, যার সঙ্গে নতুন অ্যাপল টিভি বক্সও উন্মোচিত হতে পারে।
ট্যাবলেট ও ম্যাক পরিবারের মধ্যেও বেশ কিছু বড় পরিবর্তনের আভাস মিলেছে। কোডে থাকা ‘জে৫১০’ কোডটি অ্যাপলের পরবর্তী ‘আইপ্যাড মিনি’র দিকেই ইঙ্গিত করছে, যেখানে ওএলইডি ডিসপ্লে ও শক্তিশালী ‘এ১৯ প্রো’ চিপ থাকবে বলে গুঞ্জন রয়েছে।
পাশাপাশি পরবর্তী প্রজন্মের ‘এম৬’ চিপচালিত ম্যাকবুক প্রো ও নতুন আইম্যাক’সহ একাধিক নতুন ম্যাক কম্পিউটারের উল্লেখ দেখা গেছে কোডজুড়ে।
অপারেটিং সিস্টেমে ফাঁস হওয়া এসব তথ্যের প্রায় সবই এর আগের বিভিন্ন প্রযুক্তি ফাঁসের সঙ্গে মিলে যায়। তবে ‘ম্যাকওএস টাহো ২৭.৬’-এর সিস্টেমে সরাসরি এসব কোডের উপস্থিতি ডিভাইসগুলোর বাস্তব অস্তিত্ব ও দ্রুত চালুর সম্ভাবনাকে আরও জোরালো করে তুলল।
খুব শিগগিরই অ্যাপল তাদের বহুল প্রতীক্ষিত সেপ্টেম্বর ইভেন্টের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করতে পারে।