১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার কোল্ডপ্লে কনসার্টের ভাইরাল ক্লিপে থাকা নারী নির্বাহীর পদত্যাগ

‘আলিঙ্গনের’ ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর এর আগে অ্যাস্ট্রোনোমারের প্রধান নির্বাহী অ্যান্ডি বায়রনও পদত্যাগ করেছিলেন।

এবার কোল্ডপ্লে কনসার্টের ভাইরাল ক্লিপে থাকা নারী নির্বাহীর পদত্যাগ
কোল্ডপ্লের কনসার্টের কিস ক্যামে এভাবেই ধরা পড়েন অ্যান্ডি বায়রন ও ক্রিস্টিন ক্যাবট। ছবি: বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2025, 04:43 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

কোল্ডপ্লের কনসার্টে বড় পর্দায় কোম্পানির প্রধান নির্বাহীর আলিঙ্গনে থাকা অবস্থায় ধরা পড়া মার্কিন এক টেক কোম্পানির প্রধান মানবসম্পদ কর্মকর্তা পদত্যাগ করেছেন। 

ক্রিস্টিন ক্যাবট আর অ্যাস্ট্রোনোমারে কাজ করছেন না, বিবিসিকে দেওয়া বিবৃতিতে এমনটাই বলেছে প্রতিষ্ঠানটি। 

তার আগে গত সপ্তাহে কোম্পানিটির প্রধান নির্বাহী অ্যান্ডি বায়রনও পদত্যাগ করেন। ভাইরাল ক্লিপে ক্যাবটের সঙ্গে বায়রনই ছিলেন বলে লিখছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম। 

তাদের ‘আলিঙ্গনের’ ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর অ্যাস্ট্রোনোমার বায়রনকে ছুটিতে পাঠিয়ে এ ঘটনার তদন্তের ঘোষণা দিয়েছিল। এর পরপরই বায়রন প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছেড়ে দেন। এবার পদত্যাগ করলেন ক্যাবটও।  

ঘটনার শুরু গত ১৬ জুলাই ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফক্সবোরো শহরের একটি স্টেডিয়ামে। সেখানে সেদিন জনপ্রিয় ব্যান্ডদল কোল্ডপ্লের কনসার্ট চলছিল।

গানের ফাঁকে ফাঁকে দর্শকসারিতে থাকা জুটিদের খুঁজে নিচ্ছিল ক্যামেরা। তাদের ছবি ভেসে উঠছিল স্টেডিয়ামের জাম্বো স্ক্রিনে।

আমেরিকানরা একে বলে ‘কিস ক্যাম’। অর্থাৎ, যে জুটির ছবি জাম্বো স্ক্রিনে ভেসে উঠবে, তাদের পরস্পরকে চুমু খেতে হবে।

কোল্ডপ্লের কনসার্টে সেদিন গানের মধ্যে কিস ক্যামের চোখ পড়ে এক জুটির ওপর। দুজনই দাঁড়িয়ে ছিলেন, সামনে থাকা নারীটিকে পেছন থেকে জড়িয়ে ধরে ছিলেন পুরুষটি। গানের তালে তালে তারা দুলছিলেন।

কিন্তু জাম্বো স্ক্রিনে ছবি ভেসে উঠতেই ঘটে বিপত্তি। নারীটি পেছনে ঘুরে নিজেকে আড়াল করার চেষ্টা করেন। আর পুরুষটি নিচু হয়ে ক্যামেরার ফ্রেম থেকে সরে যান। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।

ওই দৃশ্য দেখে কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিন মজা করে দর্শকদের বলেন, “হয় তারা পরকীয়া করছে, নয়ত তারা ভীষণ লাজুক।”

কনসার্টে প্রেমের ভিডিও ভাইরাল: 'অ্যাস্ট্রোনোমারসিইওর পদত্যাগ

কিন্তু ঘটনাটি সংবাদের শিরোনাম হয়ে ওঠে, যখন জানা যায়, ভিডিওতে থাকা পুরুষটি অ্যাস্ট্রোনোমারের প্রধান নির্বাহী অ্যান্ডি বায়রন এবং তার সঙ্গিনী তারই কোম্পানির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট।

বিবাহিত বায়রন এবং তার সহকর্মীর গোপন প্রেম ফাঁস হয়ে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় শোরগোল ওঠে। বায়রনের স্ত্রী সোশ্যাল মিডিয়ায় নিজের নাম থেকে স্বামীর পদবি মুছে দেন। অ্যাস্ট্রোনোমার কর্তৃপক্ষ অ্যান্ডি বায়রনকে ছুটিতে পাঠায়। পরে তার পদত্যাগের খবর আসে। 

পরে বায়রনের জায়গায় ডেটা, অ্যানালিটিক্স ও আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স নিয়ে কাজ করা অ্যাস্ট্রোনোমারের প্রধান নির্বাহীর দায়িত্ব নেন কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ও চিফ প্রোডাক্ট অফিসার পিট ডেজয়।