১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গুগল ম্যাপে আসছে এআই অ্যাসিস্ট্যান্ট ‘জেমিনাই’

আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য ধীরে ধীরে এই ফিচার আসবে। ভবিষ্যতে এটি অ্যান্ড্রয়েড অটোতেও আসছে।

গুগল ম্যাপে আসছে এআই অ্যাসিস্ট্যান্ট ‘জেমিনাই’
পুরোনো গুগল অ্যাসিস্ট্যান্টয়ের জায়গা নিচ্ছে জেমিনাই। ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 05:33 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

গুগল এবার তাদের জনপ্রিয় ন্যাভিগেশন অ্যাপ গুগল ম্যাপে আনছে এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনাই। এটি কোনোরকম হাতের ব্যবহার ছাড়াই আরও কথোপকথনমূলকভাবে ব্যবহার করা যাবে। 

কোম্পানিটি ধীরে ধীরে তাদের পুরোনো গুগল অ্যাসিস্ট্যান্টয়ের জায়গায় জেমিনাইকে আনছে। এবার ম্যাপেও সেটি যুক্ত হচ্ছে।

এই নতুন ফিচার চালু হলে ব্যবহারকারীরা সাধারণ কথার মতোই প্রশ্ন করে ন্যাভিগেট করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট। যেমন, ব্যবহারকারী বলতে পারেন ‘আমার রুটের কয়েক মাইলের মধ্যে কি বাজেট-ফ্রেন্ডলি জাপানি রেস্টুরেন্ট আছে?’

জেমিনাই উত্তর দেওয়ার পর আবার জিজ্ঞেস করতে পারবেন ‘ওখানে পার্কিং আছে?’, ‘কোন খাবারটা বেশি জনপ্রিয়?’ ইত্যাদি। আর যখন ঠিক করবেন কোথায় যাবেন, তখন শুধু বললেই হবে, ‘ওকে, লেটস গো দেয়ার’। সঙ্গে সঙ্গে সেই জায়গার দিকনির্দেশনা চালু হয়ে যাবে।

জেমিনাইকে শুধু দিকনির্দেশনা দিতেই নয়, আরও নানা কাজেও ব্যবহার করা যাবে। চাইলে গুগল ক্যালেন্ডারের সঙ্গে সংযোগ করিয়ে বলতে পারবেন, ‘কাল বিকেলে একটা মিটিং যোগ করো’ আর জেমিনাই তা করে দেবে কোনো অ্যাপ ছাড়াই। একইভাবে, রাস্তায় দুর্ঘটনা বা জলাবদ্ধতা দেখলে কেবল বললেই হবে, ‘সামনে জলাবদ্ধতা আছে’ বা ‘আমি একটি দুর্ঘটনা দেখেছি’। সঙ্গে সঙ্গে তথ্যটি ম্যাপে চলে যাবে।

গুগল বলছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য সব অঞ্চলে ধীরে ধীরে এই ফিচার আসবে। ভবিষ্যতে এটি অ্যান্ড্রয়েড অটোতেও আসছে।

শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে ম্যাপের ব্যবহার আরও সহজ করতে যুক্ত হচ্ছে নতুন কিছু এআই ফিচার। এখন থেকে ম্যাপ দিকনির্দেশনা দেবে চেনা চিহ্ন বা ল্যান্ডমার্ক অনুযায়ী। যেমন আগে বলা হতো,  ‘৫০০ ফিট পরে বাম দিকে যাবে’ এখন জেমিনাই বলবে, ‘থাই সিয়াম রেস্টুরেন্ট পার হওয়ার পর বামে যাবে’ ম্যাপে সেই ল্যান্ডমার্কও হাইলাইট হয়ে থাকবে।

এ ছাড়া, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন থেকে রাস্তায় যানজট বা দুর্ঘটনার মতো ব্যাঘাতের বিষয়ে আগাম নোটিফিকেশন পাবেন। এমনকি তারা ন্যাভিগেশন চালু ন রাখলেও পাবেন।

আরও একটি আকর্ষণীয় সংযোজন হচ্ছে লেন্স ফিচার। এটি এই মাসের শেষ দিকে আসতে চলেছে। এতে ম্যাপের সার্চ বারে থাকা ক্যামেরা আইকনে ট্যাপ করে কোনো দোকান বা স্থাপনা লক্ষ্য করে শুধু জিজ্ঞেস করলেই হবে, ‘এটা কোন জায়গা এবং কেন বিখ্যাত?’ আর জেমিনাই জানিয়ে দেবে সেই জায়গার তথ্য ও জনপ্রিয়তার কারণ।