সিইএস ২০২৬: এলজি আনছে ক্যানভাস স্টাইলের ‘আর্ট টিভি’
টিভিতে থাকা ‘গ্যালারি মোড’ স্ক্রিনের উজ্জ্বলতা ও রংকে এমনভাবে অপ্টিমাইজ করবে, যাতে স্ক্রিনে দেখানো শিল্পকর্মের প্রতিটি সূক্ষ্ম বুনন জীবন্ত হয়ে ওঠে।
বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি মেলা সিইএস ২০২৬-এর প্রদর্শনীতে ক্যানভাস স্টাইলের আর্ট টিভি উন্মোচন করবে দক্ষিণ কোরিয়ার বহুজাতিক কোম্পানি এলজি।
‘এলজি গ্যালারি টিভি’ নামের নতুন এ মডেলটি ৫৫ইঞ্চি ও ৬৫ইঞ্চি উভয় আকারেই পাওয়া যাবে। এ টিভিতে দেয়ালের সঙ্গে মিশে থাকে এমন নকশা ও পছন্দমতো পরিবর্তনযোগ্য ম্যাগনেটিক ফ্রেম ব্যবহার করেছে কোম্পানিটি।
গ্যালারি টিভিতে ‘মিনি এলইডি’ ডিসপ্লে ও কোম্পানির তৈরি ‘আলফা ৭ এআই’ প্রসেসর ব্যবহার করেছে এলজি, যা ফোরকে রেজোলিউশন সাপোর্ট করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
নতুন মডেলটিতে ‘এলজি গ্যালারি প্লাস’ সার্ভিস ব্যবহারের সুবিধাও থাকবে। এই পেইড সাবস্ক্রিপশন সেবাটিতে সাড়ে চার হাজারেও বেশি শিল্পকর্মের সংগ্রহ রয়েছে, যা টিভিতে দেখতে পারবেন ব্যবহারকারীরা।
এ ছাড়া, জেনারেটিভ এআই ব্যবহার করে নিজেদের পছন্দমতো ছবি তৈরি বা ব্যক্তিগত ফটো লাইব্রেরি থেকে ছবিও দেখা যাবে।
এলজি বলেছে, নতুন টিভিটি সরাসরি মিউজিয়াম কিউরেটরদের সহযোগিতায় তৈরি করেছে কোম্পানিটি। এতে থাকা ‘গ্যালারি মোড’ নামের বিশেষ মোড টিভির উজ্জ্বলতা ও রংকে এমনভাবে অপ্টিমাইজ করবে, যাতে স্ক্রিনে দেখানো শিল্পকর্মের প্রতিটি সূক্ষ্ম বুনন জীবন্ত হয়ে ওঠে।
টিভির স্ক্রিনটি এমনভাবে তৈরি, যা প্রতিফলন ও তীব্র আলোর গ্লেয়ার কমাতে সাহায্য করবে। তবে এ বিষয়ে বিস্তারিত কারিগরি তথ্য এখনও প্রকাশ করেনি এলজি।
এ ছাড়া, সারাদিনের আলোর পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে টিভিটি স্বয়ংক্রিয়ভাবে ছবির সেটিং পরিবর্তন করে নেবে, যাতে সব সময় সেরা মানের ছবি দেখা যায়।
কোম্পানিটি এবারই যে প্রথমবারের মতো শিল্পকর্মের অভিজ্ঞতা টিভিতে জুড়ে দিয়েছে এমন নয়।
এর আগে, ২০২০ সালে ‘এলজি জিএক্স গ্যালারি’ নামে অতি-পাতলা ওএলইডি টিভি মডেল বাজারে এনেছিল এলজি।
অতীতেও দেয়ালের সঙ্গে মিশে থাকে এমন বেশ কিছু ‘গ্যালারি ডিজাইন’ টিভি এনেছে কোম্পানিটি।
তবে ধারণা করা হচ্ছে, স্যামসাংয়ের ‘ফ্রেম’ বা হাইসেন্স-এর ‘ক্যানভাস টিভি’র জন্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে শিল্পকর্ম প্রদর্শনের ফিচারে ঠাসা এই নতুন ‘এলজি গ্যালারি টিভি’।
