১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কোডেক্স অ্যাপে নতুন এআই সঙ্গী ‘পেটস’ যোগ করল ওপেনএআই

নতুন এ ফিচারের ফলে ডেভেলপাররা তাদের বর্তমান অ্যাপ থেকে অন্য কোথাও না গিয়েই কোডেক্স ঠিক কোন ধাপে কাজ করছে তা সরাসরি দেখতে পাবেন।

কোডেক্স অ্যাপে নতুন এআই সঙ্গী ‘পেটস’ যোগ করল ওপেনএআই
এসব অ্যানিমেটেড সঙ্গী ঐচ্ছিক; এরা নিজেরা কোনো কোডিং করে না। ছবি: ওপেনএআই

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2026, 03:26 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

কোডিংকে আরও প্রাণবন্ত ও সহজ করতে নিজেদের কোডেক্স অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইওয়ালা নতুন সুবিধা যোগ করেছে ওপেনএআই।

নতুন সুবিধায় ‘পেটস’ নামের এসব অ্যানিমেটেড সঙ্গী ডেভেলপারদের কাজের অগ্রগতি জানানো এবং নোটিফিকেশন দেওয়ার মাধ্যমে কোডিংয়ের অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

এসব অ্যানিমেটেড সঙ্গী ঐচ্ছিক; এরা নিজেরা কোনো কোডিং করে না। তবে স্ক্রিনের ওপর ভাসমান লেয়ার হিসেবে থাকে। এরা ব্যবহারকারীকে জানাতে পারে কোডেক্স বর্তমানে কী কাজ করছে, কোনো কাজ শেষ হলে তাকে নোটিফিকেশন দেবে বা কোনো ইনপুট বা তথ্যের প্রয়োজন হলে সংকেত পাঠাবে।

নতুন এ ফিচারের ফলে ডেভেলপাররা তাদের বর্তমান অ্যাপ থেকে অন্য কোথাও না গিয়েই কোডেক্স ঠিক কোন ধাপে কাজ করছে তা সরাসরি দেখতে পাবেন।

ব্যবহারকারীরা এ সঙ্গী বা ‘পেট’কে ডাকতে বা সরিয়ে দিতে কোডেক্স অ্যাপে ‘পেট’ লিখে টাইপ করতে পারেন। অ্যাপটিতে আগে থেকে তৈরি করা আটটি ভিন্ন ধরনের পেট রয়েছে।

তবে কেউ চাইলে ‘হ্যাচ’ কমান্ড ব্যবহার করে এআইয়ের সাহায্যে নিজের পছন্দমতো পেট, যেমন কিউট গবলিন তৈরি করে নিতে পারেন।

শুরুর দিকে ব্যবহারকারীরা অনেকগুলো অপশন আপলোড করেছেন, সেখানে মাইক্রোসফট ‘ক্লিপি’র কিছু সংস্করণও পাওয়া যাচ্ছে।

এসব পেট ‘কোডেক্স’ এর উইন্ডোজ ও ম্যাকওএস উভয় সংস্করণেই পাওয়া যাচ্ছে। এ ছাড়া, বিশেষ অফার হিসেবে ওপেনএআই তাদের প্রিয় ১০টি পেট নির্মাতাকে উপহার হিসেবে ৩০ দিনের জন্য চ্যাটজিপিটি প্রো সাবস্ক্রিপশন দিচ্ছে।