২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মোট জনবলের এক চতুর্থাংশই ছাঁটাই করছে ইনটেল

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কম্পিউটিংয়ে এনভিডিয়া’র মতো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছে কোম্পানিটি।

মোট জনবলের এক চতুর্থাংশই ছাঁটাই করছে ইনটেল
মাত্র ৭৫ হাজার কর্মী নিয়ে চলানোর ঘোষণা দিয়েছেন ইনটেল সিইও। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2025, 02:48 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

গত এপ্রিলে প্রযুক্তি জায়ান্ট ইনটেল এমনভাবে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় যেন এটি কোনো ছাঁটাই নয়। তখন ইনটেলের মুখপাত্র সোফি মেটজগার বলেছিলেন, “আমরা কোনো নির্দিষ্ট জনবল কমানোর লক্ষ্য নির্ধারণ করিনি”। 

তবে এরপর থেকেই কোম্পানিটি হাজার হাজার কর্মী ছাঁটাই করে চলছে। কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের আয়ের প্রতিবেদনে স্বীকার করেছে যে এই ছাঁটাইয়ের কারণে ইনটেলে জনশক্তি নাটকীয়ভাবে কমে আসবে। 

কোম্পানিটি চলতি বছরের শেষ নাগাদ ‘কোর এমপ্লয়ি’ হিসেবে মাত্র ৭৫ হাজার কর্মী নিয়ে চলবে বলে ঘোষণা দিয়েছে।

গত বছরের শেষে ইনটেলে এক লাখ নয় হাজার ৮০০ জন কর্মী ছিল যার মধ্যে ৯৯ হাজার ৫০০ জন ছিল তাদের ‘কোর এমপ্লয়ি’ বা মূল কর্মী। আর, এ বছর কোম্পানিটি প্রায় ২৪ হাজার জনকে ছাঁটাই করছে যা জনশক্তির দিক দিয়ে এর আকার প্রায় এক-চতুর্থাংশ কমিয়ে দিয়েছে।

বিশাল এ ছাঁটাই ইনটেলের নতুন সিইও লিপ বু ট্যান প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে কতটা কাটছাঁট করতে প্রস্তুত সেদিকে ইঙ্গিত দেয়, বিশেষ করে বছরের পর বছর ধরে চলা অভ্যন্তরীন বিভিন্ন ঝামেলা এবং এআই উদ্ভাবনের দৌড়ে পিছিয়ে থাকার পর।

২০২৫ সালের জুনের শেষ দিকে, ইনটেল তাদের স্বয়ংক্রিয় চিপ তৈরির ইউনিট বন্ধ করে দেয় এবং ঘোষণা করে, তারা সিলিকন ফ্যাক্টরি বিভাগের প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে। এরপর জুলাই মাসে তারা রিয়ালসেন্স কম্পিউটার ভিশন ব্যবসা আলাদা করে দেয়। 

কোম্পানির আয় সংক্রান্ত সভায় ইনটেলের সিইও বলেন, “কোম্পানিটি চিপের প্রয়োজনীয় চাহিদা নিশ্চিত হওয়ার আগেই নতুন কারখানায় অতিরিক্ত বিনিয়োগ করেছিল যার ফলে কারখানাগুলো ‘দরকার ছাড়াই খণ্ডিত’ হয়ে পরেছিল। 

“এখন থেকে ইনটেলকে তার উৎপাদন সক্ষমতা ‘বাস্তব লক্ষ্য অর্জনের সঙ্গে তাল মিলিয়ে’ বাড়াতে হবে।”

ট্যান বলেন, “আমি এই বিশ্বাসে বিশ্বাসী না যে ‘পণ্য বানালে, ক্রেতা আপনিই চলে আসবে’। আমার নেতৃত্বে আমরা ঠিক তখনই ঠিক সেই জিনিস তৈরি করব, যখন আমাদের গ্রাহকদের সত্যিই তা প্রয়োজন হবে আর আমরা তাদের বিশ্বাস অর্জন করব।”

কোস্টারিকায় ইনটেল তিন হাজার ৪০০ এর বেশি কর্মী রেখেছে, কোম্পানিটি তাদের অ্যাসেম্বলি ও টেস্ট কার্যক্রম সরিয়ে নিচ্ছে। এই কার্যক্রম এখন ভিয়েতনামের বড় বড় স্থাপনাগুলোতে সরে যাবে। 

তবে প্রযুক্তি বিষক সাইট ভার্জকে ইনটেলের মুখপাত্র মেটজগার বলেছেন, কোস্টারিকায় প্রায় দুই হাজার কর্মী ইঞ্জিনিয়ারিং ও কর্পোরেট দায়িত্বে বহাল থাকবেন।  

২০২৫ সালের মাঝপথ পেরিয়ে এলেও ইনটেলের ছাঁটাইয়ের ধারা থামবে কি না তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে কোম্পানিটি শুক্রবার ঘোষণা করেছে, গত প্রান্তিকে ঘোষণা দেওয়া কর্মী ছাঁটাইয়ের যে পরিকল্পনা ছিল, তার প্রায় ১৫ শতাংশ মূল কর্মীবাহিনী কমানোর লক্ষ্য ইতিমধ্যে বেশিরভাগই সম্পন্ন হয়েছে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট লিখেছে, একসময় বিশ্বজুড়ে প্রধান কম্পিউটার চিপ নির্মাতা হিসেবে পরিচিত এই কোম্পানিটি সাম্প্রতিক বছরগুলোতে প্রতিযোগীদের নিয়ে চাপের মধ্যে রয়েছে। বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কম্পিউটিংয়ে এনভিডিয়া’র মতো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছে কোম্পানিটি।