১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পুরো বাড়ি ‘কভার করবে’ জেবিএলের নতুন সিরিজের স্পিকার

জেবিএল ওয়ান অ্যাপ ও ওয়াই-ফাই প্রযুক্তি ব্যবহার করে এ সিরিজের স্পিকারগুলোকে খুব সহজেই ঘরের প্রতিটি রুমের সঙ্গে যোগ করা সম্ভব।

পুরো বাড়ি ‘কভার করবে’ জেবিএলের নতুন সিরিজের স্পিকার
তিনটি ভিন্ন মডেলে আসা এসব শক্তিশালী স্পিকারে থাকছে ‘এআই সাউন্ড বুস্ট’ ও ডলবি অ্যাটমস প্রযুক্তি। ছবি: জেবিএল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 04:39 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

পার্টি স্পিকার ও ব্লুটুথ ডিভাইসের গণ্ডি পেরিয়ে এবার পুরো বাড়ির জন্য হোম অডিও ব্যবস্থার ওয়াই-ফাই স্পিকার সিরিজ উন্মোচন করেছে আমেরিকান প্রযুক্তি ব্র্যান্ড জেবিএল।

তিনটি ভিন্ন মডেলে আসা শক্তিশালী এসব স্পিকারে থাকছে ‘এআই সাউন্ড বুস্ট’ ও ডলবি অ্যাটমস প্রযুক্তি, যা অ্যাপের মাধ্যমে সংযুক্ত হয়ে পুরো বাড়িজুড়ে নিরবচ্ছিন্ন ও থিয়েটার ধাঁচের অডিও অভিজ্ঞতা দেবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

নতুন ‘হোল-হোম অডিও’ ব্যবস্থার ওয়াই-ফাই স্পিকার সিরিজ ‘কোভ’ উন্মোচন করেছে জেবিএল, যেটিকে কোম্পানিটির অডিও প্রযুক্তির বিকাশে বড় ধরনের বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

জেবিএল ওয়ান অ্যাপ ও ওয়াই-ফাই প্রযুক্তি ব্যবহার করে এ সিরিজের স্পিকারগুলোকে খুব সহজেই ঘরের প্রতিটি রুমের সঙ্গে যুক্ত করা সম্ভব।

জেবিএল বলেছে, বারবার সংযোগ বিচ্ছিন্ন বা কোনো ডিভাইস রিসেট ছাড়াই ‘পুরো বাড়িময়’ নিরবচ্ছিন্ন অডিও অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা।

কোভ সিরিজের এসব স্পিকার ‘জেবিএল বার সিরিজ এমকে২’ সাউন্ডবারের রিয়ার স্পিকার হিসেবেও যোগ করা যাবে, যা ঘরেই দেবে থিয়েটারের মতো অভিজ্ঞতা।

তিনটি ভিন্ন মডেলে বাজারে আসা এসব স্পিকার সিরিজের মধ্যে প্রতিদিনের স্বাভাবিক ব্যবহারের জন্য তৈরি হয়েছে ‘কোভ এম১’।

স্পিকারটিতে রয়েছে তিনটি টুইটার, একটি উফার ও এআইচালিত ‘এআই সাউন্ড বুস্ট’ প্রযুক্তি। মার্কিন বাজারে এর দাম ধরা হয়েছে ২৩০ ডলার।

সিরিজের দ্বিতীয় মডেলটি পোর্টেবল বা বহনযোগ্য ‘কোভ পি১’। ব্যাটারিওয়ালা স্পিকারটি ঘরের যে কোনো প্রান্তে সহজেই নিয়ে যাওয়া সম্ভব। একবার চার্জ দিলে এতে টানা ১৪ ঘণ্টা পর্যন্ত গান শোনা যাবে।

ডলবি অ্যাটমস প্রযুক্তিওয়ালা এ মডেলটির দাম ৪০০ ডলার।

এ সিরিজের সবচেয়ে শক্তিশালী ও প্রিমিয়াম স্পিকার ‘কোভ এক্স১’। পুরো ঘর কাঁপানো অডিও অভিজ্ঞতার জন্য এতে ব্যবহৃত হয়েছে চারটি টুইটার ও দুটি উফার।

উন্নত শব্দ ব্যবস্থার জন্য এ স্পিকারেও রয়েছে ডলবি অ্যাটমস প্রযুক্তি। এর দাম ৪৫০ ডলার। কালো ও সাদা রঙে কোভ সিরিজের তিনটি স্পিকারই আগামী ১৩ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে।

গ্রাহকরা চাইলে নিজেদের প্রয়োজন অনুসারে একটি করে স্পিকার কিনে পরবর্তীতে সংযোগ বাড়িয়ে আস্ত এক হোম থিয়েটার সেটআপও তৈরি করতে পারবেন।