Published : 22 Aug 2025, 06:14 PM
পারমাণবিক শক্তির দিকে ক্রমাগত আগ্রহ বাড়ছে বড় বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানির। এরই ধারাবাহিকতায় নিজেদের প্রথম পারমাণবিক চুল্লির জায়গা ঘোষণা করেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল।
২০২৪ সালে স্টার্টআপ ‘কাইরোস পাওয়ার’-এর সঙ্গে করা এক চুক্তির অংশ হিসেবে চুল্লিটি নির্মিত হবে যুক্তরাষ্ট্রের টেনেসির ওক রিজে। ‘হার্মিস ২’ নামের এ চুল্লিটি গুগলকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। গুগল এ বিদ্যুৎ ‘টেনেসি ভ্যালি অথরিটি’ বা টিভিএ নামে সংস্থার সঙ্গে তাদের দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে কিনবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
ওক রিজে স্থাপিত এ চুল্লিটি গুগলের ৫০০ মেগাওয়াট সক্ষমতার বড় এক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ধাপ, যেখানে একাধিক ছোট পারমাণবিক চুল্লি নির্মিত হবে। এ প্রকল্পের অংশ হিসেবে ‘হার্মিস ২’ চুল্লিটি তৈরি হচ্ছে, যা চালুর কথা রয়েছে ২০৩০ সালে।
এসব চুল্লি থেকে বিদ্যুৎ পাবে টেনেসির মন্টগোমারি কাউন্টি ও অ্যালাবামার জ্যাকসন কাউন্টিতে অবস্থিত গুগলের বিভিন্ন ডেটা সেন্টার।
এক বিবৃতিতে টিভিএ-এর সিইও ডন মুল বলেছেন, “পারমাণবিক শক্তি হচ্ছে ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তার মূলভিত্তি। গুগল এগিয়ে এসে প্রথমবারের মতো এমন পারমাণবিক প্রকল্পগুলোর খরচ ও ঝুঁকি ভাগ করে নেওয়ায় কেবল গুগলই এর সমাধান পাচ্ছে না, বরং গ্রাহকদেরও অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে না।”
ধারণা করা হচ্ছে, ‘কাইরোস পাওয়ার’-এর সঙ্গে করা গুগলের চুক্তিটি ২০৩৫ সালের মধ্যে সম্পূর্ণ ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণ করবে।
এ চুক্তিটি হচ্ছে ছোট মডিউলার পারমাণবিক চুল্লি থেকে কর্পোরেট পর্যায়ে প্রথমবারের মতো বিদ্যুৎ কেনার চুক্তি, যা প্রযুক্তি ও জ্বালানির দুনিয়ায় নতুন এক দিক উন্মোচন করেছে।
তবে চুক্তির আর্থিক বিবরণ এখনও প্রকাশ করেনি কাইরোস পাওয়ার, টিভিএ ও গুগল কেউই।