Published : 11 Aug 2026, 03:22 PM
নতুন কনটেন্ট নির্মাতাদের বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয় করার যোগ্যতা অর্জনে শর্ত বাড়াচ্ছে ইউটিউব। নতুন নিয়ম কার্যকর হবে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে।
ইউটিউব ব্লগে প্রকাশিত এক পোস্টে যদিও কোম্পানিটি বলেছে, প্ল্যাটফর্মের নির্মাতা অর্থনীতি বড় হওয়ার সঙ্গে সক্রিয় নির্মাতাদের “আরও কার্যকরভাবে পুরস্কৃত করতেই” এই পরিবর্তন আনা হচ্ছে, আদতে এতে অর্থোপার্জন কঠিনই হচ্ছে নির্মাতাদের জন্য।
নতুন নিয়ম শুধু বিজ্ঞাপন ও ইউটিউব প্রিমিয়াম থেকে রাজস্ব ভাগাভাগি করতে আগ্রহী নির্মাতাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইউটিউব পার্টনার প্রোগ্রামে এরইমধ্যে থাকা চ্যানেলগুলো এতে প্রভাবিত হবে না।
পার্টনার প্রোগ্রামে যোগ দেওয়ার ক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবারের শর্ত অপরিবর্তিত থাকছে। তবে দীর্ঘ ভিডিওর ক্ষেত্রে গত ১২ মাসে প্রকাশ্য ওয়াচটাইমের প্রয়োজনীয়তা ৪ হাজার ঘণ্টা থেকে বাড়িয়ে ৮ হাজার ঘণ্টা করা হচ্ছে।
শর্টসের ক্ষেত্রে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে অর্থ আয়ের জন্য যোগ্য হতে গত ৯০ দিনে ১ কোটি ‘যোগ্য ভিউ’ থাকতে হবে।
কোনো চ্যানেল এই সীমার নিচে নেমে গেলেও সেটি ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে বাদ পড়বে না। চ্যানেলটি দীর্ঘ ভিডিও থেকে আয় চালিয়ে যেতে পারবে। পরে আবার ১ কোটি ভিউ অতিক্রম করলে শর্টস থেকে রাজস্ব ভাগাভাগিও স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।
বিজ্ঞাপনের বাইরে নির্মাতাদের আয়ের আরও সুযোগ তৈরির পরিকল্পনাও জানিয়েছে ইউটিউব। এর মধ্যে ইউটিউব শপিংয়ের সঙ্গে যুক্ত বোনাস, ব্র্যান্ডের সঙ্গে চুক্তির জন্য প্রণোদনা এবং প্ল্যাটফর্মে নতুন ট্রেন্ড শুরু ও জনপ্রিয় করা নির্মাতাদের বাড়তি আয়ের সুযোগ থাকবে। এসব বিষয়ে বিস্তারিত পরে জানানোর কথা বলেছে গুগল মালিকানাধীন স্ট্রিমিং সাইটটি।
পার্টনার প্রোগ্রামে এখন ৩০ লাখের বেশি নির্মাতা রয়েছেন বলে উল্লেখ করেছে ইউটিউব। ২০২৭ সালে ২০২৬ সালের চেয়েও বেশি অর্থ নির্মাতাদের দেওয়ার প্রত্যাশা করছে কোম্পানিটি।
এদিকে ইউটিউব প্রিমিয়াম চালু থাকা সব দেশে প্রিমিয়াম লাইটও আসছে। এই সেবার সাবস্ক্রিপশন থেকে সদস্যদের দেখার সময় ও ভিউয়ের ভিত্তিতে নির্মাতারা আয়ের অংশ পাবেন।
ইউটিউবের হিসাবে, প্রিমিয়ামের নিট সাবস্ক্রিপশন আয়ের ৩০ শতাংশ এবং প্রিমিয়াম লাইটের ৬০ শতাংশ নির্মাতাদের রাজস্ব তহবিলে বরাদ্দ করা হবে। এরপর নির্মাতারা দীর্ঘ ভিডিওর ক্ষেত্রে ৫৫ শতাংশ এবং শর্টসের ক্ষেত্রে ৪৫ শতাংশ রাজস্বের অংশ পাবেন।
ইউটিউব বলছে, প্ল্যাটফর্মটিতে প্রতিদিন শর্টসের ভিউ ২০ হাজার কোটির বেশি এবং টেলিভিশন পর্দায় প্রতিদিন ভিডিও দেখার সময় ১০০ কোটি ঘণ্টার বেশি।