১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এয়ারবিএনবি’তে বাসা নিয়ে গোপনে রোবট পরীক্ষা ও ভাঙচুর, মামলা

অনুমতি ছাড়াই তারা ‘বাণিজ্যিক গবেষণা ও উন্নয়ন কার্যক্রম চালিয়েছে। এরা রোবোটিক প্রোটোটাইপ পরীক্ষা করেছে, বাণিজ্যিক উদ্দেশ্যে চিত্রধারণও করেছে’।

এয়ারবিএনবি’তে বাসা নিয়ে গোপনে রোবট পরীক্ষা ও ভাঙচুর, মামলা
বুকিংকারীরা নিজেদের থাইল্যান্ডের রিমোট কর্মী বলে দাবি করেছিল। ছবি: উইকিমিডিয়া কমনস

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 11:42 AM

Updated : 11 Sep 2026, 03:19 PM

ঘরের কাজে রোবট পরীক্ষার বাহানায় ভাড়ায় নেওয়া বাড়ি লণ্ডভণ্ড করার অভিযোগে শত কোটি ডলারের এক রোবোটিক্স স্টার্টআপের বিরুদ্ধে মামলা করেছেন একজন এয়ারবিএনবি হোস্ট।

‘থাইল্যান্ডের রিমোট ওয়ার্কার’ সেজে মিথ্যা অজুহাতে বাড়িটি ভাড়া নিয়ে সেখানে অনুমতি ছাড়াই রোবটের বাণিজ্যিক ট্রায়াল ও ভাঙচুর চালানো হয় বলে মামলায় দাবি করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, স্যান ফ্রান্সিসকোর এক এয়ারবিএনবি’র ফ্ল্যাটে গোপনে রোবটের প্রোটোটাইপ পরীক্ষার পর পুরো বাড়িটি লন্ডভন্ড করে রেখে যাওয়ার অভিযোগে ‘বট কোম্পানি’ নামের রোবোটিক্স স্টার্টআপটির বিরুদ্ধে মামলা করা হয়।

বাড়ির মালিক শন ডনোভান স্যান ফ্রান্সিসকো কাউন্টি সুপিরিয়র কোর্টে দায়ের করা এ মামলায় ১২ হাজার ডলারেরও বেশি ক্ষতিপূরণ দাবি করেছেন।

মামলার অভিযোগ অনুসারে, গত বছর ২০০ কোটি ডলার মূল্যের তকমা পাওয়া এ কোম্পানিটি এপ্রিলে দুই সপ্তাহের জন্য ‘মিথ্যা অজুহাত’ দেখিয়ে বাড়িটি ভাড়া নিয়েছিল। বুকিংয়ের সময় তারা থাইল্যান্ড থেকে আসা রিমোট ওয়ার্কার বলে পরিচয় দিয়েছে।

বাস্তবে তারা সেখানে মালিকের অনুমতি ছাড়াই ‘বাণিজ্যিক গবেষণা ও উন্নয়ন কার্যক্রম চালিয়েছে, যার মধ্যে রোবোটিক প্রোটোটাইপ পরীক্ষা ও বাণিজ্যিক উদ্দেশ্যে ভিডিও বা চিত্রধারণের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে’।

মামলার নথিতে উঠে এসেছে, ভাড়ার মেয়াদে কোনো অনুমতি ছাড়াই ‘৩০ জনেরও বেশি ব্যক্তি ওই বাড়িতে প্রবেশ করেছিলেন’। আর কোম্পানিটির কারণে ভাড়া বাসাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার মধ্যে রয়েছে দেয়ালের রং ও মেঝের ক্ষতি, আসবাবপত্র ও গৃহস্থালি যন্ত্রপাতির ক্ষতি, মালিকের ব্যক্তিগত জিনিসপত্র হারিয়ে যাওয়া এবং তালাবদ্ধ ক্লোজেট বা আলমারিতে অননুমোদিত প্রবেশ।

এ বিষয়ে ইন্ডিপেনডেন্টের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ‘বট কোম্পানি’।

বাড়ির মালিক শন ডোনোভান বলেছেন, বুকিংকারীরা নিজেদের থাইল্যান্ডের রিমোট কর্মী বলে দাবি করেছিল।

“হোস্ট বা বাড়ির মালিকেরা সাধারণত রিভিউ বা রেটিংয়ের ক্ষেত্রে শূন্য বা কোনো রেকর্ড না থাকার বিষয়ে বেশ সতর্ক থাকেন। তবে সবাইকে তো কোনো না কোনো স্থান থেকেই শুরু করতে হয়।”

ডনোভান বলেছেন, পোরটোলা এলাকায় অবস্থিত তার চার বেডরুমের বাড়িটিতে যখন তিনি অতিথিদের ময়লা সংগ্রহ করতে যান তখনই বুঝতে পেরেছিলেন, কিছু একটা গড়বড় চলছে।

তিনি দেখতে পান, বাড়ির ভেতর একগুচ্ছ বৈদ্যুতিক তার ঢোকানো হয়েছে এবং সেখানে এক ব্যক্তি ল্যাপটপে টাইপ করছেন, যার পাশে একটি যন্ত্র রাখা ছিল। ডনোভান সেই যন্ত্রটিকে ‘স্টার ট্রেক’ সায়েন্স ফিকশনের সাইবর্গ বা রোবট মানবের সঙ্গে তুলনা করেছেন।

ডনোভানের অভিযোগ, তার ডিশওয়াশার, রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিনে আঁচড় বা স্ক্র্যাচ ফেলা এবং ডিশওয়াশারের তাকগুলো বাঁকিয়ে ফেলা হয়েছে।

বাড়ির মালিকের যুক্তি, স্টার্টআপটি চাইলে বাণিজ্যিক চিত্রধারণ বা কর্মক্ষেত্রের কোনো অনুষ্ঠানের জন্য বৈধ উপায়ে বাড়িটি ভাড়া নিতে পারত, যার জন্য তিনি সাধারণত প্রতি ঘণ্টায় ২০০ থেকে ৩০০ ডলার চার্জ করে থাকেন। তবে তারা সেই সহজ সুযোগটি এড়িয়ে গেছে।

‘বট কোম্পানি’র মূল লক্ষ্য, এমন রোবট তৈরি করা যা ঘরের দৈনন্দিন কাজে সাহায্য করবে।

কোম্পানিটির নেতৃত্বে রয়েছেন কাইল ভগ্ট, যিনি এর আগে রোবোট্যাক্সি কোম্পানি ‘ক্রুজ’ প্রতিষ্ঠা করেছিলেন। এক সময় ক্রুজ’কে ওয়েইমো’র প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করা হত।

তবে স্যান ফ্রান্সিসকোতে একের পর এক সমস্যার কারণে কোম্পানিটি সাময়িকভাবে ক্যালিফোর্নিয়াতে তাদের কার্যক্রম চালানোর অনুমতি হারায়।

‘স্যান ফ্রান্সিসকো স্ট্যান্ডার্ড’-এর বিশ্লেষণ অনুসারে, এ ভাড়াটেদের বিষয়ে অন্তত আরও ১২ জন এয়ারবিএনবি হোস্ট বা বাড়ির মালিক বাজে রিভিউ দিয়েছেন।