১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এআইনির্ভর সমাধানে ‘যেতে চায়’ দেশের আইএসপি খাত

“এআই আমাদের অ্যাডাপ্ট করতেই হবে। তা না হলে আমরা সেবানির্ভর এই আইএসপি ব্যবসাকে পরবর্তী ধাপে নিতে পারব না।”

এআইনির্ভর সমাধানে ‘যেতে চায়’ দেশের আইএসপি খাত
টেকসই অগ্রগতির জন্য ব্যবসায়ীদের দ্রুত এআই প্রযুক্তিতে রূপান্তরের আহ্বান জানিয়েছে প্লেক্সাস ক্লাউড। ছবি:

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2026, 12:55 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

আইএসপি খাতের পরিচালন কার্যক্রম সহজ, দ্রুত ও স্বয়ংক্রিয় করতে চান দেশের আইএসপি খাতের শীর্ষ নেতৃবৃন্দ। আর এ লক্ষ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন সফটওয়্যারের উন্মোচন হয়েছে এরইমধ্যে।

ইন্টারনেট সেবাদাতা কোম্পানিগুলোর পরিচালনা কার্যক্রম স্বয়ংক্রিয় করতেই এআইভিত্তিক নতুন ‘আইএসপি ইআরপি সফটওয়্যার’ নামের সফটওয়্যার উন্মোচন করল প্লেক্সাস ক্লাউড লিমিটেড নামের তথ্যপ্রযুক্তিভিত্তিক কোম্পানি।

সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ নতুন সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়, যেখানে টেকসই অগ্রগতির জন্য ব্যবসায়ীদের দ্রুত এআই প্রযুক্তিতে রূপান্তরের আহ্বান করেছে নির্মাতা প্লেক্সাস ক্লাউড।

কোম্পানিটি বলেছে, তাদের নতুন এআইভিত্তিক ইআরপি সফটওয়্যারটি আইএসপি কোম্পানিগুলোর বিলিং, গ্রাহক ব্যবস্থাপনা, নেটওয়ার্ক পরিচালনা, হিসাবরক্ষণ, বিটিআরসি কমপ্লায়েন্স ও বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম কেবল একটি প্ল্যাটফর্মে পরিচালনার সুবিধা দেবে।

এর মাধ্যমে আইএসপিগুলো আরও উন্নত গ্রাহকসেবা প্রদান, নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করা এবং দ্রুতগতির ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা দিতে পারবে। এআইয়ের সমন্বয়ে তৈরি প্ল্যাটফর্মটি আইএসপিগুলোর কার্যক্রমকে আরও স্বয়ংক্রিয় ও গ্রাহককেন্দ্রিক করে তুলবে বলে ও দাবি কোম্পানিটির।

গ্রাহকসেবার মান সহজ করতে এ প্ল্যাটফর্মের সঙ্গে যোগ রয়েছে ‘ইন্টারনেট ইউজার অ্যাপ’, যার মাধ্যমে গ্রাহকরা তাদের সংযোগের তথ্য জানা, বিল পরিশোধ, সেবা-সংক্রান্ত আপডেট ও প্রয়োজনীয় অন্যান্য সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন।

এ ছাড়া আইএসপিগুলোর ট্রান্সমিশন কার্যক্রমকে গতিশীল ও নির্ভুল করতে রয়েছে ‘ট্রান্সমিশন অ্যাপ’, যা নেটওয়ার্ক পরিচালনা, রিয়াল-টাইম মনিটরিং এবং অপারেশনাল কাজগুলো আরও দ্রুত সম্পন্ন করতে সহায়তা করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ’ বা আইএসপিএবি’র সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, দেশের ইন্টারনেট খাতের টেকসই উন্নয়নে আধুনিক সফটওয়্যার ও অটোমেশনভিত্তিক সমাধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

“এআই আমাদের অ্যাডাপ্ট করতেই হবে। তা না হলে আমরা সেবানির্ভর এই আইএসপি ব্যবসাকে পরবর্তী ধাপে নিতে পারব না।”

অনুষ্ঠানে এআইবিষয়ক লেখক রাকিবুল হাসান বলেছেন, এআইয়ের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে মানসম্মত ও পর্যাপ্ত ডেটা প্রয়োজন হয়। প্লেক্সাস ক্লাউডের কাছে সেই প্রয়োজনীয় ডেটা থাকায় তারা এআই ব্যবহার করে গ্রাহকদের জন্য আরও কার্যকর সেবা দিতে সক্ষম হচ্ছে।

অনুষ্ঠানে আইএসপিএবির সাবেক সভাপতি ইমদাদুল হকসহ সরকারের আইসিটি বিভাগের ইডিসি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট দেশের ৩৬টি আইএসপি প্রতিষ্ঠানের বেশিরভাগ প্রতিনিধি উপস্থিত ছিলেন।