১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হোয়াটসঅ্যাপে লাইভ ফটো, এআই চালিত ভিডিও কল ব্যাকগ্রাউন্ড

নতুন আপডেটের মাধ্যমে এখন থেকে লাইভ ফটো আসল ফরম্যাটে গতি ও শব্দসহ শেয়ার করা যাবে কোনো সীমাবদ্ধতা ছাড়াই।

হোয়াটসঅ্যাপে লাইভ ফটো, এআই চালিত ভিডিও কল ব্যাকগ্রাউন্ড
আইওএস ও অ্যান্ড্রয়েডে সব ব্যবহারকারীই এই ফিচারটি পাচ্ছেন। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2025, 03:58 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

কয়েক মাসের সীমিত বেটা টেস্টিং শেষে হোয়াটসঅ্যাপ অবশেষে আইওএস ডিভাইসে লাইভ ফটো শেয়ার করার সুবিধা চালু করেছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও একই ফিচারটি পাবেন ‘মোশন ফটোস’ নামে।

আইওএস-এর লাইভ ফটো একটি ছবি তোলার আগে ও পরে দেড় সেকেন্ডের মুহূর্ত রেকর্ড করে, যাতে ব্যবহারকারীরা চাইলে ফটো এডিট করতে পারেন, অন্য ফ্রেম বেছে নিতে পারেন বা মজার কোনো ইফেক্ট যোগ করতে পারেন। 

প্রযুক্তি সাইট নিওউইন লিখেছে, গুগলের অ্যান্ড্রয়েড মোশন ফটোও একইভাবে কাজ করে। এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে লাইভ ফটো শুধু স্থিরচিত্র বা নিম্নমানের জিআইএফ আকারে পাঠানো যেত, তাও আবার কোনো শব্দ ছাড়া। তবে নতুন আপডেটের মাধ্যমে এখন থেকে লাইভ ফটো আসল ফরম্যাটে গতি ও শব্দসহ শেয়ার করা যাবে কোনো সীমাবদ্ধতা ছাড়াই।

যখন কোনো লাইভ ফটো হোয়াটসঅ্যাপে পাঠানো হবে ছবির ভিউয়ারে একটি লাইভ ফটো আইকন দেখা যাবে। ব্যবহারকারী চাইলে সেটি ট্যাপ করে লাইভ ইফেক্ট চালু বা বন্ধ করতে পারবেন। 

মজার বিষয় হলো, আইফোন থেকে শেয়ার করা কোনো লাইভ ফটো অ্যান্ড্রয়েডে মোশন ফটো হিসেবে পৌঁছাবে। এতে দুই প্ল্যাটফর্মের মধ্যে সমন্বয় নিশ্চিত হবে।

এ ছাড়া হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে এআই-চালিত ভিডিও কল ব্যাকগ্রাউন্ড। এটি তৈরি হয়েছে মেটা এআই প্রযুক্তি ব্যবহার করে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও কলে নিজেদের প্রিয় জায়গায় বসে থাকার মতো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন বা সরাসরি চ্যাটিংয়ে ছবি ও ভিডিওর জন্য নতুন এআই ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন।

নতুন সংযোজনটি হোয়াটসঅ্যাপের আগের ভিডিও কল ফিল্টার ও এআর ইফেক্টের ওপর ভিত্তি করে তৈরি। ইফেক্টটিতে আগে ১০টি ফিল্টার, ১০টি ব্যাকগ্রাউন্ড, ‘টাচ আপ’ ও ‘লো লাইট’ অপশন ছিল।

সম্প্রতি ওয়াটসঅ্যাপ আরও কিছু এআই ভিত্তিক ফিচার চালু করেছে। এর মধ্যে রয়েছে- মেসেজ অনুবাদ করার সুবিধা। এটি এরইমধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএসে চালু হয়েছে। পাশাপাশি গ্রুপ কলের অভিজ্ঞতাও সহজ করা হয়েছে। অডিও ও ভিডিও কলের বাটন একসঙ্গে করে এখন একই মেনুতে আনা হয়েছে।