Published : 15 Jan 2026, 02:51 PM
কয়েক মাস ধরেই কিছু নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে শুরু করেছে ইনস্টাগ্রাম, যার মাধ্যমে রিলস অ্যালগরিদমে কোন ধরনের বিষয় দেখতে চান তা নিজেই ঠিক করে নিতে পারবেন ব্যবহারকারী।
বর্তমানে এ সুবিধাটি বিশ্বজুড়ে ইংরেজিভাষী সকল ব্যবহারকারীর জন্য খুলে দিচ্ছে মেটা। পাশাপাশি ব্যবহারকারীরা এখন আগামী বছরের জন্য নিজেদের পছন্দের সেরা বিভিন্ন বিষয়কেও আলাদাভাবে চিহ্নিত করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
এ ফিচারের আওতায় শুরুতেই ব্যবহারকারীর সাম্প্রতিক কার্যকলাপের ওপর ভিত্তি করে কিছু বিষয় বা টপিক নির্বাচন করে দেবে মেটা’র এআই, যা আপনার পছন্দ হওয়ার কথা। তবে এর নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর কাছেই।
ব্যবহারকারী চাইলে সেখান থেকে কোনো বিষয় বাদ দিতে পারবেন বা নিজের পছন্দের নতুন কোনো ক্যাটেগরি যোগ করতে পারবেন। এ ছাড়া, ব্যবহারকারী কী ধরনের ভিডিও কম দেখতে চান তা জানানোর জন্য আলাদা এক অপশনও রয়েছে।
পাশাপাশি থাকছে ‘বিল্ড ইয়োর ২০২৬ অ্যালগরিদম’ নামের নতুন এক সুবিধা, যার মাধ্যমে আপনি বিশেষভাবে তিনটি বিষয়কে হাইলাইট বা গুরুত্ব দিয়ে বেছে নিতে পারবেন।
অনেকেই এ নতুন সুবিধাটি পাননি। তবে পছন্দের কিছু বিষয় পরিবর্তনের সুযোগ অনেকেই পেয়েছেন এবং নতুন অ্যালগরিদমটি খুব দ্রুতই মানিয়ে নিয়েছে। এক্ষেত্রে মেটার সিস্টেমের কনটেন্ট ক্যাটেগরির সক্ষমতা নিয়ে আরও কাজ করার প্রয়োজন রয়েছে।
তবে রিলস অ্যালগরিদম কতটা সংবেদনশীল তা বিবেচনা করলে কোনো বিষয় নিয়ে সাময়িকভাবে মেতে ওঠার পরও সেই আগ্রহ থেকে বেরিয়ে আসার বা ‘অপ্ট আউট’-এর মেটার এমন সুযোগটি বেশ প্রশংসাই পাচ্ছে।
এ ফিচারটি ব্যবহার করে বিজ্ঞাপন কমানোর অনুরোধ করা যাবে না।