৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

গুগল ‘প্লে প্রটেক্ট’ বন্ধের আগে যেসব বিষয় জানা জরুরি

যেসব অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে বা আসল পরিচয় গোপন করে প্রতারণা করে সেগুলোর বিষয়েও আগেভাগেই প্রাইভেসি অ্যালার্ট পাঠায় প্লে প্রটেক্ট।

গুগল ‘প্লে প্রটেক্ট’ বন্ধের আগে যেসব বিষয় জানা জরুরি
গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের আগেই ‘প্লে প্রটেক্ট’ তা পরীক্ষা করে নেয়। ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2026, 01:35 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের বাড়তি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ছাড়াই ভাইরাসমুক্ত রাখতে ২০১৭ সালে প্লে প্রটেক্ট সুবিধা চালু করে গুগল। প্রতিমুহূর্তে ক্ষতিকর অ্যাপ ঠেকাতে প্রথম স্তরের নিরাপত্তা নিশ্চিত করে এই অ্যাপ।

গুগলের দেয়া তথ্য অনুসারে, কেবল ২০২৫ সালেই ২ কোটি ৭০ লাখের বেশি নতুন ক্ষতিকর অ্যাপ শনাক্ত এবং ব্যবহারকারীদের হয় সতর্ক করেছে না হয় এসব অ্যাপের চালনা বন্ধ রেখেছে এই সেবা।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের আগেই ‘প্লে প্রটেক্ট’ তা পরীক্ষা করে নেয়। বাইরের কোনো মাধ্যম বা সাইডলোডিংয়ের মাধ্যমে যোগ করা অ্যাপে কোনো ক্ষতিকর প্রোগ্রাম আছে কি না তা খুঁজে বের করতে পুরো ডিভাইস স্ক্যান করে এই সিস্টেম।

যেসব অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে বা আসল পরিচয় গোপন করে প্রতারণা করে সেগুলোর বিষয়েও আগেভাগেই প্রাইভেসি অ্যালার্ট পাঠায় প্লে প্রটেক্ট।

কেউ যদি গুগল প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ ইনস্টল করতে যান তবে প্লে প্রটেক্ট ক্ষতিকর ফাইল শনাক্ত করে সংকেত দেয়। পাশাপাশি ফাইলটি ইনস্টল হওয়ার আগেই তা বন্ধ করে দিতে পারে অ্যাপটি।

কোনো কোনো ক্ষেত্রে বিপদজনক অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ডিঅ্যাক্টিভেট বা মুছেও ফেলে প্লে প্রটেক্ট। ২০২৫ সালে থার্ড পার্টি উৎস থেকে প্রায় ২৬ কোটি ৬০ লাখ ঝুঁকিপূর্ণ অ্যাপ ইনস্টলের চেষ্টা আটকে দিয়েছে এই প্রযুক্তি।

নিজেদের ইচ্ছামতো ফাইল ও অ্যাপ ইনস্টল করতে পছন্দ করা ব্যবহারকারীদের কাছে কড়াকড়ির এসব ফিচার খুব একটা জনপ্রিয় নয়।

কেউ চাইলে সহজেই প্লে প্রটেক্ট বন্ধ করে রাখতে পারেন। সেক্ষেত্রে নিরাপত্তাঝুঁকি অনেকটাই বেড়ে যায়, বিশেষ করে থার্ড পার্টি কোনো সুরক্ষা অ্যাপ না থাকলে ডিভাইসে ম্যালওয়্যার আক্রমণ ও তথ্য চুরি হওয়ার আশঙ্কাও বহুগুণ বাড়ে।

অ্যান্ড্রয়েড ডিভাইসে ‘গুগল প্লে প্রটেক্ট’ বন্ধের নিয়ম

গুগলের ‘প্লে প্রটেক্ট’ নামের সিকিউরিটি ফিচারটি বন্ধের আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্টটি কোনো কোম্পানি বা শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হলে অ্যাডমিন অ্যাপটি বন্ধের সুবিধা স্থগিত রাখতে পারেন।

পাশাপাশি, ব্যবহারকারী যদি গুগলের ‘অ্যাডভান্সড প্রটেকশন প্রোগ্রাম’-এ যুক্ত থাকেন তবে সরাসরি অ্যাপটি বন্ধ করা যাবে না। সাংবাদিক, সমাজকর্মী বা রাজনৈতিক ব্যক্তিত্বদের মতো যাদের সাইবার আক্রমণের ঝুঁকি বেশি তাদের সর্বোচ্চ সুরক্ষা দিতেই ফিচারটি ব্যবহৃত হয়।

প্লে প্রটেক্ট বন্ধ থাকা অবস্থাতেও গুগল অনেক সময় অতিরিক্ত ঝুঁকিপূর্ণ অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে নিতে পারে। সব জেনেও ফিচারটি বন্ধ করতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন– 

১. অ্যান্ড্রয়েড ফোনের গুগলে প্লে স্টোর অ্যাপে যান।

২. ওপরে ডান কোণে থাকা আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করুন।

৩. বিভিন্ন অপশন থেকে প্লে প্রটেক্ট নির্বাচন করুন, এখানে সর্বশেষ কখন স্ক্যান করা হয়েছে তা দেখা যায়।

৪. স্ক্রিনের ওপরের ডান দিকে থাকা সেটিংস ‘গিয়ার আইকন’-এ ক্লিক করুন।

৫. ‘স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রটেক্ট’ অপশনটি বন্ধ করে দিন।

এ সেটিংস পাতায় ব্যবহারকারী চাইলে ‘ইমপ্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশন’ অপশনটিও চালু বা বন্ধ রাখতে পারেন, যা চালু থাকলে প্লে স্টোরের বাইরের কোনো অ্যাপ যোগ করার সময় তা স্বয়ংক্রিয়ভাবে গুগলের কাছে যাবে।

অ্যাডভান্সড প্রটেকশন প্রোগ্রামে থাকলে যা করবেন

১. প্রথমে ব্রাউজার থেকে আপনার গুগল অ্যাকাউন্টে লগইন করে ‘সিকিউরিটি’ মেনুতে যান।

২. ‘অ্যাডভান্সড প্রেটেকশন প্রোগ্রাম’ খুঁজে বের করে ‘আনইনরোল’ নির্বাচন করুন।

৩. প্রসেসটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগতে পারে। প্রয়োজনভেদে ফোন রিইস্টার্ট করে প্লে প্রটেক্ট বন্ধের চেষ্টা করুন।