১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘সেকেন্ড হ্যান্ড’ রাউটার ব্যবহারে কি ঝুঁকি বাড়ে? উপায়?

সেকেন্ডহ্যান্ড রাউটার আগের মালিকের ডেটা বা সেটিংস মুছে ফেলা ছাড়াই তা বিক্রি হয়। রাউটার ব্যবহারের আগে অবশ্যই এসব পুরানো তথ্য মুছে ফেলা প্রয়োজন।

‘সেকেন্ড হ্যান্ড’ রাউটার ব্যবহারে কি ঝুঁকি বাড়ে? উপায়?
বিষয়টি আসলে নির্ভর করে রাউটারটি কতটা পুরানো তার ওপর। ছবি: পিক্সাবে

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 03:11 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

বর্তমানে অনলাইনে নিরাপদ থাকা অনেকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে বেড়েছে খরচও। এখন বেশিরভাগ মানুষকে অর্থ দিয়ে ইন্টারনেট প্যাকেজের পাশাপাশি ভিপিএন সার্ভিসের মতো অতিরিক্ত সুবিধা পেতেও অর্থ দিতে হচ্ছে।

এজন্য অনেকেই খরচ কিছুটা কমিয়ে আনার কথা ভাবছেন। এর মধ্যে সহজ উপায় হতে পারে নতুন রাউটার কেনার বদলে ভালো অবস্থার কোনো পুরানো রাউটার কেনা। ফেইসবুক মার্কেটপ্লেসের বিভিন্ন সেকেন্ডহ্যান্ড সাইটে পুরানো রাউটার নতুন রাউটারের তুলনায় অনেক কম দামে মেলে, যা কিনতে অনেকে আগ্রহী হতে পারেন।

তবে পুরানো রাউটার কেনা বা এতে ডিভাইস সংযোগ করা কি নিরাপদ?

প্রযুক্তি বিষয়ক সাইট স্ল্যাশগিয়ার প্রতিবেদনে লিখেছে, বিষয়টি আসলে নির্ভর করে রাউটারটি কতটা পুরানো তার ওপর। যদি অনেক পুরানো হয় তবে তা প্রয়োজনীয় নিরাপত্তার মান পূরণ করতে নাও পারে। কারণ পুরানো রাউটারে নতুন বিভিন্ন নিরাপত্তা আপডেট সাপোর্ট না করলে নিরাপত্তার জন্য ঝুঁকিতে পড়তে পারে ব্যবহারকারীর নেটওয়ার্ক।

ব্যবহৃত রাউটার কেনার ক্ষেত্রে সেভাবে সুরক্ষিত থাকবেন

পুরানো রাউটার কেনার সিদ্ধান্ত নিলে ব্যবহারকারীকে সুরক্ষিত থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। ওয়্যার্ড ম্যাগাজিন অনুসারে, অনেক সেকেন্ডহ্যান্ড রাউটার আগের মালিকের ডেটা বা সেটিংস মুছে ফেলা ছাড়াই তা পুনরায় বিক্রি হয়ে যায়। ফলে সেকেন্ডহ্যান্ড রাউটার ব্যবহারের আগে অবশ্যই এসব তথ্য মুছে ফেলা প্রয়োজন।

এজন্য ডিভাইসে ইন্টারনেট কানেক্ট করার আগেই রাউটারটির ‘ফ্যাক্টরি রিসেট’ করতে হবে। প্রথমে রাউটারটি প্লাগড ইন করুন ও এরপর ডিভাইসের নিচে থাকা রিসেট বাটনে একটি পিন দিয়ে চাপ দিন। এভাবে রাউটারটির সব তথ্য মুছে যাবে।

রাউটারটি ব্যবহারের আগে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এর ‘ফার্মওয়্যার’ আপডেট করা। কারণ পুরানো সফটওয়্যার চালালে নিরাপত্তার ঝুঁকি বেড়ে যায়। কিন্তু আপডেটেড ফার্মওয়্যার রাউটারের এসব সমস্যা ঠেকাতে সাহায্য করবে।

রাউটারের ফার্মওয়্যার আপডেট করা খুব কঠিন কাজ নয়। সাধারণত রাউটার যে কোম্পানির তৈরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন ফার্মওয়্যার বিনামূল্যে পাওয়া যায়।

এজন্য রাউটারের মডেল নম্বর খুঁজে বের করুন এবং সেই অনুসারে রাউটার নির্মাতার ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সংস্করণের ফার্মওয়্যার ডাউনলোড করে নিন। এরপর তা রাউটারের সেটিংস প্যানেল থেকে আপলোড করে ইনস্টল করুন।

পুরানো রাউটার নিরাপদে কেনার তৃতীয় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কোথা থেকে এটি কিনছেন তা সতর্কভাবে বেছে নিন। কোনো পরিচিত ব্যক্তি বা বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে কেনার বিষয়টি অনেকটাই নিরাপদ।