Published : 05 Aug 2026, 07:06 PM
স্বল্পদৈর্ঘ্যের ভিডিওতে নিজেদের জনপ্রিয় সিনেমা ও টিভি শো’র চরিত্র এবং দৃশ্য ব্যবহারের সুযোগ দিতে শর্ট ভিডিও অ্যাপ টিকটকের সঙ্গে চুক্তি করেছে বিনোদন জগতের জায়ান্ট ওয়াল্ট ডিজনি।
বুধবার এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানি দুটি এ ‘বৈপ্লবিক পার্টনারশিপে’র আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ডিজনির সঙ্গে জনপ্রিয় কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন চুক্তি এটাই প্রথম বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
চুক্তির শর্ত অনুসারে, বাছাই করা একঝাঁক টিকটক ভিডিও সরাসরি স্ট্রিম হবে ডিজনির নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ‘ডিজনি প্লাস’-এ।
স্মার্টফোনে খাড়া বা ভার্টিকাল ভিডিও দেখতে অভ্যস্ত তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতেই এ উদ্যোগ নিয়েছে বিনোদন কোম্পানিটি। এর জন্য ডিজনি প্লাস অ্যাপে যোগ হচ্ছে ‘ভার্টস’ নামের নতুন ট্যাব। অন্য কোনো প্ল্যাটফর্মে টিকটকের ভিডিও সম্প্রচারের ঘটনাও এটাই প্রথম।
এ বিষয়ে যৌথ বিবৃতিতে কোম্পানিটি দুটি বলেছে, “এ চুক্তির মাধ্যমে টিকটক নির্মাতারা পিক্সার, মার্ভেল, স্টার ওয়ার্স ও এফএক্স-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের শত শত চলচ্চিত্র ও সিরিজ থেকে নিজেদের পছন্দমতো উপাদান ব্যবহারের সুযোগ পাবেন।”
প্রাথমিকভাবে আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু হবে। পরবর্তীতে বিশ্বজুড়ে অন্যান্য বাজারেও এই সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে কোম্পানি দুটির। তবে উভয় পক্ষের সম্মতিতেই এ চুক্তির আর্থিক লেনদেনের কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভার্টিকাল ভিডিওর জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় ডিজনি’সহ শীর্ষস্থানীয় সব ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মই এখন এ ফরম্যাটের দিকে ঝুঁকছে।
‘কমকাস্ট’-এর মালিকানাধীন ওটিটি প্ল্যাটফর্ম ‘পিকক’ ও ‘প্যারামাউন্ট প্লাস’ এরইমধ্যে ভার্টিকাল সিরিজের প্রচার শুরু করেছে।
অন্যদিকে আরেক জনপ্রিয় প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেও টিকটকের আদলে ছোট ভিডিওর জন্য চালু রয়েছে ‘ক্লিপস’ ফিচার।
ডিজনি প্লাস-এর জন্য নতুন কনটেন্ট সরবরাহের পাশাপাশি টিকটকের সঙ্গে এ চুক্তিটি ওটিটি প্ল্যাটফর্মটিতে নতুন দর্শক টানতেও বড় ভূমিকা রাখতে পারে।
টিকটকের তথ্য অনুসারে, গত বছর তাদের প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে সাড়ে ৬৫ লাখ সিনেমা ও টিভি শো-সংক্রান্ত পোস্ট শেয়ার করেছেন।
এক জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক দর্শকই টিকটকে কোনো কনটেন্টের খণ্ডাংশ দেখার পর পুরো সিনেমা বা টিভি শো-টি দেখেছেন।
উদ্যোগটি নিয়ে ডিজনির প্রধান বিপণন ও ব্র্যান্ড কর্মকর্তা আসাদ আয়াজ বলেছেন, “সেরা গল্পকাররা নিজেরাও একএকজন ভক্ত। আমরা যেসব গল্প বলি এবং সেইসব গল্প থেকে ভক্তরা যে সৃজনশীলতা তৈরি করেন এই দুইয়ের মধ্যে একটি নতুন সেতু বন্ধন তৈরি করবে এ পার্টনারশিপ।”