৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

কোপাইলট ফিচার চালাতে অ্যানথ্রপিকে ঝুঁকছে মাইক্রোসফট

মাইক্রোসফটের এই পদক্ষেপের কারণ তাদের বিশ্বাস, ক্লড ৪ সনেট মডেল কিছু সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জিপিটি ৫ এর চেয়ে ভালো কাজ করছে।

কোপাইলট ফিচার চালাতে অ্যানথ্রপিকে ঝুঁকছে মাইক্রোসফট
টেক জায়ান্টটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই পরিবর্তনের ঘোষণা দেবে। ছবি: মাইক্রোসফট

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 07:53 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

মাইক্রোসফট এর ‘অফিস ৩৬৫’ অ্যাপগুলোর কোপাইলট ফিচার চালাতে অ্যানথ্রপিকের সর্বশেষ ক্লড মডেল ব্যবহার শুরু করতে যাচ্ছে। 

মার্কিন সংবাদমাধ্যম ইনফরমেশনের প্রতিবেদন বলছে, টেক জায়ান্টটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই পরিবর্তনের ঘোষণা দেবে। বর্তমানে মাইক্রোসফট তাদের বেশিরভাগ এআই ফিচার চালাতে ওপেনএআইয়ের প্রযুক্তির ওপর নির্ভরশীল যা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং আউটলুকে ব্যবহার হচ্ছে। 

মাইক্রোসফটের অ্যানথ্রপিক মডেলের দিকে ঝোঁক তাদের ও ওপেনএআইয়ের মধ্যে দূরত্ব বাড়ছে এমন ইঙ্গিত দিচ্ছে বলেও উল্লেখ করেছে ইনফরমেশন। 

উল্লেখ্য, ওপেনএআইয়ের সবচেয়ে বড় বিনিয়োগকারী মাইক্রোসফট এবং ২০২৩ সালে স্যাম অল্টম্যানকে সাময়িক বরখাস্তের পর আবার প্রধান নির্বাহী হিসেবে ফিরিয়ে আনার ক্ষেত্রেও কোম্পানিটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

তবে সাম্প্রতিক মাসগুলোতে ওপেনএআই এর লাভজনক বিভাগকে পাবলিক বেনিফিট কর্পোরেশনে রূপান্তরের পরিকল্পনা নিয়ে দুই কোম্পানির মধ্যে আলোচনায় অচলাবস্থার গুঞ্জন শোনা যাচ্ছে।

বৈরি সম্পর্কের কারণে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নে অস্বীকার করছে মাইক্রোসফট। কোম্পানির মুখপাত্র ইনফরমেশনকে বলেন, “আমরা আগেও বলেছি ওপেনএআই আমাদের ফ্রন্টিয়ার মডেল পার্টনার থাকবে এবং আমরা আমাদের দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ।” 

তবুও এ সিদ্ধান্ত নিঃসন্দেহে ওপেনএআইএয়র জন্য ভালো খবর নয়। মাইক্রোসফটের এই পদক্ষেপের কারণ তাদের বিশ্বাস, ক্লড ৪ সনেট মডেল কিছু সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জিপিটি ৫ এর চেয়ে ভালো কাজ করছে। একটি সূত্র বলছে, অ্যানথ্রপিকের একটি পুরোনো ভার্সনের মডেলও পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনগুলোকে “আরও দৃষ্টিনন্দন” করে তুলতে পারে।

ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফট অফিস ৩৬৫ এ অ্যানথ্রপিক মডেল ব্যবহারের জন্য অতিরিক্ত কোনো খরচ বসাবে না। কোপাইলটের সাবস্ক্রিপশন মূল্য থাকবে আগের মতোই, প্রতি ব্যবহারকারীর জন্য মাসে ৩০ ডলার। এটি বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ অ্যানথ্রপিকের ক্লড সনেট ৪ মডেল ব্যবহার করতে মাইক্রোসফটকে অ্যামাজনের এডব্লিউএস এর মাধ্যমে অর্থ দিতে হবে যা অ্যানথ্রপিকের মূল ক্লাউড প্রদানকারী। অন্যদিকে, ওপেনএআইয়ে বিনিয়োগের অংশ হিসেবে মাইক্রোসফট অতিরিক্ত কোনো খরচ ছাড়াই তাদের মডেল ব্যবহার করতে পারে।