Published : 06 Jan 2026, 04:46 PM
বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি মেলা সিইএস ২০২৬-এ নিজেদের কোয়ান্টাম সিরিজের পণ্যে তিনটি নতুন গেইমিং হেডসেট যোগ করেছে আমেরিকান অডিও সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি জেবিএল।
নতুন তিনটি পণ্যের মধ্যে ‘জেবিএল কোয়ান্টাম ৯৫০এক্স’ হচ্ছে ব্র্যান্ডটির সর্বশেষ ফ্ল্যাগশিপ হেডফোন। এতে ৫০ মিলিমিটারের কার্বন ডায়নামিক ড্রাইভার এবং স্পেশাল অডিও, থ্রিডি হেড ট্র্যাকিং ও অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশনের মতো আধুনিক সব ফিচার রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
২.৪ গিগাহার্টজ ওয়্যারলেস, ব্লুটুথ ৫.৩ বা তারের মাধ্যমে পিসি, কনসোল ও মোবাইল প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে হেডসেটটি। ৯৫০এক্স মডেলে এক জোড়া ‘হট-সোয়াপএবল’ বা সহজে পরিবর্তন করা যায় এমন রিচার্জএবল ব্যাটারি রয়েছে, যা প্রায় ৫০ ঘণ্টা ব্যবহার সময় নিশ্চিত করবে।
হেডসেটটিতে ৬ মিলিমিটারের কার্ডিওড বুম মাইক্রোফোন রয়েছে, যেখানে গেইমিংয়ের সময় বাইরের অপ্রয়োজনীয় শব্দ কমাতে ‘এআই নয়েজ রিডাকশন’ প্রযুক্তি ব্যবহার করেছে জেবিএল। এর দাম ধরা হয়েছে ৪০০ ডলার এবং ২০২৬ সালের এপ্রিল থেকে বাজারে পাওয়া যাবে।
বাকি দুটি নতুন পণ্য হচ্ছে ‘জেবিএল কোয়ান্টাম ৬৫০এক্স’ ও ‘জেবিএল কোয়ান্টাম ২৫০এক্স’। ওয়্যারলেস ৬৫০এক্স মডেলটিতেও রয়েছে ৫০ মিলিমিটার কার্বন ডায়নামিক ড্রাইভার ও স্পেশাল সাউন্ড।
হেডসেটটিতে আরও রয়েছে ৯৫০এক্স-এর মতো একই কানেক্টিভিটি অপশন। এর ব্যাটারি লাইফ পাওয়া যাবে টানা ৪৫ ঘণ্টা পর্যন্ত। কিছুটা কম দামি এ ৬৫০এক্স মডেলটিও এপ্রিল থেকে বাজারে আসবে, এর দাম ২০০ ডলার।
অন্যদিকে, ‘জেবিএল কোয়ান্টাম ২৫০এক্স’ তারওয়ালা হেডসেট, যার ড্রাইভার ও বেশিরভাগ ফিচার অন্য দুটি পণ্যের মতোই। কালো ও সাদা এ দুটি রঙে পাওয়া যাবে হেডসেটটি। এর দাম ৮০ ডলার। এ মডেলটি ২০২৬ সালের মার্চ মাস থেকে বাজারে পাওয়া যাবে।