১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউটিউবও এবার আনল এআই এক্সপেরিমেন্ট প্ল্যাটফর্ম

ব্যবহারকারীদের নতুন প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর সুযোগ দেওয়ার প্রচেষ্টার একটি অংশ এই প্ল্যাটফর্ম।

ইউটিউবও এবার আনল এআই এক্সপেরিমেন্ট প্ল্যাটফর্ম
আপাতত এটি ব্যবহারের সুযোগ পাবেন ‘ইউটিউব প্রিমিয়াম’ সদস্যরা। ছবি: ইউটিউব

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2025, 04:44 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

‘ইউটিউব ল্যাবস’ নামের নতুন এক প্ল্যাটফর্ম এনেছে ইউটিউব। এখানে ব্যবহারকারীরা ইউটিউবের তৈরি করা বিভিন্ন এআই-ভিত্তিক পরীক্ষামূলক টুল আগে থেকেই ব্যবহার করে দেখতে পারবেন। এটা অনেকটা গুগলের ‘গুগল ল্যাবস’-এর মতো যেখানে বিভিন্ন এআই পরীক্ষা চালানো যায়।

শুরুতেই ইউটিউব মিউজিক অ্যাপে এআই হোস্ট চালুর ঘোষণা দিয়েছে কোম্পানিটি। এই হোস্টরা গান শোনার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করতে কাজ করবে। 

ব্যবহারকারীদের প্রিয় গানের সঙ্গে সম্পর্কিত গল্প বলা, ভক্তদের জন্য নানা তথ্য দেওয়া এবং মজার মন্তব্য শোনানোর মাধ্যমে ফিচারটি কাজ করবে। এর আগে এ বছর স্পটিফাই একই ধরনের এআই ডিজে চালু করেছিল। 

তবে প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, এই সুবিধা সবার জন্য নয়। এখনই সাইন-আপ করা সম্ভব হলেও ব্যবহারের সুযোগ পাবেন কেবল ‘ইউটিউব প্রিমিয়াম’ সদস্যরা। সেটিও কেবল যুক্তরাষ্ট্রভিত্তিক সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য। কতজনকে এতে অন্তর্ভুক্ত করা হবে সে বিষয়ে এখনো কিছু বলেনি ইউটিউব।

এদিকে, গত কয়েক মাসে ইউটিউবে এআই দিয়ে তৈরি কনটেন্ট বা ‘এআই স্লপ’ হঠাৎ করেই উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। তাই অনেক ব্যবহারকারীর আশঙ্কা, নতুন এআই হোস্ট ফিচার চালু হলে প্ল্যাটফর্মে এআই কনটেন্টের পরিমাণ আরও বাড়তে পারে।

এর আগে ইউটিউব ক্রিয়েটরদের জন্য একাধিক এআই টুল চালু করেছে। এর মধ্যে রয়েছে কথোপকথন বা ডায়লগ থেকে গান বানানোর সুবিধা, বয়স যাচাইয়ের জন্য এআই ব্যবহার এবং গুগলের আলোচিত ‘এআই ওভারভিউস’ ফিচারের মতো নিজস্ব একটি ভার্সন চালুর পরীক্ষা।