১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রথমবারের মতো ‘মাইক্রো আরজিবি’ টিভি দেখাল এলজি

এ প্রযুক্তি যেমন ওএলইডির’র মতো খুব সূক্ষ্ম আলো নিয়ন্ত্রণ করে ভালো ছবি দেখায় তেমনই আবার সাধারণ মিনি এলইডি স্ক্রিনের তুলনায় আরও উন্নত।

প্রথমবারের মতো ‘মাইক্রো আরজিবি’ টিভি দেখাল এলজি
নতুন এ টিভিতে এআই দিয়ে ছবির মান বাড়ানোর জন্য উন্নত প্রসেসর ব্যবহার করেছে এলজি। ছবি: এলজি

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2025, 05:39 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

টিভির জন্য নতুন ধরনের ডিসপ্লে প্রযুক্তি আনছে দক্ষিণ কোরিয়ার বহুজাতিক কোম্পানি এলজি, যেখানে প্রথমবারের মতো মাইক্রো আরজিবি প্রযুক্তি নিয়ে টিভির দুনিয়ায় নতুন এক ট্রেন্ডে যোগ দিচ্ছে কোম্পানিটি।

এ নতুন প্রযুক্তির ‘মাইক্রো আরজিবি ইভো’ নামের টিভিটি বিশ্বের অন্যতম বড় ইলেকট্রনিক্স ও প্রযুক্তি মেলা ‘সিইএস ২০২৬’তে উন্মোচন করবে এলজি। তবে মঙ্গলবার টিভিটির স্ক্রিন সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য শেয়ার করেছে কোম্পানিটি।

‘মাইক্রো আরজিবি’ নতুন ধরনের এক ডিসপ্লে প্রযুক্তি, যেখানে সাদা আলো ব্যবহার না করে ব্যাকলাইটে আলাদা আলাদা লাল, সবুজ ও নীল ‘আরজিবি মাইক্রো এলইডি’ ব্যবহৃত হয়। আর এসব আলো আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়। ফলে টিভির স্ক্রিনে রং আরও উজ্জ্বল, নিখুঁত ও বাস্তবের মতো দেখায়।

এ প্রযুক্তি যেমন ওএলইডির’র মতো খুব সূক্ষ্ম আলো নিয়ন্ত্রণ করে ভালো ছবি দেখায় তেমনই আবার সাধারণ মিনি এলইডি স্ক্রিনের তুলনায় আরও উন্নত বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

নতুন এ টিভিতে এআই দিয়ে ছবির মান বাড়ানোর জন্য উন্নত প্রসেসর ব্যবহার করেছে এলজি। ফলে ভিডিও রেজুলিউশন কম হলেও এতে ভালো দেখাবে বলে দাবি কোম্পানিটির।

এলজি বলেছে, এ টিভিকে অনুমোদন দিয়েছে ‘ইন্টারটেক’ নামের আন্তর্জাতিক এক কোম্পানি। যার মানে টিভিটি ‘বিটি.২০২০’, ‘ডিসিআই-পি৩’ ও ‘অ্যাডোবি আরজিবি’ এই তিনটি মান অনুসারে ১০০ শতাংশ রং দেখাতে পারবে। ফলে এ টিভির রং হবে খুবই নিখুঁত ও বাস্তবসম্মত।

এ ছাড়া টিভিটিতে এক হাজারেরও বেশি ডিমিং জোন রয়েছে। এর মাধ্যমে টিভিতে আলো-অন্ধকার আরও ভালোভাবে নিয়ন্ত্রণ হবে এবং ছবি আরও স্পষ্ট ও উজ্জ্বল হবে।

এখন অল্প কিছু ব্র্যান্ড ‘মাইক্রো আরজিবি’ ব্যবহার করছে এবং তাদের টিভির মূল্য খুবই বেশি। যেমন– এ বছর মাইক্রো আরজিবি টিভির ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার আরেক বহুজাগতিক কোম্পানি স্যামসাং, যার দাম প্রায় ৩০ হাজার ডলার।

স্যামসাংয়ের টিভিটি আকারে ১১৫ ইঞ্চি, যা এলজি টিভির চেয়ে বড়। এলজির ‘মাইক্রো আরজিবি ইভো’ টিভিটি ১০০ ইঞ্চি, ৮৬ ইঞ্চি ও ৭৫ ইঞ্চি– এ তিনটি আকারে বাজারে আসবে।