Published : 20 Aug 2025, 09:29 PM
মাইক্রোসফট উইন্ডোজ ১০-এ ডার্ক মোড অপশন প্রথম চালু করেছিল ২০১৬ সালে। তবে তখনও অপারেটিং সিস্টেমের অনেক জায়গায় লাইট ও ডার্ক মোডের মিশ্রণ চোখে পড়ত। প্রায় এক দশক পর, উইন্ডোজ ১১ এর সর্বশেষ প্রিভিউ বিল্ডে আরও বেশি ডার্ক ইউআই এলিমেন্ট যোগ করা হয়েছে।
উইন্ডোজ পর্যবেক্ষক ফ্যান্টমফিয়ার্থ বলেছেন, এখন থেকে ফাইল কপি বা ডিলিট করার সময় যে ডায়ালগ বক্স ভেসে ওঠে, সেগুলোতেও ডার্ক থিম দেখা যাবে। আগে যেসব প্রম্পট লাইট মোডেই থাকত, এবার তা ডার্ক মোডে আসছে।
যদিও এটি এখনো কাজের মধ্যে রয়েছে কারণ ডায়ালগ বক্সে থাকা বাটনগুলো লাইট থিমেই রয়ে গেছে।
মাইক্রোসফট এখনও আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ১১ এর ডার্ক মোডে বড় কোনো পরিবর্তনের ঘোষণা করেনি। তবে সাম্প্রতিক ছোটখাটো আপডেটগুলো ইঙ্গিত দিচ্ছে এ বছরের শেষের দিকে আসা ২৫এইচ২ আপডেট ডার্ক মোডে আরও বড় পরিবর্তন আনা হতে পারে।
বর্তমানে কন্ট্রোল প্যানেল, রান প্রম্পট ও ফাইল প্রোপার্টিজ ইউআই এখনো লাইট মোডেই আটকে আছে। প্রায় ১০ বছর পর মাইক্রোসফট সেগুলোও ডার্ক মোডে আনবে এমনটাই আশা করা হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ।
তবে খুব বেশি আশা করা যাচ্ছে না কারণ, উইন্ডোজ ১০ এ ফাইল এক্সপ্লোরারে ডার্ক মোড যুক্ত করতে মাইক্রোসফটের বেশ কয়েক বছর সময় লেগেছিল। যদিও সিস্টেমটি শুরু থেকেই লাইট ও ডার্ক মোডের মিশ্রণে চলত।
অন্যদিকে, অ্যাপল অনেক আগেই ২০১৮ সালে ম্যাকওএস মোহাভি থেকে ধারাবাহিক ডার্ক মোড চালু করেছে। চলতি বছরেই ম্যাকওএস-এ আসছে নতুন লিকুইড গ্লাস ডিজাইন যেখানে ট্রান্সলুসেন্সি বা স্বচ্ছতার ওপর আরও বেশি জোর থাকবে।