Published : 24 Sep 2025, 09:09 PM
কানাডার শিশুদের সংবেদনশীল তথ্য সংগ্রহ করেছে চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন শর্ট ভিডিও সাইট টিকটক।
মঙ্গলবার এক বিবৃতিতে কানাডার প্রাইভেসি কর্মকর্তারা বলেছেন, এক তদন্তে উঠে এসেছে, কানাডার ‘অনেক’ শিশুর কাছ থেকে সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে প্লাটফর্মটি এবং সেই তথ্য অনলাইন মার্কেটিং ও কনটেন্ট টার্গেটিংয়ের জন্য ব্যবহারও করেছে টিকটক।
কানাডার প্রাইভেসি কমিশনার ফিলিপ ডুফ্রেন ও কুইবেক, ব্রিটিশ কলম্বিয়া ও আলবার্টার প্রাইভেসি সংরক্ষণ কর্তৃপক্ষের যৌথ তদন্তে উঠে এসেছে, টিকটক প্ল্যাটফর্মটি আসলে ১৩ বছরের নিচের শিশুদের ব্যবহারের জন্য নয়। এরপরও প্রতি বছর কানাডার লাখ লাখ শিশু এই অ্যাপে প্রবেশ করছে।
তদন্তে আরও উঠে এসেছে, শিশুদের আটকাতে ও তাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় টিকটকের ব্যবস্থা যথেষ্ট নয়। এর পরিপ্রেক্ষিতে টিকটক রাজি হয়েছে যে, তারা নিজেদের ওয়েবসাইট ও অ্যাপ থেকে শিশুদের দূরে রাখার ব্যবস্থা আরও উন্নত করবে।
এক সংবাদ সম্মেলনে তদন্তের ফলাফল প্রকাশের সময় কমিশনার ডুফ্রেন বলেছেন, “নিজেদের ব্যবহারকারীদের, এমনকি শিশুদের কাছ থেকেও অনেক পরিমাণে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে অ্যাপটি।
“এ তথ্য ব্যবহার করে ব্যবহারকারীদের যেসব কনটেন্ট ও বিজ্ঞাপন দেখায় টিকটক তা অনেক সময় ব্যবহারকারীদের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে টিনএজারদের ওপর।”
ডুফ্রেন বলেছেন, তদন্তের প্রতিক্রিয়ায় নিজেদের বয়স যাচাইয়ের পদ্ধতি আরও শক্তিশালী করতে রাজি হয়েছে টিকটক, যাতে কমবয়সী ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে না পারে। পাশাপাশি ব্যবহারকারীদের, বিশেষ করে অল্পবয়সীদের টিকটক জানাবে যে, তাদের তথ্য কীভাবে ব্যবহার হতে পারে।
প্রাইভেসি কমিশনারদের মতে, তদন্ত চলাকালীন প্লাটফর্মটিতে কিছু পরিবর্তন আনতেও রাজি হয়েছে টিকটক। যার মধ্যে রয়েছে, ১৮ বছরের নিচে ব্যবহারকারীদের সরাসরি টার্গেট করে বিজ্ঞাপন দেখানো বন্ধ করা, কেবল ভাষা বা আনুমানিক অবস্থানের মতো সাধারণ বিভাগের ওপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখানো এবং কানাডার ব্যবহারকারীদের জন্য প্রাইভেসি সম্পর্কিত তথ্য আরও বেশি করে দেওয়া।
টিকটকের একজন মুখপাত্র বলেছেন, তারা খুশি যে, কমিশনাররা তাদের বেশ কিছু প্রস্তাবে রাজি হয়েছেন, যা “কানাডিয়ানদের জন্য প্ল্যাটফর্ম আরও শক্তিশালী করতে” সাহায্য করবে।
তিনি আরও বলেছেন, “এ তদন্তের কিছু ফলাফলের সঙ্গে একমত না হলেও আমরা শক্তিশালী স্বচ্ছতা ও প্রাইভেসি নীতিমালা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তবে তদন্তের কোন বিষয়ের সঙ্গে তারা একমত নন তা নির্দিষ্ট করে বলেননি ওই মুখপাত্র।
২০২৩ সালে কানাডায় টিকটকের বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনার তদন্ত শুরু করেছে অটোয়া। এ পর্যালোচনার ফলে দেশটির সরকার একটি আদেশও জারি করে, যেখানে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে টিকটকের কার্যক্রম বন্ধ করতে বলেছে কানাডা।
তবে সেই আদেশকে চ্যালেঞ্জ করেছে টিকটক।