প্রিমিয়াম ল্যাপটপ বাজারে আনতে প্রস্তুতি নিচ্ছে লেনোভো-গুগল?
লেনোভো গুগলের জন্য একাধিক নতুন ডিভাইস নিয়ে কাজ করছে, যার মধ্যে একটি ডিটাচএবল ট্র্যাকপ্যাড ও কিবোর্ডওয়ালা ট্যাবলেট এবং অন্যটি ল্যাপটপ।
লেনোভো গুগলবুক ১৫ ল্যাপটপের নতুন কিছু ফাঁস হওয়া তথ্যে এর প্রিমিয়াম স্পেসিফিকেশন ও উন্নত ফিচারের বিস্তারিত সামনে এসেছে।
এ বছরের শেষদিকে গুগলের নতুন ‘গুগলবুক’ প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উন্মোচন হওয়ার কথা থাকলেও এর উদ্বোধনী সংস্করণের সঙ্গে বাজারে আসতে যাওয়া অ্যান্ড্রয়েডভিত্তিক বিভিন্ন ল্যাপটটের একটির বিস্তারিত বিবরণ এরইমধ্যে সামনে এসেছে।
ম্যাকঅবজারভারের তথ্য অনুসারে, লেনোভো গুগলবুক ১৫ মডেলে সর্বশেষ ইনটেল কোর আল্ট্রা চিপ ও হাই-রেজুলিউশনসহ উচ্চ রিফ্রেশ রেটের টাচস্ক্রিন ডিসপ্লের মতো প্রিমিয়াম সব যন্ত্রাংশ যোগ হবে।
প্রতিবেদন বলা হয়েছে, লেনোভো গুগলের জন্য একাধিক নতুন ডিভাইস নিয়ে কাজ করছে, যার মধ্যে একটি ডিটাচএবল ট্র্যাকপ্যাড ও কিবোর্ডওয়ালা ট্যাবলেট এবং অন্যটি ল্যাপটপ।
লেনোভো গুগলবুক ১৫ দ্বিতীয় ক্যাটেগরির ডিভাইস।
ম্যাকঅবজারভারের তথ্য অনুসারে, এতে থাকছে ১৫ দশমিক ৩ ইঞ্চির ১২০ হার্টজ ওএলইডি ডিসপ্লে, যার রেজুলিউশন ২৮৮০ বাই ১৮০০ পিক্সেল এবং এর সর্বোচ্চ উজ্জ্বলতা ৫০০ নিট পর্যন্ত পৌঁছাতে পারে।
এ ছাড়া, ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে রয়েছে ইনটেল কোর আল্ট্রা ৫ চিপ এবং ১৬ জিবি বা ৩২ জিবি এলপিডিডিআরফাইভএক্স র্যাম ও ২৫৬ জিবি বা ৫১২ জিবি স্টোরেজ অপশন পাওয়া যাবে, যা গুগলের ‘ক্রোমবুক প্লাস’-এর চেয়েও এ বড় অগ্রগতি।
ক্রোমবুক প্লাসের ক্ষেত্রে একচেটিয়া এআই ফিচার আনতে পার্টনারদের অন্তত ৮ জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ ও ইনটেল কোর বা এএমডি রাইজেন ৭০১ সিরিজ প্রসেসর ব্যবহারের শর্ত দেওয়া হয়েছিল।
আগের ঘোষণা অনুসারে, ক্রোমবুক পূর্বসূরিদের তুলনায় গুগলবুকগুলো যে আরও বেশি প্রিমিয়াম হবে তা স্পষ্ট।
ল্যাপটপটিতে থাকা বাড়তি প্রসেসিং সক্ষমতার বড় অংশ গুগলের ‘জেমিনাই ইন্টেলিজেন্স’ ফিচারের জন্যই দরকার হতে পারে।
‘গুগলবুক’ ঘোষণার সময় গুগল বেশ কিছু ফিচারের বিস্তারিত বলেছিল, যার মধ্যে রয়েছে ‘ম্যাজিক কার্সার’। এটা ল্যাপটপের মাউস কার্সারকে জেমিনাইয়ের জন্য কনটেক্সচুয়াল প্রম্পটিং টুলে রূপান্তর করে।
ম্যাকঅবজারভার প্রতিবেদন লিখেছে, গুগলবুকগুলোতে এক্সক্লুসিভ হার্ডওয়্যার ফিচারও রয়েছে, যা ‘গ্লোবার’ নামের এক মাল্টিকালার এলইডি স্ট্রিপ। এটা লেনোভো গুগলবুক ১৫ মডেলেও রাখা হয়েছে।
এসব সম্ভাব্য তথ্যে প্রথম প্রজন্মের গুগলবুকগুলোর দাম সম্পর্কে সুনির্দিষ্ট কিছু না বললেও এগুলো যে বেশিরভাগ ক্রোমবুকের তুলনায় বেশ ব্যয়বহুল তা নিশ্চিতভাবেই বলা যায়।
এ বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত জানা যাবে।
কারণ, ‘ক্রোমআনবক্সড’-এর অগাস্ট মাসের এক প্রতিবেদন অনুসারে, গুগল আগামী ১৫ সেপ্টেম্বর প্রথম ধাপের বিভিন্ন গুগলবুকের প্রিভিউ দেখানোর জন্য একটি মিডিয়া ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে।
