Published : 22 Nov 2025, 11:39 AM
চার স্তরওয়ালা মহাজাগতিক ধূলিকণার খোলসের কেন্দ্রে থাকা বুড়ো এক বাইনারি তারা ব্যবস্থার ছবি তুলেছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।
নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাকাশের এমন সব ছবি আমাদের দেখিয়েছে, যা অন্যভাবে দেখার সুযোগ আমাদের হয়ত হত না। টেলিস্কোপটির তোলা বিস্ময়কর নতুন ছবির মধ্যে একটি হচ্ছে, আমাদের ছায়াপথের এক অস্বাভাবিক তারা ব্যবস্থা, যেটিকে ‘ধুলার চারটি পেঁচানো সর্পিলাকার কাঠামো’ বলে বর্ণনা করেছে নাসা।
মিশরীয় বিশৃঙ্খলার দেবতা ‘অ্যাপেপ’-এর নামে নামকরণ করা এ তারা ব্যবস্থাটি পৃথিবী থেকে প্রায় আট হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত। এ ব্যবস্থার আগের পর্যবেক্ষণে কেবল একটি খোলসের দেখা মিলেছিল কলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
তবে নাসার ওয়েব টেলিস্কোপে ধারণ করা মিড-ইনফ্রারেড ছবিতে দেখা যাচ্ছে, এতে আসলে চারটি খোলস রয়েছে, যার বাইরেরটি রয়েছে ঠিক ছবির শেষ প্রান্তে। এসব খোলস গত সাতশ বছরে এ ব্যবস্থার দুটি ‘উলফ-রায়েট’ তারা থেকে নির্গত ঘন কার্বন ধুলা দিয়ে তৈরি।
বিশাল ভরওয়ালা তারাকে ‘উলফ-রায়েট’ বলে, যা এদের জীবনের একেবারে শেষ দিকে পৌঁছে গিয়েছে। এগুলো খুবই বিরল ও বিজ্ঞানীদের অনুমান, আমাদের ছায়াপথে এ ধরনের কেবল এক হাজার তারা রয়েছে। ‘অ্যাপেপ’ সিস্টেমে রয়েছে এমন দুটি তারা।
সম্প্রতি এ সিস্টেমটি নিয়ে নিজেদের গবেষণাপত্র প্রকাশ করেছেন ‘ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি’ বা ক্যালটেকের ইনুও হ্যান ও অস্ট্রেলিয়ার সিডনির ‘ম্যাকোয়ারি ইউনিভার্সিটি’র রায়ান হোয়াইট।
চিলিতে অবস্থিত ‘ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির ভেরি লার্জ টেলিস্কোপ’ বা ভিএলটি-এর বহু বছরের তথ্যের সঙ্গে জেমস ওয়েবের পর্যবেক্ষণের বিভিন্ন পরিমাপকে একসঙ্গে করে গবেষকরা বলছেন, দুটি তারা প্রতি একশ ৯০ বছরে একবার একে অপরের কাছে এসে ‘আবর্তন করে’। এরপর তারা দুটি প্রায় ২৫ বছর ধরে একে অপরের খুব কাছাকাছি থাকে। ফলে এদের শক্তিশালী নাক্ষত্রিক বাতাস একে অপরের সঙ্গে ধাক্কা খায় এবং সেই সময়ের মধ্যে বিপুল পরিমাণ কার্বনওয়ালা ধুলা নির্গত করে।
ওয়েব টেলিস্কোপের এ পর্যবেক্ষণে এ সিস্টেমে তৃতীয় তারার উপস্থিতিও নিশ্চিত করতে পেরেছেন গবেষকরা, যা মহাকর্ষীয়ভাবে অন্য দুটি উলফ-রায়েট তারার সঙ্গে জড়িত।
তৃতীয় তারাটি আমাদের সূর্যের তুলনায় ৪০ থেকে ৫০ গুণ বড় বিশাল এক সুপারজায়ান্ট এবং এটি সেই ধুলার খোলসের মধ্যে একটি গহ্বর তৈরি করেছে, যা দেখতে ফানেলের মতো।
‘অ্যাপেপ’ সিস্টেমের উলফ-রায়েট তারাগুলো আগের সুপারজায়ান্ট তারাটির চেয়েও বড় ছিল। তবে তখন থেকে নিজেদের বেশিরভাগ ভর হারিয়েছে এরা এবং এখন এদের ভর আমাদের সূর্যের ভরের কেবল ১০ থেকে ২০ গুণ।
বিজ্ঞানীরা বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে এ দুটি তারা সুপারনোভা হিসাবে বিস্ফোরিত এবং সম্ভবত একটি ব্ল্যাক হোলে পরিণত হবে।