১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেসেজিং সেবায় ‘গ্রুপ চ্যাটিং’ ফিচার আনল স্পটিফাই

এ ফিচারের মাধ্যমে নিজেদের প্রিয় পডকাস্ট, প্লে-লিস্ট, পছন্দের বিভিন্ন গান সরাসরি বন্ধুদের সঙ্গে শেয়ার ও আলোচনা করতে পারবেন ব্যবহারকারীরা।

মেসেজিং সেবায় ‘গ্রুপ চ্যাটিং’ ফিচার আনল স্পটিফাই
চালুর পর থেকেই স্পটিফাই ধীরে ধীরে এ ফিচারে নতুন সব সুবিধা যোগ করেছে। ছবি: স্পটিফাই

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2026, 05:09 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

মেসেজিং সেবায় গ্রুপ চ্যাটিং সুবিধা যোগ করেছে জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই।

গত বছর চালু হওয়া এই মেসেজিং পরিষেবার নতুন আপডেটে কোম্পানিটি বলেছে, এখন থেকে ব্যবহারকারীরা সর্বোচ্চ ১০ জন বন্ধুর সঙ্গে গ্রুপ চ্যাটিং শুরু করতে পারবেন।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট বলেছে, এ ফিচারের মাধ্যমে নিজেদের প্রিয় পডকাস্ট, প্লে-লিস্ট, পছন্দের বিভিন্ন গান সরাসরি বন্ধুদের সঙ্গে শেয়ার ও আলোচনা করতে পারবেন ব্যবহারকারীরা।

প্লাটফর্মটির অ্যাপের ভেতরেই মেসেজিং ফিচারটি গত বছরের অগাস্টে চালু করেছিল স্পটিফাই।

এর মূল উদ্দেশ্য, অ্যাপটির ব্যবহারকারীকে যেন বন্ধুদের সঙ্গে গান বা পডকাস্ট শেয়ারের জন্য অন্য কোনো প্ল্যাটফর্মে, যেমন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যেতে না হয়।

চালুর পর থেকেই স্পটিফাই ধীরে ধীরে এ ফিচারে নতুন সব সুবিধা যোগ করেছে। এ মাসের শুরুর দিকে রিয়াল-টাইমে বা সরাসরি গান শোনার তথ্য শেয়ারের সুবিধাও যোগ করেছে স্পটিফাই।

এ ছাড়া, এখন চ্যাটিং গ্রুপের সদস্যদের সরাসরি ‘জ্যাম’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানাতে পারবেন ব্যবহারকারীরা, যা স্পটিফাইয়ে গান শোনার একটি জনপ্রিয় টুল।

কেবল স্পটিফাই নয়, আরও অনেক কনটেন্ট প্ল্যাটফর্ম এখন অ্যাপের ভেতরেই মেসেজিং সুবিধা জনপ্রিয় করার চেষ্টা করছে।

গত বছরের শেষের দিকে ইউটিউবও বলেছিল, সরাসরি মেসেজ বা ডিএম পাঠানোর সুবিধাটি পুনরায় পরীক্ষা করে দেখবে তারা।

২০১৭ সালে প্রথমবার এই ফিচারটি চালু করেছিল ইউটিউব। তবে ২০১৯ সালে ফিচারটি সরিয়ে নেয় কোম্পানিটি।