১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফি নিয়ে বিরোধ: ইউটিউব টিভি থেকে চ্যানেল সরাল ডিজনি

কোম্পানি দুটির মধ্যে উত্তেজনাপূর্ণ আলোচনার পর বৃহস্পতিবার রাত বারোটার ঠিক আগে ইউটিউব থেকে ওইসব চ্যানেল একেবারে বন্ধ হয়ে যায়।

ফি নিয়ে বিরোধ: ইউটিউব টিভি থেকে চ্যানেল সরাল ডিজনি
এসব চ্যানেল বন্ধের কারণে প্রায় এক কোটি গ্রাহকের ওপর প্রভাব পড়েছে ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2025, 08:03 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর চুক্তি নবায়ন নিয়ে একমত হতে পারেনি ইউটিউব ও ডিজনি। ফলে বর্তমানে ইএসপিএন, এবিসি ও ডিজনির অন্যান্য চ্যানেল দেখতে পাচ্ছেন না ইউটিউব টিভির গ্রাহকরা।

মার্কিন সার্চ জায়ান্ট গুগলের মালিকানাধীন অনলাইন পে-টিভি বা ইউটিউব টিভি কেবল যুক্তরাষ্ট্রেই পাওয়া যায়। ডিজনি বলেছে, নিজেদের বিভিন্ন চ্যানেল দেখানোর জন্য যথাযথ বা ন্যায্য অর্থ দিতে রাজি হয়নি ইউটিউব। এসব চ্যানেলের মধ্যে ‘ন্যাশনাল জিওগ্রাফিক’ এবং ‘ডিজনি চ্যানেল’ও রয়েছে।

এদিকে, ইউটিউব টিভি বলেছে, ডিজনির প্রস্তাবিত বিভিন্ন শর্ত ‘আমাদের ইউটিউব টিভির গ্রাহকদের ক্ষতি করার পাশাপাশি ডিজনির নিজস্ব বিভিন্ন লাইভ টিভি পরিষেবায় সুবিধা দেবে’।

কোম্পানি দুটির মধ্যে উত্তেজনাপূর্ণ আলোচনার পর বৃহস্পতিবার রাত বারোটার ঠিক আগে ইউটিউব থেকে ওইসব চ্যানেল একেবারে বন্ধ হয়ে যায়। এদিন নতুন চুক্তিতে পৌঁছানোর শেষ সময়সীমা ছিল। এ বন্ধের কারণে প্রায় এক কোটি গ্রাহকের ওপর প্রভাব পড়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

ইউটিউব বলেছে, ডিজনির বিভিন্ন চ্যানেল যদি ‘দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকে’ তবে ২০ ডলার করে ক্রেডিট বা ছাড় বা অর্থ ফেরত দেওয়া হবে গ্রাহকদের।

যুক্তরাষ্ট্রের অন্যতম বড় অনলাইন টিভি প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি ইউটিউব ও ডিজনির মালিকানাধীন চ্যানেল হুলু।

বিবিসি লিখেছে, এ বছর ইউটিউবের সঙ্গে অন্যান্য মিডিয়া কোম্পানির উত্তেজনাপূর্ণ আলোচনা হয়েছে। নিজেদের ইউটিউব টিভি গ্রাহকদের জন্য অনুষ্ঠান দেখার বিষয়টি সীমিত করার হুমকিও দিয়েছিল ওইসব কোম্পানি। ইউটিউব ও ডিজনির এ দ্বন্দ্বের পেছনেও উত্তেজনাপূর্ণ আলোচনার ইতিহাস রয়েছে।

এ মাসের শুরুতে শেষ মুহূর্তে ‘কমকাস্ট’-এর মালিকানাধীন ‘এনবিসিইউনিভার্সাল’-এর সঙ্গে এক চুক্তি করেছে গুগল, যাতে ‘সানডে নাইট ফুটবল’-এর মতো শো ইউটিউব টিভি’তে দেখা যায়। সম্প্রতি ‘প্যারামাউন্ট’ ও ‘ফক্স’-এর সঙ্গেও চুক্তিতে পৌঁছেছে মার্কিন সার্চ জায়ান্টটি।

গুগল ও ডিজনি এক আলাদা বিবৃতিতে বলেছে, ডিজনির কনটেন্ট আবার ইউটিউব টিভিতে ফিরিয়ে আনার জন্য সমাধানের পথে কাজ করছে তারা।

এরপরও দুই কোম্পানির মধ্যে ফি বা মূল্য নিয়ে মতভেদ রয়েছে।

ডিজনির একজন মুখপাত্র বলেছেন, “৩ ট্রিলিয়ন ডলারের বাজার মূলধনের সঙ্গে, অর্থাৎ গুগলের বাজারে এত বড় প্রভাব রয়েছে যে, নিজের সুবিধার জন্য অন্য প্রতিযোগীদের সরিয়ে দিচ্ছে তারা। একইসঙ্গে আমাদের ওপর এমন শর্ত চাপাচ্ছে কোম্পানিটি, যা আমরা অন্য সব স্ট্রিমিং পরিষেবার সঙ্গে সফলভাবে চূড়ান্ত করেছি।”

তবে ইউটিউব এক বিবৃতিতে বলেছে, ডিজনি এত ‘ব্যয়বহুল আর্থিক শর্ত’ প্রস্তাব করছে, যা তাদের ইউটিউব টিভি গ্রাহকদের জন্য দাম বাড়াবে ও তাদের কনটেন্টের বিকল্প সীমিত করবে। ফলে মূল সুবিধা পাবে ডিজনির নিজের বিভিন্ন লাইভ টিভি পরিষেবা। যেমন– হুলু+ লাইভ টিভি।