২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আয়ারল্যান্ডে দৃষ্টিপ্রতিবন্ধীরা পাচ্ছেন মেটার ১৫ হাজার এআই চশমা

সংগঠনটি যেসব প্রাপ্তবয়স্ক অন্ধ ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা দেয় তাদের চাহিদা মেটাতে এই ১৫ হাজার চশমাই যথেষ্ট।

আয়ারল্যান্ডে দৃষ্টিপ্রতিবন্ধীরা পাচ্ছেন মেটার ১৫ হাজার এআই চশমা
বিতর্তের পরও মেটার তৈরি স্মার্ট চশমা দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের দৈনন্দিন জীবনে সহায়ক ভূমিকা রাখতে পারে। ছবি: মেটা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2026, 03:42 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

আয়ারল্যান্ডের অন্ধ ও দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের জন্য ১৫ হাজার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্মার্ট চশমা বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা।

আশপাশের তথ্য ও লেখা পড়ে শোনানোর বিশেষ প্রযুক্তিওয়ালা এসব চশমা দেশটির জাতীয় দৃষ্টিভঙ্গিসংক্রান্ত সংগঠন ‘ভিশন আয়ারল্যান্ড’-এর মাধ্যমে বিতরণ করার কথা প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

বিনামূল্যে এসব চশমা পেতে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের ভিশন আয়ারল্যান্ডের ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।

মেটা বলেছে, সংগঠনটি যেসব প্রাপ্তবয়স্ক অন্ধ ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা দেয় তাদের চাহিদা মেটাতে এই ১৫ হাজার চশমাই যথেষ্ট।

এআই প্রযুক্তিওয়ালা এই স্মার্ট চশমা নিয়ে সম্প্রতি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মেটা। অভিযোগ উঠেছে, চশমাটির মাধ্যমে অনুমতি ছাড়াই গোপনে কারো ভিডিও বা ছবি ধারণ করা সম্ভব।

বর্তমানে বাজারে এমন কিছু সার্ভিস চালু রয়েছে যারা এ চশমার রেকর্ডিং নির্দেশক এলইডি লাইটটি নিষ্ক্রিয় করে দিচ্ছে, যা ব্যবহারকারী ভিডিও রেকর্ড করার সময় জ্বলে ওঠার কথা।

এ বিষয়ে মেটা বলেছে, কোনো চশমার নির্দেশক এলইডি আলো পরিবর্তন বা নষ্ট করার চেষ্টা করা হলে তারা চশমার ক্যামেরাটিই স্থায়ীভাবে অকার্যকর করে দেওয়ার ব্যবস্থা নেবে।

প্রযুক্তি সাইট ওয়্যার্ড সম্প্রতি মেটা এআই অ্যাপের কোডে বেশ কিছু তথ্য পেয়েছে, যা থেকে ইঙ্গিত মেলে, কোম্পানিটি এসব চশমাতে ফেইশল রিকগনিশন বা মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি যোগের বিষয়টি বিবেচনা করছে।

বিতর্কের পরও মেটার তৈরি স্মার্ট চশমা দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের দৈনন্দিন জীবনে সহায়ক ভূমিকা রাখতে পারে। চশমাটি আশপাশের বিভিন্ন বস্তু শনাক্তের পাশাপাশি যে কোনো লেখা পড়ে শোনাতে পারে।

আশপাশের পরিবেশের বিবরণ জেনে নেওয়ার সুবিধা থাকায় ব্যবহারকারীরা যে কোনো কাজ দ্রুত ও নিরাপদে করতে পারবেন।

চশমাটির মাধ্যমে আসা মেসেজ শুনে নিয়ে ‘মেটা এআই’-এর সহায়তায় সঙ্গে সঙ্গেই উত্তর পাঠানোরও সুযোগ রয়েছে।

দৃষ্টিপ্রতিবন্ধীদের সহায়তায় মেটা হাত মিলিয়েছে ‘বি মাই আইজ’ নেটওয়ার্কের সঙ্গে। ফলে ব্যবহারকারীরা চশমার মাধ্যমেই সরাসরি স্বেচ্ছাসেবকদের কল করতে পারবেন।

এতে পোশাক নির্বাচন করা বা সুপারশপ থেকে নির্দিষ্ট ব্র্যান্ডের দুধ খুঁজে নেওয়ার মতো দৈনন্দিন সাধারণ কাজগুলোতেও চশমাটির সহায়তায় দৃষ্টিপ্রতিবন্ধীরা সরাসরি স্বেচ্ছাসেবকদের সাহায্য পাবেন।

ভিশন আয়ারল্যান্ডের কাছ থেকে বিনামূল্যে রে-ব্যান মেটা চশমা পেতে আগ্রহীরা সংগঠনটির প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট বা নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করে নিবন্ধন করতে পারবেন।

আবেদনকারীদের মধ্য থেকে উপযোগী ব্যক্তিদের নির্বাচন করা এবং পরবর্তীতে তাদের চশমা ব্যবহারের সরাসরি প্রশিক্ষণ ও সহায়তা দেওয়ার সব দায়িত্ব নেবে ভিশন আয়ারল্যান্ড।