Published : 30 Jul 2026, 06:11 PM
পাবলিক ফিডের পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডস-এর ডাইরেক্ট মেসেজ বক্সে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সেবা চালুর ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা।
এর মাধ্যমে বিশ্বজুড়ে সব থ্রেডস ব্যবহারকারী এখন প্রকাশ্য বার্তার বদলে একান্তে এআইয়ের সঙ্গে ছবি, লিংক বা পোস্ট শেয়ার করে নানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
সোমবার থেকে বিশ্বজুড়ে থ্রেডস ব্যবহারকারীদের সরাসরি বার্তা আদান-প্রদানের মাধ্যমে ‘মেটা এআই’ ব্যবহারের সুবিধা চালু করল সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি।
এক বিবৃতিতে মেটা বলেছে, প্রকাশ্য পোস্ট বা আলোচনায় না গিয়ে একান্তে এআইয়ের সঙ্গে কথা বলার এবং আরও বিস্তারিত জানার যে অনুরোধ ব্যবহারকারীদের কাছ থেকে এসেছিল সেই চাহিদার জেরেই এ পদক্ষেপ নিয়েছে তারা।
“ডিএম সুবিধা চালুর ফলে মানুষ কীভাবে ও কোথায় মেটা এআইয়ের সঙ্গে যুক্ত হবেন সে বিষয়ে আরও বেশি স্বাধীনতা পাবেন। ব্যবহারকারীরা থ্রেডসের যে কোনো পোস্ট, ছবি, লিংক বা ভিডিও সরাসরি মেটা এআইয়ের সঙ্গে শেয়ার করতে পারবেন এবং চ্যাটিংয়ের ভেতরেই বাড়তি প্রশ্ন জিজ্ঞেস করে যে কোনো বিষয় গভীরভাবে জানতে পারবেন।”
মেটার অন্য সামাজিক মাধ্যম যেমন ফেইসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপেও একই ধরনের এআই চ্যাটিং সুবিধা আগে থেকেই চালু রয়েছে।
ডিএম ফিচারের বিস্তার ঘটানোর পাশাপাশি থ্রেডসের পাবলিক ফিডেও নিজেদের এআই নিয়ে পরীক্ষা চালিয়ে যাচ্ছে মেটা।
প্রথম দফায় কেবল পাঁচটি দেশে, আর্জেন্টিনা, মালয়েশিয়া, মেক্সিকো, সৌদি আরব ও সিঙ্গাপুরে এ ফিচারটির পরীক্ষা চলেছে।
এসব অঞ্চলের ব্যবহারকারীরা পাবলিক ফিডে মেটা এআইয়ের পোস্ট দেখতে এবং প্রয়োজন অনুসারে ‘@meta.ai’ ট্যাগ করে সরাসরি প্রশ্ন করতে পারেন।
মেটা বলেছে, ফিডে আপাতত এআই অ্যাকাউন্টটি একেবারে ‘ব্লক’ করার সুযোগ না থাকলেও ব্যবহারকারীরা চাইলে ‘নট ইন্টারেস্টেড’ অপশনে ক্লিক করতে বা মেটা এআইয়ের কোনো উত্তর এড়াতে তা ‘মিউট’ করে রাখতে পারেন।