১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চ্যাটজিপিটিতে আসছে ‘প্যারেন্টাল কন্ট্রোল’ ফিচার

অভিভাবকরা নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে সন্তানের অ্যাকাউন্ট লিংক করতে পারবেন এবং চ্যাটজিপিটির প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করার সুযোগ পাবেন।

চ্যাটজিপিটিতে আসছে ‘প্যারেন্টাল কন্ট্রোল’ ফিচার
বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এই ফিচার তৈরি করা হচ্ছে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 06:01 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

এক মাসের মধ্যে চ্যাটজিপিটিতে প্যারেন্টাল কন্ট্রোল ফিচার আনার ঘোষণা দিয়েছে ওপেনএআই। এর মাধ্যমে অভিভাবকরা নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে সন্তানের অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন এবং সন্তানের জন্য চ্যাটজিপিটির প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন।

কোম্পানিটি বলেছে, চাইলে চ্যাট হিস্ট্রি ও মেমোরির মতো ফিচারও বন্ধ রাখা যাবে। আর কোনো কিশোর ব্যবহারকারীর মধ্যে ‘তীব্র মানসিক সংকট’ ধরা পড়লে চ্যাটজিপিটি নিজে থেকেই সতর্কবার্তা দেবে।

ওপেনএআই বলছে, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই তারা এ ফিচার তৈরি করছে, যাতে অভিভাবক ও কিশোর ব্যবহারকারীদের মধ্যে আস্থা বাড়ে।

প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট প্রতিবেদনে বলেছে, ফিচারটির ঘোষণা এল এক অসাবধানতাজনিত মৃত্যুর মামলা দায়ের হওয়ার পর। যুক্তরাষ্ট্রের ম্যাট ও মারিয়া রেইন নামের এক দম্পতির অভিযোগ, চ্যাটজিপিটি জানত তাদের কিশোর ছেলে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছে। তবুও সেটি তাকে আত্মহত্যার পরিকল্পনা করতে সহায়তা করেছে।

রেইন দম্পতির দাবি, চ্যাটজিপিটি তাদের ছেলে অ্যাডামকে আত্মহত্যার নির্দিষ্ট পদ্ধতি জানায়। এমনকি আগের একবার আত্মহত্যাচেষ্টায় ঘাড়ে আঘাত পাওয়ার পর সেটি কীভাবে আড়াল করা যায়, সে উপায়ও জানিয়ে দেয়।

ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটিতে প্যারেন্টাল কন্ট্রোল যুক্ত করা হচ্ছে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে। ভবিষ্যতে তারা আরও বিশেষজ্ঞের সঙ্গে কাজ করবে, যাদের মধ্যে থাকবেন খাবারে অনীহা, মাদকাসক্তি ও কিশোরস্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞরা। লক্ষ্য হলো মডেলগুলোকে আরও নিরাপদ ও কার্যকর করে তোলা।

কোম্পানিটি একইসঙ্গে প্রতিশ্রুতি দিয়েছে একটি নতুন রিয়েল-টাইম রাউটার চালুর। এটি সংবেদনশীল আলাপ আলাদা করে বিশেষ রিজনিং মডেলে পাঠাবে। 

কোম্পানির ভাষ্য, এই রিজনিং মডেলগুলোকে ‘ডেলিবারেটিভ অ্যালাইনমেন্ট’ পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফলে এগুলো নিরাপত্তা নির্দেশনা আরও নিয়মিতভাবে মানে এবং জটিল বা প্রতিকূল প্রম্পট সামলাতে বেশি সচেতন থাকে। অর্থাৎ, কোনো ব্যবহারকারীকে মানসিক সংকটে ধরা পড়লে চ্যাটজিপিটি আলাপটি নিজে থেকেই এই বিশেষ রিজনিং মডেলে সরিয়ে দেবে—শুরুতে ব্যবহারকারী যে মডেলই বেছে নিক না কেন।

আগামীতে আরও নিরাপত্তা ফিচার আনার ঘোষণা দিয়ে ওপেনএআই বলেছে, অনেকদিন ধরেই এ কাজ চলছে। তবে তারা চাইছে আগামী ১২০ দিনের পরিকল্পনা আগেভাগেই জানাতে, যাতে ব্যবহারকারীরা দিকনির্দেশনা স্পষ্টভাবে বুঝতে পারেন।

কোম্পানির মতে, এখানেই কাজ শেষ নয়, এ বছর যত বেশি সম্ভব নতুন উন্নয়ন চালু করার লক্ষ্য তাদের।