Published : 22 Mar 2025, 05:05 PM
টেসলার একাধিক ডিলারের শোরুম ভাঙচুরকারীদের ২০ বছরের কারাদণ্ড হতে পারে বলে উল্লেখ করেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল।
বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেছেন, ইলন মাস্কের বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি কোম্পানি টেসলাকে লক্ষ্য করে ভাঙচুরের অভিযোগে অভিযুক্ত তিন আসামির ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
ভাঙচুরের ঘটনায় টেসলা গাড়ি, ডিলারশিপ ও চার্জিং স্টেশনগুলোর ক্ষতির বিষয়টিকে ‘ঘরোয়া সন্ত্রাসবাদ’ বলেও বর্ণনা করেছেন বন্ডি। এর আগে তিন সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেপ্তার ও অভিযোগপত্র গঠনের কথা ঘোষণা করেছিলেন সরকার পক্ষের আইনজীবীরা।
বিবিসি লিখেছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য স্থানে বিক্ষোভ ও ভাঙচুরের টার্গেটে পরিণত হয়েছে টেসলা।
এ ঘরোয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সুনির্দিষ্ট কোনও আইন নেই। তবে দোষী সাব্যস্ত অপরাধীদের যদি সন্ত্রাসবাদ সম্পর্কিত কোনও উদ্দেশ্য থাকে তবে দীর্ঘ কারাদণ্ডের জন্য অনুরোধ করতে পারে দেশটির বিচার বিভাগ।
এসব হামলাকে ঘরোয়া সন্ত্রাসবাদ বলে বর্ণনা করেছেন ট্রাম্প ও মাস্কও।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিবৃতিতে টেসলা ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজনদের নাম উল্লেখ ছিল না। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা গেছে, তিনটি মামলার বিবরণ সরকারি আইনজীবীদের মাধ্যমে আগে ঘোষিত গ্রেপ্তার ও অভিযোগের সঙ্গে মেলে।
সন্দেহভাজনদের মধ্যে রয়েছেন ৪২ বছর বয়সী লুসি নেলসন, যাকে কলোরাডোতে টেসলার একটি শোরুমের কাছে দেখা গেছে। এরপর তার বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস রাখা ও সম্পত্তি ধ্বংস করার অভিযোগ আনে পুলিশ।
ফৌজদারি অভিযোগে বলা হয়েছে, শোরুমটিতে মোলোটভ ককটেল ও গ্রাফিতি দিয়ে হামলা করা হয়েছিল, যার ফলে পাঁচ হাজার থেকে ২০ হাজার ডলারের মধ্যে ক্ষতি হয়েছে শোরুমটির। তবে নিজেকে নির্দোষ দাবি করেছেন ওই সন্দেহভাজন ব্যক্তি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওরিগন অঙ্গরাজ্যে টেসলার ‘সালেম’ নামের শোরুমে মলোটভ ককটেল নিক্ষেপের পর ৪১ বছর বয়সী অ্যাডাম ম্যাথিউ ল্যানস্কির বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস রাখার অভিযোগ এনেছে পুলিশ। তবে তিনি এখনও এ মামলার বিরুদ্ধে কোনও আবেদন করেননি এবং এপ্রিলে প্রাথমিক শুনানির মুখোমুখি হবেন ল্যানস্কি।
২৪ বছর বয়সী তৃতীয় হামলাকারী ড্যানিয়েল ক্লার্ক পাউন্ডারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার নর্থ চার্লসটনে টেসলা চার্জিং স্টেশনে মলোটভ ককটেল নিক্ষেপ ও গাড়ি পার্কে স্প্রে পেইন্টিং করার অভিযোগে অগ্নিসংযোগের অভিযোগ এনেছে পুলিশ।
এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল বন্ডি বলেছেন, “অপরাধ করে পরিণতি এড়ানোর দিন শেষ হয়ে গেছে।”
“বিষয়টিকে একটি সতর্কতা হিসেবে দেখুন: টেসলা সম্পত্তির বিরুদ্ধে অভ্যন্তরীণ এই সন্ত্রাসবাদের স্রোতে যদি আপনি যোগ দেন তাহলে মার্কিন বিচার বিভাগ আপনাকে কারাগারে পাঠাবে।”
দোষী সাব্যস্ত হলে তিন আসামির পাঁচ থেকে ২০ বছরের কারাদণ্ড হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল।