১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এআইয়ের ঝুঁকি নিয়ে এনভিডিয়া প্রধানকে রাজা চার্লসের চিঠি

২০২৩ সালে ব্লেচলি পার্কে আয়োজিত বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্মেলনে রাজা চার্লসের দেওয়া বক্তৃতারই একটি কপি এই চিঠি।

এআইয়ের ঝুঁকি নিয়ে এনভিডিয়া প্রধানকে রাজা চার্লসের চিঠি
ওই বক্তৃতায় উন্নত এআইয়ের বিকাশকে ‘বিদ্যুৎ আবিষ্কারের মতোই গুরুত্বপূর্ণ’ হিসেবে বর্ণনা করেছেন রাজা চার্লস। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2025, 06:16 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাব্য বিপদ বা ঝুঁকি নিয়ে মার্কিন চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংকে সতর্কবার্তামূলক একটি চিঠি দিয়েছেন ব্রিটেনের রাজা চার্লস।

বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিটির প্রধান হুয়াং বলেছেন, রাজা তৃতীয় চার্লসের নিজের দেওয়া ২০২৩ সালের এক বক্তৃতার কপি তার হাতে তুলে দিয়েছেন তিনি। সেই বক্তৃতায় এআইয়ের সম্ভাব্য বিপদ ও ঝুঁকি সম্পর্কে সতর্কবার্তা দিয়েছিলেন রাজা।

হুয়াং বলেছেন, “তিনি (রাজা) বললেন, ‘তোমার সঙ্গে একটি বিষয়ে কথা বলতে চাই।’ তারপর তিনি আমাকে চিঠিটি দিলেন।

বুধবার যুক্তরাজ্যের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত ২০২৫ সালের ‘কুইন এলিজাবেথ প্রাইজ ফর ইঞ্জিনিয়ারিং’ পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে হুয়াংয়ের সঙ্গে রাজার এমন আলাপ হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

রাজা চার্লস ২০২৩ সালে ব্লেচলি পার্কে অনুষ্ঠিত বিশ্বের প্রথম এআই সম্মেলনে যে বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতার কপিই চিঠি হিসেবে তিনি দিয়েছেন।

ওই বক্তৃতায় রাজা বলেছিলেন, এআইয়ের বিভিন্ন ঝুঁকি ‘জরুরি পদক্ষেপ, ঐক্য ও সম্মিলিত শক্তির মাধ্যমে’ ঠেকাতে হবে।

হুয়াং বলেছেন, “রাজার এআই নিরাপত্তা নিয়ে দেওয়া এমন এক বক্তৃতা এই চিঠি, যেখানে স্পষ্টতই এআইয়ের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তিনি।”

হুয়াং আরও বলেছেন, রাজা নিজের ওই বক্তৃতায় লিখেছেন, তিনি বিশ্বাস করেন এআই প্রযুক্তির ‘অসাধারণ সক্ষমতা’ যুক্তরাজ্য ও গোটা বিশ্বের রূপান্তর ঘটাতে পারে।

“তবে তিনি আমাদের এটিও স্মরণ করিয়ে দিতে চেয়েছেন যে, এই প্রযুক্তি ভালো কাজের জন্য যেমন ব্যবহার করা যায়, তেমনি খারাপ উদ্দেশ্যেও ব্যবহার হতে পারে। ফলে আমাদের উচিত এআইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা।”

ওই বক্তৃতায় উন্নত এআইয়ের বিকাশকে ‘বিদ্যুৎ আবিষ্কারের মতোই গুরুত্বপূর্ণ’ হিসেবে বর্ণনা করেছেন রাজা চার্লস।

বুধবার ২০২৫ সালের ‘কুইন এলিজাবেথ প্রাইজ ফর ইঞ্জিনিয়ারিং’ পুরস্কার গ্রহণ করেছেন হুয়াং। তার সঙ্গে আরও ছয়জন শীর্ষ এআই গবেষককে সম্মাননা দিয়েছেন রাজা, যাদের মধ্যে রয়েছেন এআই ‘গডমাদার’ অধ্যাপক ফেই-ফেই লি, অধ্যাপক ইয়োশুয়া বেনজিও, ড. বিল ডালি, এআই ‘গডফাদার’ ড. জিওফ্রি হিন্টন, অধ্যাপক জন হপফিল্ড ও মেটার প্রধান এআই বিজ্ঞানী ড. ইয়ান লেকুন।

বেনজিও ও জিওফ্রি হিন্টন সতর্ক করে বলেছেন, এ প্রযুক্তি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হতে পারে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এআই খাতকে সতর্কতার চেয়ে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে উৎসাহ দিচ্ছেন এবং এ বছর শুরুর দিকে ‘এআই সেইফটি সামিট’-এর নাম বদলে ‘এআই অ্যাকশন সামিট’ও রাখেন তিনি।