১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অ্যারোফ্লটে সাইবার হামলা, ইউক্রেইনপন্থি হ্যাকারদের দায় স্বীকার

দলটি হুমকি দিয়েছে, “অ্যারোফ্লটে যেসব রুশ যাত্রী ভ্রমণ করেছেন তাদের সকলের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেবে” তারা।

অ্যারোফ্লটে সাইবার হামলা, ইউক্রেইনপন্থি হ্যাকারদের দায় স্বীকার
এ ঘটনাকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছে ক্রেমলিন। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 04:36 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

রাশিয়ার বিমান সংস্থার ওপর সাইবার হামলা চালানোর দায় স্বীকার করেছে ইউক্রেইনপন্থী একদল হ্যাকার।

রাশিয়ার জাতীয় বিমান সংস্থা ‘অ্যারোফ্লট’ বলেছে, প্রো-ইউক্রেনীয় হ্যাকাররা তাদের আইটি সিস্টেমে হামলার দাবি করার কারণে অনেক ফ্লাইট বাতিল করতে হয়েছে।

বিবৃতিতে প্রো-ইউক্রেনীয় হ্যাকিং গ্রুপ ‘সাইলেন্ট ক্রো’ বলেছে, বেলারুশের ‘সাইবারপার্টিজানস’ গ্রুপের সহায়তায় অ্যারোফ্লটের ওপর এ সাইবার হামলা চালিয়েছে তারা।

মেসেজিং পরিষেবা অ্যাপ টেলিগ্রামে সাইলেন্ট ক্রো দাবি করেছে, তারা “এত বড় ও দীর্ঘ সময় ধরে সাইবার হামলা চালিয়েছে যে... অ্যারোফ্লটের আইটি সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।”

অ্যারোফ্লট বলেছে, এ হামলার ফলে ৪০টির বেশি ফ্লাইট বাতিল করেছে তারা, যার বেশিরভাগই ছিল রাশিয়ার অভ্যন্তরীণ রুটে। তবে বেলারুশ ও আর্মেনিয়ায় যাওয়ার ফ্লাইটও এর মধ্যে ছিল। এ ঘটনাকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছে ক্রেমলিন।

এয়ারলাইনটি বলেছে, তাদের তথ্যপ্রযুক্তি বা আইটি সিস্টেমে সমস্যার কারণে অনেক ফ্লাইট দেরিতে ছেড়েছে।

সাইলেন্ট ক্রো হ্যাকার দলটি হুমকি দিয়েছে, “অ্যারোফ্লটে যেসব রুশ যাত্রী ভ্রমণ করেছেন তাদের সকলের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেবে” তারা।

ওই টেলিগ্রাম পোস্টটির শেষে হ্যাকার দলটি লিখেছে, “ইউক্রেইনের জয় হোক! বেলারুশ দীর্ঘজীবী হোক!”

এদিকে, বেলারুশের হ্যাকার গ্রুপ ‘সাইবারপার্টিজানস’ তাদের ওয়েবসাইটে বলেছে, “আমরা ইউক্রেইনে দখলদারদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করছি। রাশিয়ার সবচেয়ে বড় বিমান সংস্থাকে অচল করে দিয়েছি।”

রাশিয়ার রাজনীতিবিদ আন্তন গোরেলকিন বলেছেন, “আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে, আমাদের দেশের বিরুদ্ধে সবদিক থেকেই লড়াই চলছে, যার মধ্যে ডিজিটাল যুদ্ধও অন্যতম অংশ।”

বিবিসি লিখেছে, সাধারণত নিজেদের সাফল্যকে বেশ বড় করে দেখায় বিভিন্ন হ্যাকার দল। তবে এই সাম্প্রতিক হামলা থেকে কোনো দীর্ঘস্থায়ী সমস্যার তৈরি হয় কি না তা এখনও জানা যায়নি।

রাশিয়ার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সাইবার আক্রমণের কারণে অ্যারোফ্লটের তথ্যপ্রযুক্তি সিস্টেমে সমস্যা হয়েছে এবং এ নিয়ে তদন্ত করছে তারা।

এ ধরনের সাইবার হামলার ঘটনা বিরল। কারণ বড় ধরনের রুশ কোম্পানির ওপর সরাসরি ও তৎক্ষণাৎ প্রভাব ফেলেছে এই সাইবার আক্রমণ। এতে কোম্পানির পাশাপাশি লাখ লাখ সাধারণ মানুষের ওপরও প্রভাব পড়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।