১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খরচ কমাতে হাজার কর্মী ছাঁটাই করছে ডিজনি

২০২৫ সালের বিশাল কর্মী বহরের তুলনায় এ ছাঁটাইয়ের সংখ্যা সামান্য হলেও কোম্পানির অভ্যন্তরীণ পুনর্গঠনে তা বড় প্রভাব ফেলবে।

খরচ কমাতে হাজার কর্মী ছাঁটাই করছে ডিজনি
২০২৫ অর্থবছর শেষে ডিজনির মোট কর্মী সংখ্যা ছিল প্রায় ২ লাখ ৩১ হাজার জন। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2026, 04:09 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

এক হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বিনোদন দুনিয়ার জায়ান্ট ওয়াল্ট ডিজনি। খরচ কমাতে ও মার্কেটিং বিভাগকে নতুন করে সাজাতে এ পদক্ষেপ নিচ্ছে কোম্পানিটি।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের বিশাল কর্মী বহরের তুলনায় এ ছাঁটাইয়ের সংখ্যা সামান্য হলেও কোম্পানির অভ্যন্তরীণ পুনর্গঠনে তা বড় প্রভাব ফেলবে।

বুধবার প্রতিবেদনে জার্নাল লিখেছে, আগামী সপ্তাহ থেকে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ওয়াল্ট ডিজনি। এ ছাঁটাইয়ের বড় একটি অংশ ঘটবে কোম্পানির মার্কেটিং বিভাগে।

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনাটি জশ ডি’আমারো গেল মার্চে ডিজনির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই শুরু হয়েছিল বলে প্রতিদনে লিখেছে রয়টার্স।

পরিকল্পিত এই ছাঁটাই কোম্পানির মোট কর্মীর ১ শতাংশেরও কম হতে পারে। ২০২৫ অর্থবছর শেষে ডিজনির মোট কর্মী সংখ্যা ছিল প্রায় ২ লাখ ৩১ হাজার।

‘প্রজেক্ট ইমাজিন’ কোড-নামের অধীনে কোম্পানির মার্কেটিং বিভাগগুলোকে একীভূত করার ও খরচ কমানোর পরিকল্পনা করছেন ডিজনির নতুন নিযুক্ত প্রধান বিপণন কর্মকর্তা আসাদ আয়াজ।

জানুয়ারি থেকে পুরো কোম্পানির জন্য তৈরি এক নতুন মার্কেটিং সংস্থার দেখাশোনা শুরু করছেন তিনি।

রয়টার্স তাৎক্ষণিকভাবে এ খবরের সত্যতা যাচাই করতে পারেনি।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ডিজনি।