০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রেমের সন্ধানে এআইয়ের আশ্রয়ে এবার ইলন মাস্ক?

কেউ কেউ এসব পোস্টকে মজার বা সৃজনশীল মনে করেছেন, আবার কেউ কেউ অসঙ্গত বা অস্বস্তিকর হিসেবেও দেখেছেন।

প্রেমের সন্ধানে এআইয়ের আশ্রয়ে এবার ইলন মাস্ক?
মাস্ক লিখেছেন, “গ্রক ইমাজিন দিয়ে তৈরি এই প্রম্পট ‘সে হাসে এবং বলে, ‘আমি সবসময় তোমাকে ভালোবাসব’।” ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 10:38 AM

Updated : 26 Aug 2026, 05:06 PM

টেসলার নির্বাহী প্রধান ইলন মাস্কের জন্য গত সপ্তাহে প্রায় ১ ট্রিলিয়ন ডলারের নতুন বেতন প্যাকেজ অনুমোদন করেছেন কোম্পানিটির বিনিয়োগকারীরা। সে কারণেই কি ফুরফুরে মেজাজে রয়েছেন মাস্ক? সম্ভবত তারই ঝলক মিলল তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ।

শনিবার এক্স-এ একটি ভিডিও শেয়ার করেছেন মাস্ক, যেটি তৈরি করেছে মাস্কের এআই স্টার্টআপ ‘এক্সএআই’-এর নতুন এআই টুল ‘গ্রক ইমাজিন’। ভিডিওটি মূলত দেখিয়েছে গ্রকের তৈরি করা কল্পিত এক দৃশ্য।

ওই ভিডিও শেয়ার করে মাস্ক লিখেছেন, “গ্রক ইমাজিন দিয়ে তৈরি এই প্রম্পট ‘সে হাসে এবং বলে, ‘আমি সবসময় তোমাকে ভালোবাসব’।” ভিডিওটিতে সত্যিই দেখা যাচ্ছে, এক অ্যানিমেটেড নারী বৃষ্টিভেজা রাস্তায় দাঁড়িয়ে হাসছে এবং স্পষ্টভাবে কৃত্রিম স্বরে সেই কথাগুলোই বলছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট টেকক্রাঞ্চ।

এর চব্বিশ মিনিট পর অভিনেত্রী সিডনি সুইনির কণ্ঠের আদলে গ্রক দিয়ে তৈরি আরও একটি ভিডিও পোস্ট করেছেন মাস্ক, যেখানে সিডনি-সুইনির মতো কণ্ঠ বলছে, ‘তুমি খুবই কাতর!’।

বর্তমানে এআই দিয়ে তৈরি নারীদের নিয়ে অদ্ভুত আচরণ, এমনকি চ্যাটবটের সঙ্গে রোমান্টিক সম্পর্ক গড়ে তোলার মতো বিষয় সাধারণ হয়ে উঠেছে। এ নিয়ে বিতর্কও নতুন কিছু নয়।

মাস্কের এসব পোস্টের প্রতিক্রিয়াও এসেছে খুব দ্রুত। কেউ কেউ এসব পোস্টকে মজার বা সৃজনশীল মনে করেছেন, আবার কেউ কেউ অসঙ্গত বা অস্বস্তিকর হিসেবেও দেখেছেন।

‘আমি সবসময় তোমাকে ভালোবাসব’ মাস্কের এই পোস্টের ভিডিওটি নিয়ে রসিকতা করেছেন অনেক এক্স ব্যবহারকারী। পোস্টটিকে ‘সবচেয়ে ডিভোর্স হওয়া পোস্ট’ এবং ‘এই সাইটের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক পোস্ট’ হিসেবেও বর্ণনা করেছেন তারা।

ইন্টারনেটে এখন মানুষকে চ্যাটবট, ডিজিটাল সঙ্গী ও এআই অ্যাসিস্ট্যান্ট নিয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা যাচ্ছে। আর এসব সমালোচনা আসলে এআই সঙ্গী বা ভার্চুয়াল মানুষের উত্থান নিয়ে মানুষের অস্বস্তি ও দ্বিধারই প্রতিফলন।

মাস্কের এই পোস্ট রসিকতা হোক বা পণ্যের প্রদর্শনী, তা এআইয়ের আবেগবিষয়ক প্রভাব নিয়ে চলমান আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।