১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিমানযাত্রা সহজ করবে অ্যাপলের নতুন ডিজিটাল আইডি ফিচার

যাদের পাসপোর্ট আছে কিন্তু এখনও ড্রাইভিং লাইসেন্সকে ‘রিয়াল আইডি’তে আপগ্রেড করেননি তারা এখন পাসপোর্টের একটি বাস্তব কপি না নিয়েই প্লেনে উঠবেন।

বিমানযাত্রা সহজ করবে অ্যাপলের নতুন ডিজিটাল আইডি ফিচার
আইফোন ও অ্যাপল ওয়াচ উভয়েই মিলবে এ ডিজিটাল আইডি। ছবি: অ্যাপল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2025, 01:53 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

আকাশপথে যাত্রা আরও সহজ করতে নতুন এক ডিজিটাল আইডি ফিচার চালু করেছে অ্যাপল, যার মাধ্যমে যাত্রীরা তাদের পরিচয় ডিজিটাল উপায়ে দেখাতে পারবেন ও দ্রুত বোর্ডিং প্রক্রিয়া সম্পন্ন হবে।

এ নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা যুক্তরাষ্ট্রের পাসপোর্ট অফিসিয়াল ওয়ালেট অ্যাপে সংরক্ষণ করতে এবং বিমানবন্দরে ‘টিএসএ’ চেকআউট লাইনে এ ডিজিটাল আইডিটি বৈধ পরিচয়পত্র হিসাবে দেখানোর সুযোগ পাবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

যাদের কাছে পাসপোর্ট আছে কিন্তু এখনও ড্রাইভিং লাইসেন্সকে ‘রিয়াল আইডি’তে আপগ্রেড করেনি তারা এখন পাসপোর্টের একটি বাস্তব কপি না নিয়েই প্লেনে উঠতে পারবেন। ‘রিয়াল আইডি’ অনেকের কাছেই হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে অ্যাপলের এমন প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন অনেকে।

আইফোন ও অ্যাপল ওয়াচ উভয়েই মিলবে এ ডিজিটাল আইডি। অ্যাপল বলেছে, যুক্তরাষ্ট্রের আড়াইশটিরও বেশি বিমানবন্দরে ‘টিএসএ’ চেকপয়েন্টে ব্যবহৃত হবে এই পরিষবা।

তবে ফিচারটি কেবল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য চালু করছে অ্যাপল, আন্তর্জাতিক ভ্রমণের জন্য নয়। সব টিএসএ কর্মীর কাছে এখনও এ ডিজিটাল আইডি স্ক্যানিংয়ের প্রযুক্তি নেই। ফলে সব জায়গায় ডিজিটাল আইডি কাজ করবেও না, সেক্ষেত্রে পাসপোর্ট সঙ্গে রাখা ভালো।

অ্যাপলের পরিকল্পনা রয়েছে আকাশ ভ্রমণের বাইরেও ফিচারটির পরিসর বাড়ানোর। কোম্পানিটি বলেছে, ভবিষ্যতে এ ডিজিটাল আইডি ব্যবহার করে কর্মীদের বয়স যাচাই করতে পারবে বিভিন্ন কোম্পানিও।

প্রথমবারের মতো আইওএস ১৬-এর অংশ হিসেবে ডিজিটাল আইডি ফিচারটি ঘোষণা করেছিল অ্যাপল এবং এতে পাসপোর্টও ‘অ্যাপল ওয়ালট’-এ সমর্থিত বর্তমান সরকারি পরিচয়পত্রের তালিকায় যোগ করেছে কোম্পানিটি।

ওয়ালেট প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্রের ‘ড্রাইভিং লাইসেন্স’ ও ‘স্টেট আইডি’ও গ্রহণ করে তবে তা কেবল ১২টি অঙ্গরাজ্য এবং পুয়ের্তো রিকোতে। এগুলো আকাশ ভ্রমণের জন্য বৈধ হবে না; কারণ এগুলোর কোনোটিই ‘রিয়াল আইডি’ বা পাসপোর্ট নয়।