১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাইক্রোসফটকে টপকে বিশ্বের দামি কোম্পানি এখন এনভিডিয়া

গত বছরের জুন থেকে এনভিডিয়া, অ্যাপল ও মাইক্রোসফট একে অপরকে পেছনে ফেলে বাজার মূল্যে শীর্ষে ওঠানামা করছিল।

মাইক্রোসফটকে টপকে বিশ্বের দামি কোম্পানি এখন এনভিডিয়া
শেষবার এনভিডিয়া বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হয়ে উঠেছিল ২৪ জানুয়ারি। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2025, 03:45 PM

Updated : 26 Aug 2026, 01:08 PM

বাজার মূল্যের দিক থেকে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটকে টপকে আবারও শেয়ারবাজারে নিবন্ধিত বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হয়ে উঠল চিপ নির্মাতা মার্কিন কোম্পানি এনভিডিয়া।

এর আগে, শেষবার এনভিডিয়া বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হয়ে উঠেছিল ২৪ জানুয়ারি।

মঙ্গলবার কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ নির্মাতা এনভিডিয়ার শেয়ার মূল্য প্রায় ৩ শতাংশ বেড়ে ১৪১.৪০ ডলারে পৌঁছায়।

গত এক মাসে কোম্পানিটির শেয়ার মূল্য প্রায় ২৪ শতাংশ বাড়লেও মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ ও শুল্ক নিয়ে উদ্বেগের মধ্যে ছিল কোম্পানিটি। এরপরও এনভিডিয়ার মূল্য বেড়েই চলেছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদ মাধ্যম সিএনবিসি।

এখন কোম্পানিটির বাজার মূল্য দাঁড়িয়েছে তিন লাখ ৪৫ হাজার কোটি ডলার। মঙ্গলবার দিনের শেষে মাইক্রোসফটের বাজার মূল্য ছিল তিন লাখ ৪৪ হাজার কোটি ডলার।

গত বছরের জুন থেকে এনভিডিয়া, অ্যাপল ও মাইক্রোসফট একে অপরকে পেছনে ফেলে বাজার মূল্যে শীর্ষে ওঠানামা করছিল।

সিএনবিসি লিখেছে, মঙ্গলবার এনভিডিয়া ও অন্যান্য চিপ কোম্পানির শেয়ার মূল্য বাড়ায় শেয়ারবাজারও চাঙ্গা হয়েছে। ব্রডকম-এর ৩ শতাংশ ও মাইক্রন টেকনোলজি’র শেয়ার মূল্য বেড়েছে ৪ শতাংশ। বিভিন্ন চিপ কোম্পানির শেয়ার নিয়ে তৈরি ‘ভ্যানএক সেমিকন্ডাক্টর ইটিএফ’ লাভ করেছে দুই শতাংশ।

গত সপ্তাহে নিজেদের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ৯৬ সেন্ট আয় ও চার হাজার চারশ ৬ কোটি ডলার বিক্রির তথ্য প্রকাশ করেছে এনভিডিয়া, যেখানে গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির প্রবৃদ্ধি বেড়েছে ৬৯ শতাংশ, যা এনভিডিয়ার মতো এত বড় কোম্পানির জন্য দারুণ এক অর্জন।

এনভিডিয়ার এই পারফর্মেন্সের কারণ হচ্ছে তাদের তৈরি এআইনির্ভর চিপ, যা চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের মতো বিভিন্ন কোম্পানি ব্যবহার করছে নিজেদের সফটওয়্যার তৈরিতে।

মাইক্রোসফট, মেটা, গুগল, আমাজন, ওরাকল ও ইলন মাস্কের স্টার্টআপ এক্সএআইয়ের মতো বিভিন্ন কোম্পানি এআই বিকাশের জন্য বড় বড় কম্পিউটার গ্রুপ বানাতে এনভিডিয়ার এআই চিপের ওপরই মূলত নির্ভরশীল।

১৯৯৩ সালে থ্রিডি গেইম খেলার জন্য চিপ বানানোর কাজ থেকে যাত্রা শুরু হয়েছিল এনভিডিয়ার। 

সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞানী ও গবেষকরা বলছেন, কোম্পানিটির সেইসব চিপ এআই সংশ্লিষ্ট কাজের জন্যও খুব কার্যকর। কারণ এগুলো একসঙ্গে অনেক কাজ করতে পারে। ফলে, এআই চিপের জন্য এনভিডিয়া এখন খুবই জনপ্রিয়।