১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অতঃপর ৫ ট্রিলিয়ন ডলারে এনভিডিয়া

একসময় কেবল বিশেষ ধরনের ভিডিও গেইম প্রসেসর বানানো কোম্পানিটি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিল্পের মূল ভিত্তি হয়ে উঠেছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2025, 09:40 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

বিশ্বে প্রথম কোম্পানি হিসেবে ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য ছাড়িয়ে ইতিহাস তৈরি করল এনভিডিয়া।

এ অসাধারণ সাফল্য এসেছে কোম্পানির বিস্ময়কর শেয়ারের উত্থানের কারণে, যা এনভিডিয়াকে গোটা বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিপ্লবের কেন্দ্রে প্রতিষ্ঠিত করেছে বলে প্রতিবেদন লিখেছে রয়টার্স।

এ মাইলফলকে পৌঁছানোর বিষয়টি কোম্পানিটির জন্য বড় এক সাফল্য। কারণ, একসময় কেবল বিশেষ ধরনের ভিডিও গেইম প্রসেসর বানানো কোম্পানিটি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিল্পের মূল ভিত্তি হয়ে উঠেছে।

৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পেরিয়ে যাওয়ার ফলে সিলিকন ভ্যালির একজন আইকন হিসেবে প্রতিষ্ঠিত হলেন কোম্পানিটির সিইও জেনসেন হুয়াং। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তি প্রতিযোগিতার এক গুরুত্বপূর্ণ প্রভাবকে পরিণত হয়েছে এনভিডিয়ার উন্নত বিভিন্ন চিপ।

তিন মাস আগে প্রযুক্তি কোম্পানি হিসেবে চার ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়েছিল এনভিডিয়া। এর আগে কোনো পাবলিক কোম্পানি এই বাজার মূল্যে যেতে পারেনি।

এক বিবৃতিতে কোম্পানির শেয়ারধারী ও ‘হারগ্রিভস ল্যান্সডাউন’-এর সিনিয়র ইক্যুইটি বিশ্লেষক ম্যাট ব্রিজম্যান বলেছেন, “এনভিডিয়ার ৫ ট্রিলিয়ন বাজার মূল্য অর্জনের বিষয়টি কেবল একটি সংখ্যা বা মাইলফলক নয়। কারণ এনভিডিয়া চিপ নির্মাতা থেকে এখন শিল্পের রূপই বদলে দিয়েছে।”

এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত কোম্পানিটির স্টকের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে।

এর আগে, এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং ঘোষণা করেছিলেন, কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা চিপের অর্ডার ৫০ হাজার কোটি ডলার হবে বলে আশা করছেন তারা। পাশাপাশি যুক্তরাষ্ট্র সরকারের জন্য সাতটি নতুন সুপারকম্পিউটার নির্মাণের পরিকল্পনাও প্রকাশ করেছে কোম্পানিটি।

আলাদাভাবে মঙ্গলবার নকিয়া’তে ১০০ কোটি ডলার বিনিয়োগেরও ঘোষণা করছে এনভিডিয়া। পরবর্তী প্রজন্মের সিক্সজি সেলুলার প্রযুক্তি উন্নয়নের জন্য এ নেটওয়ার্কিং কোম্পানির সঙ্গে কৌশলগত পার্টনারশিপ গড়ে তুলছে মার্কিন চিপ জায়ান্টটি।

আরও পড়ুন…

ইতিহাস গড়ে ৪ ট্রিলিয়ন ডলারে এনভিডিয়া

৫ ট্রিলিয়ন ডলার কোম্পানি হওয়ার দ্বারে এনভিডিয়া