এআই লেবেল না দিলেই রিচ কমবে পোস্টের, ইনস্টাগ্রামের হুঁশিয়ারি
আগে নিয়মিত এআই কনটেন্ট পোস্ট করা সব প্রোফাইলের জন্য ‘এআই ক্রিয়েটর’ নামের ঐচ্ছিক এক লেবেল ব্যবহার করত ইনস্টাগ্রাম।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি চরিত্র রয়েছে এমন প্রোফাইলগুলোর ক্ষেত্রে বিধিনিয়মে পরিবর্তন এনেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম।
এ ধরনের অ্যাকাউন্টে এবার থেকে বাধ্যতামূলকভাবে ‘এআই-জেনারেটেড প্রোফাইল’ লেবেল ব্যবহার করতে হবে, যেখানে প্রোফাইলটি যে কোনো ‘বাস্তব মানুষের’ নয় তা স্পষ্টভাবে উল্লেখ করবে।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, নতুন এ নিয়ম না মানলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের কনটেন্টের প্রসার বা ‘রিচ’ কমিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কোম্পানিটি।
সামাজিক মাধ্যমে এআই দিয়ে তৈরি অহেতুক ও নিম্নমানের কনটেন্টের আনাগোনা বেড়ে যাওয়ায় ব্যবহারকারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। ফলে অন্যান্য প্লাটফর্ম এআই কনটেন্ট দেখানোর ক্ষেত্রে কড়াকড়ি শুরু করেছে।
ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা এতদিন এআই কনটেন্ট নিরুৎসাহিত করতে খুব একটা পদক্ষেপ নেয়নি, বরং ব্যবহারকারীদের এআই ব্যবহারের জন্য উৎসাহিতই করে আসছিল।
তবে ইনস্টাগ্রামের নতুন পদক্ষেপটি সার্বিক এআই কনটেন্ট বন্ধের উদ্যোগ না হলেও যেসব কনটেন্ট বিশেষভাবে বিভ্রান্তি ছড়াতে পারে সেগুলোর লাগাম টানতেই এ নিয়ম এনেছে কোম্পানিটি।
নতুন লেবেলটি এআই দিয়ে তৈরি বিভিন্ন কাল্পনিক চরিত্র ও ব্যক্তিত্বকে তুলে ধরা বিভিন্ন অ্যাকাউন্টের কথা ভেবে তৈরি। এর আগে, নিয়মিত এআই কনটেন্ট পোস্ট করা সব প্রোফাইলের জন্য ‘এআই ক্রিয়েটর’ নামের ঐচ্ছিক এক লেবেল ব্যবহার করত ইনস্টাগ্রাম।
সেই লেবেলের জায়গায় এখন থেকে ‘এআই-জেনারেটেড প্রোফাইল’ নামের নতুন ট্যাগটি যোগ হচ্ছে। অ্যাপের বিবরণ অনুসারে, যেসব প্রোফাইলে ‘এআই দিয়ে তৈরি কোনো কৃত্রিম মানুষের উপস্থিতি’ থাকবে কেবল সেগুলোর জন্যই নতুন ট্যাগটি প্রযোজ্য।
বিভিন্ন এআই মডেল প্রযুক্তির দিক থেকে আরও উন্নত হওয়ায় ও নিখুঁত কনটেন্ট তৈরি সহজ হয়ে ওঠায় ভার্চুয়াল জগতে ‘ভুয়া এআই ইনফ্লুয়েন্সার’-এর উপস্থিতি আশঙ্কাজনকভাবে বেড়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান সম্প্রতি এআইচালিত বহু ভুয়া ইনফ্লুয়েন্সারের উপস্থিতি উন্মোচন করেছে, যারা বিভিন্ন অ্যাপ ও পণ্যের বিজ্ঞাপন প্রচার করছে।
অন্যদিকে, নিউ ইয়র্ক টাইমস শত শত ভুয়া এআই ‘ওয়েলনেস’ বা স্বাস্থ্যবিষয়ক ইনফ্লুয়েন্সারের সন্ধান পেয়েছে, যাদের অনেকেই নিজেদের চিকিৎসক হিসাবে ভুয়া দাবি করছিল। মেটার বর্তমান নীতিমালা সরাসরি ভেঙে এসব কনটেন্ট তৈরি না হলেও এগুলো বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর শঙ্কা তৈরি করেছে।
এ বিষয়ে ইনস্টাগ্রামের একজন মুখপাত্র বলেছেন, “ব্যবহারকারীরা আমাদের বলেছেন, কোনো প্রোফাইলকে বাস্তবে একজন মানুষের মনে করার পর পরবর্তীতে তা এআই দিয়ে তৈরি কাল্পনিক চরিত্র বলে জানতে পারাটা তারা মোটেও পছন্দ করছেন না।”
মুখপাত্র আরও বলেছেন, যেসব অ্যাকাউন্টে কৃত্রিম এআই মানুষের উপস্থিতি রয়েছে ও নতুন লেবেলটি ব্যবহার করা হবে না সেগুলোর ‘প্রসার বা রিচ দ্রুতই সীমিত বা কমিয়ে দেওয়া হতে পারে’।
তবে কোনো কনটেন্ট ক্রিয়েটর যদি মনে করেন, তাকে ভুলবশত পেনাল্টি বা শাস্তি দেওয়া হয়েছে তবে তিনি ইনস্টাগ্রামের ‘অ্যাকাউন্ট স্ট্যাটাস’ ড্যাশবোর্ডের মাধ্যমে আপিলের সুযোগ পাবেন।
