১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

উইন্ডোজ ১১ ফটোস অ্যাপে এআই গুছিয়ে দেবে এলোমেলো ছবি

নতুন আপডেটে যুক্ত হয়েছে একটি এআই-চালিত ফিচার যা স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট ধরনের ছবি আলাদা ফোল্ডারে সাজিয়ে দেবে।

উইন্ডোজ ১১ ফটোস অ্যাপে এআই গুছিয়ে দেবে এলোমেলো ছবি
নির্দিষ্ট ধরনের ছবি আলাদা ফোল্ডারে সাজিয়ে দেবে নতুন ফিচার। ছবি: মাইক্রোসফট

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2025, 05:30 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

আমাদের প্রতিদিনের জীবনে ফোন বা কম্পিউটারে অসংখ্য ছবি জমতে থাকে। এর মধ্যে অনেকগুলোই থাকে স্ক্রিনশট, বিভিন্ন রসিদের ছবি, স্ক্যান করে রাখা কোনো পরিচয়পত্র বা হঠাৎ তাড়াহুড়োয় তুলে রাখা হাতে লেখা নোট। এগুলো খুঁজে পাওয়া বা আলাদা করে গুছিয়ে রাখা অনেক সময় বিরক্তিকর হয়ে ওঠে। এই সমস্যার সমাধানেই এগিয়ে এসেছে মাইক্রোসফট।

প্রযুক্তি কোম্পানিটি ঘোষণা দিয়েছে, ফটো লাইব্রেরির অগোছালো জট ছেঁকে বের করার জন্য উইন্ডোজ ১১-এর ইনসাইডার ব্যবহারকারীদের জন্য কোপাইলট প্লাস পিসিতে তারা ফটোস অ্যাপের নতুন সংস্করণ পরীক্ষা করছে। 

প্রযুক্তি সাইট ভার্জ লিখেছে, এই আপডেটে যুক্ত হয়েছে একটি এআই-চালিত ফিচার যা স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট ধরনের ছবি আলাদা ফোল্ডারে সাজিয়ে দেবে।

মাইক্রোসফট বলছে, এই নতুন এআই ফিচার রসিদ, স্ক্রিনশট, পরিচয়পত্র এবং হাতে লেখা নোট শনাক্ত করে আলাদা ফোল্ডারে স্থানান্তর করতে পারে। ব্যবহারকারীকে কোনো কাজই করতে হবে না, ফটোস অ্যাপ নিজেই ছবির কনটেন্ট বিশ্লেষণ করে সেগুলো শ্রেণিবদ্ধ করবে।

অ্যাপটি শুধু ইংরেজি নয় অন্য ভাষার টেক্সটও বুঝতে পারে। অর্থাৎ, একটি হাঙ্গেরিয়ান পাসপোর্টের ছবি যদি লাইব্রেরিতে থাকে তবে সেটিও স্বয়ংক্রিয়ভাবে পরিচয়পত্র ফোল্ডারে চলে যাবে।

ফটোস অ্যাপ ছবিগুলো সাজানোর পর ব্যবহারকারীরা নতুন তৈরি হওয়া ফোল্ডারগুলো দেখতে পাবেন বাম পাশের ন্যাভিগেশন বারে থাকা ‘ক্যাটেগরিজ’ সেকশনের নিচে। ফলে প্রয়োজনীয় নথি বা তথ্য খুঁজতে আর আলাদা করে শত শত ছবির ভেতর ঘাঁটাঘাঁটি করতে হবে না।

বর্তমানে ফটোস অ্যাপ কেবল চার ধরনের ছবি আলাদা করতে পারে- স্ক্রিনশট, রসিদ, পরিচয়পত্র এবং নোট। যদিও এটি অনেক ব্যবহারকারীর জন্যই উপকারী হবে, তবে সীমাবদ্ধতাও স্পষ্ট। কারণ, এখনো ব্যবহারকারী নিজে থেকে কোনো কাস্টম ক্যাটেগরি তৈরি করতে পারছেন না।

ভবিষ্যতে যদি ব্যবহারকারীরা নিজের মতো করে ক্যাটেগরি নির্ধারণ করতে পারেন যেমন ‘পোষা কুকুরের ছবি’, ‘ভ্রমণের ছবি’ বা ‘সমুদ্রের ছবি’-তাহলে ফিচারটির কার্যকারিতা আরও বহুগুণ বাড়বে।

ডিজিটাল ডিভাইসে প্রতিনিয়ত ছবি জমতে থাকে, যার অনেকগুলোই তথ্যভিত্তিক বা নথি সংরক্ষণের উদ্দেশ্যে তোলা। একসময় এগুলো খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। তাই এআই চালিত এই নতুন ফিচার শুধু ছবি সাজানোর কাজই করবে না বরং সময় বাঁচাবে এবং ব্যবহারকারীর অভিজ্ঞতাকে করবে আরও সহজ।