Published : 16 Jul 2025, 03:25 PM
শিগগিরই চীনে আবার নিজেদের উচ্চসক্ষমতার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ বিক্রি শুরু করছে মার্কিন চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়া।
এক ব্লগ পোস্টে কোম্পানিটি বলেছে, মার্কিন সরকার এনভিডিয়াকে আশ্বস্ত করেছে যে, চীনে রপ্তানি পুনরায় শুরু করতে প্রয়োজনীয় লাইসেন্স দেবে তারা। বিশ্বের দ্বিতীয় বড় অর্থনীতির দেশ চীন, সেখানে চিপ রপ্তানি চালুর জন্যই এ অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র।
এ সিদ্ধান্তের মাধ্যমে এনভিডিয়ার ‘এইচ২০’ নামের চিপ বিক্রির ওপর চীনের বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞা বাতিল হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
এর আগে, এসব চিপ চীনা সেনাবাহিনী ব্যবহার করতে পারে এমন উদ্বেগের কারণে এপ্রিলে এগুলো রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বিবিসি লিখেছে, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণের একটি প্রধান লক্ষ্য ছিল এসব চিপের অত্যাধুনিক প্রযুক্তি যেন বেইজিংয়ের হাতে না পৌঁছায়। কারণ, এআই নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার প্রতিযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে।
চীনে ফের চিপ রপ্তানি চালুর বিষয়ে বিবিসির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়।
২০২৩ সালে বাইডেন প্রশাসন যখন যুক্তরাষ্ট্র থেকে রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করে তখন সেটি বিশেষভাবে চীনা বাজারের জন্য এনভিডিয়া তৈরি করে ‘এইচ২০’ নামের চিপ। তবে এ বছরের এপ্রিলে এ চিপের বিক্রি কার্যত নিষিদ্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন।
চীনে ফের চিপ রপ্তানির ঘোষণা এমন সময়ে এল যখন বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা কিছুটা কমতে শুরু করেছে। এর আগে, মে মাসে নিজেদের শুল্কযুদ্ধে অস্থায়ী এক যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল দেশ দুটি।
বিবিসি লিখেছে, ট্রাম্প এই বছর হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে একে অপরের ওপর আরোপিত উচ্চ শুল্কের বিষয়ে দীর্ঘমেয়াদী চুক্তিতে পৌঁছানোর জন্য ১২ আগস্টের সময়সীমা নির্ধারণ করেছে তারা।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীনের বিরল খনিজ রপ্তানির ওপর আরোপিত নিয়ন্ত্রণ শিথিল করেছে বেইজিং। অন্যদিকে, চীনে কার্যত চিপ ডিজাইন সফটওয়্যার বিভিন্ন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।
চীনকে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ একটি বাজার হিসেবে দেখে এসেছে এনভিডিয়া এবং গোটা বিশ্বে কোম্পানিটির শীর্ষ ক্রেতাদের মধ্যে একটি হচ্ছে চীন।
গত কয়েক মাস ধরে চীনে ‘এইচ২০’ চিপের বিক্রি পুনরায় শুরুর জন্য উভয় পক্ষের সঙ্গে নিয়মিত তদবির করে আসছেন এনভিডিয়া’র প্রধান নির্বাহী জেনসেন হুয়াং।
কোম্পানিটি বলেছে, বর্তমানে চীনে অবস্থানরত হুয়াং এনভিডিয়ার প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করতে ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন, যেখানে তারা যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান তৈরি করবে ও বিশ্বজুড়ে এআই খাতে যুক্তরাষ্ট্রকে নেতৃত্বে রাখতে সহায়তা করবে।
চীনা সরকার ও শিল্পক্ষেত্রের কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন হুয়াং। তারা আলোচনা করেছেন, কিভাবে এআই উৎপাদনশীলতা বাড়ানো যেতে পারে ও কীভাবে এ নিয়ে নিরাপদভাবে গবেষণা এগিয়ে নেওয়া যায়।
গত সপ্তাহে বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে বাজার মূল্য চার ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে এনভিডিয়া।