১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এআইয়ের তৈরি কনটেন্ট আরও বেশি ‘সাজেস্ট’ করবে মেটা

এ নতুন সংযোজনের ফলে ফেইসবুক ও ইনস্টাগ্রামে আরও বেশি এআইয়ের মাধ্যমে তৈরি পোস্ট দেখতে পাবেন ব্যবহারকারীরা।

এআইয়ের তৈরি কনটেন্ট আরও বেশি ‘সাজেস্ট’ করবে মেটা
নিজেদের বিভিন্ন সামাজিক মাধ্যমে বেশ কিছু এআই ফিচার চালু করেছে মেটা। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2025, 05:37 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

কোম্পানিটির রেকমেন্ডেশন সিস্টেমে এআইয়ের তৈরি ‘বিশাল পরিমাণ’ কনটেন্টের ভাণ্ডার যোগ করবে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা।

আয়ের প্রতিবেদনে প্রকাশের সময় কোম্পনিটির সিইও মার্ক জাকারবার্গ বলেছেন, “মেটার রেকমেন্ডেশন সিস্টেমে আরও এক বিশাল পরিমাণ কনটেন্ট যোগ করতে যাচ্ছি আমরা”, যা এআই দিয়ে কনটেন্ট তৈরি ও রিমিক্স বা পুনঃসংস্করণের মাধ্যমে তৈরি।

এ নতুন সংযোজনের ফলে ব্যবহারকারীরা মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও ইনস্টাগ্রামে এআইয়ের মাধ্যমে তৈরি পোস্ট আরও বেশি দেখতে পাবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

জাকারবার্গ বলেছেন, “এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম দুইটি যুগ পার করেছে। প্রথম যুগে সব কনটেন্টই ছিল বন্ধু, পরিবার ও আপনি সরাসরি যাদের ফলো করতেন তাদের কাছ থেকে। দ্বিতীয় যুগে সামাজিক মাধ্যমে যখন নির্মাতাদের তৈরি কনটেন্ট যোগ হয়। তার কথায় ইঙ্গিত মেলে, এআই কনটেন্ট হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমের তৃতীয় যুগ।

তিনি বলেছেন, যেসব রেকমেন্ডেশন সিস্টেম এআই কনটেন্টকে ‘ভালোভাবে’ বুঝতে পারে সেগুলো ‘বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে’। কারণ এগুলো ‘আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে’।

তারপর ভাইবসের দিকে ইঙ্গিত দিয়ে জাকারবার্গ বলেছেন, ফিচারটি এআইয়ের মাধ্যমে তৈরি নতুন ধরনের কনটেন্টের একটি উদাহরণ। ফিডে ব্যবহারকারীদের সক্রিয়তা ‘এখনও পর্যন্ত ভালো এবং প্রতি সপ্তাহে এর ব্যবহার দ্রুত বাড়ছে’।

জাকারবার্গ বলেন, “আমাদের নতুন বিভিন্ন মডেল প্রস্তুত হওয়ার পর আরও নতুন ধরনের কনটেন্ট তৈরির সুযোগ থাকবে।” ভাইবস হচ্ছে মেটার নতুন এক ফিচার বা ফিড, যা মূলত এআইয়ের মাধ্যমে তৈরি বা রিমিক্স করা কনটেন্ট দেখায়। 

ভাইবসের জনপ্রিয়তা বোঝাতে মেটার সিএফও সুসান লি বলেছেন, এখন পর্যন্ত এই ফিডে দুই হাজারেও বেশি ছবি তৈরি করেছেন ব্যবহারকারীরা।

এরইমধ্যে নিজেদের বিভিন্ন সামাজিক মাধ্যমে বেশ কিছু এআই ফিচার চালু করেছে মেটা। যার মধ্যে রয়েছে, ইনস্টাগ্রাম স্টোরিজে টেক্সট প্রম্পটের মাধ্যমে সরাসরি ছবি ও ভিডিও এডিটের সুবিধা, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে এআই চ্যাটবট এবং স্বতন্ত্র এক মেটা এআই অ্যাপ, যা এআই সহকারী ও ডিসকভারি ফিডের অন্তর্ভুক্ত।