Published : 05 Apr 2026, 12:05 PM
দ্রুত ওয়েবের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে বিভিন্ন জেনারেটিভ এআই টুল। এ শিল্পের শীর্ষ পাঁচ নামের কথা আসলে তার মধ্যে ক্লড এআই থাকবে। লেখালেখি ও কোডিংয়ের মতো সৃজনশীল কাজে সাহায্য ও এন্টারপ্রাইজ স্তরের কাজ, যেমন আর্থিক বিশ্লেষণেও ব্যবহৃত হচ্ছে এআই অ্যাসিস্ট্যান্টটি।
এক মিনিটেরও কম সময়ে পুরো এক উপন্যাস প্রক্রিয়া করতে পারার জন্য খবরের শিরোনামেও উঠে এসেছিল ক্লড এআই, যার মাধ্যমে চ্যাটজিপিটির নির্দিষ্ট রেকর্ডকেও ক্লড ছাড়িয়েছিল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট স্ল্যাশগিয়ার।
২০২৩ সালের মার্চে ক্লড চালু করে স্যান ফ্রান্সিসকোভিত্তিক স্টার্টআপ অ্যানথ্রপিক। এআই অ্যাসিস্ট্যান্টটির এ নাম তথ্য তত্ত্বের জনক হিসাবে বিবেচিত গণিতবিদ ক্লড ই. শ্যাননের নামে রেখেছে কোম্পানিটি। এর জনপ্রিয়তার অন্যতম কারণ, চ্যাটজিপিটির তুলনায় ‘আরও নৈতিক বা নিরাপদ বিকল্প’ হিসেবে ক্লডকে অ্যানথ্রপিকের উপস্থাপন।
বিষয়টি সরাসরি অ্যানথ্রপিক তৈরির মূল উদ্দেশ্য থেকে এসেছে। কারণ, ওপেনএআইতে ‘আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স’ বা এজিআই তৈরির সময় নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে মতবিরোধের কারণে আলাদা হয়ে নতুন কোম্পানি হিসেবে ২০২১ সালে অ্যানথ্রপিক গড়ে তুলেছিলেন সাবেক ওপেনএআই কর্মী দারিও অ্যামোদেই এবং দানিয়েলা অ্যামোদেই, যারা সম্পর্কে ভাইবোন।
অ্যামাজন কি অ্যানথ্রপিকের মালিক?
২০২৩ ও ২৪ সালে অ্যানথ্রপিকে প্রায় ৮০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ করেছে মার্কিন ই কমার্স জায়ান্ট অ্যামাজন। একইসঙ্গে এডব্লিউএস অবকাঠামো ও কাস্টম বিভিন্ন এআই চিপের সুবিধাও পেয়েছিল এআই স্টার্টআপটি।
এত বড় বিনিয়োগের কারণে স্বাভাবিকভাবেই গুঞ্জন উঠেছিল, নীরবে অ্যামাজনের অধীনে চলে গিয়েছে অ্যানথ্রপিক। তবে এমনটি ঘটেনি।
কোম্পানি দুুটির মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, বিশেষ করে ক্লডের বিভিন্ন এআই মডেল ‘অ্যামাজন বেডরক’-এ চলে, যার মাধ্যমে ‘অ্যালেক্সা প্লাস’কে চালায় অ্যামাজন। তবে দুই কোম্পানির মধ্যে কোনও অধিগ্রহণের তথ্য নেই।
অ্যামাজন ছাড়াও অ্যানথ্রপিকে ৩০০ কোটি ডলারের বিনিয়োগ করেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল। ‘সেলসফোর্স’, ‘স্পার্ক ক্যাপিটাল’সহ অন্যান্য কোম্পানিও অ্যানথ্রপিকের পার্টনার।
এ তালিকায় মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটও রয়েছে। মাইক্রোসফটের ‘৩৬৫ কোপাইলট’-এ চ্যাটজিপিটি মডেলের পাশে দেখানো হয় ক্লড।
এত কোম্পানির বিনিয়োগের মধ্যে অ্যানথ্রপিকের মালিক কে?
প্রশ্নটি গুরুত্বপূর্ণ।
কারণ ক্লড এআই গুরুত্বপূর্ণ এআই মডেল, যা ভবিষ্যতের বিভিন্ন এআই প্রযুক্তির ওপর প্রভাব ফেলবে। কোনো প্রযুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠলে, যেমন ২০০০-এর দশকে সার্চ ইঞ্জিন বা ২০১০-এর দশকে স্মার্টফোন তখন তা কেবল প্রযুক্তি নয়, বরং এর পেছনের কোম্পানি ও শক্তির ভারসাম্যও গুরুত্বপূর্ণ হয়ে যায়।
ক্লডকে কোন কোন কোম্পানি সমর্থন বা বিনিয়োগ করছে তা বোঝার বিষয়টি সাহায্য করতে পারে মডেলটি ভবিষ্যতে কীভাবে ব্যবহার হতে পারে। পাশাপাশি কোন নীতি বা মূল্যবোধের মাধ্যমে পরিচালিত হবে এবং এআইয়ের পরবর্তী ধাপের উন্নয়ন কেমন হতে পারে সে বিষয়েও অনুমান করা যেতে পারে।
অ্যানথ্রপিক বলেছে, জনস্বার্থে তৈরি কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত তারা। যার মানে কোম্পানিটি লাভের পাশাপাশি দীর্ঘমেয়াদী বিভিন্ন সুরক্ষা লক্ষ্যকে অগ্রাধিকার দিতে আইনত বাধ্য।
ফলে এতে বাইরের কোম্পানির প্রভাব পুরোপুরি ঠেকানো যায় না। তবে কোনো একক বিনিয়োগকারী, বিশেষ করে অ্যামাজনও পুরো কোম্পানির নিয়ন্ত্রণ সহজে নিতে পারবে না। অন্তত কাগজে কলমে তো তাই বলছে।