Published : 22 May 2026, 11:08 AM
টেসলা সাইবারট্রাকের ফিচার পরীক্ষা করতে গিয়ে ইচ্ছাকৃতভাবে গাড়িটি লেকের পানিতে নামিয়ে দেওয়ার অভিযোগে টেক্সাসে এক চালককে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ।
পানিতে নামানোর পরপরই বিশালকায় এ বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভিটি অকেজো হয়ে পড়ে এবং এর ভেতরে পানি ঢুকতে শুরু করে। এ ঘটনার পর টেসলা বলেছে, পানিতে গাড়ি চালিয়ে কোনো ক্ষতি হলে তার দায় ওয়ারেন্টির আওতায় পড়বে না।
টেসলার সাইবারট্রাকের ‘ওয়েড মোড’ নামের ফিচারটি পরীক্ষা করতে গিয়েই এ বিপত্তি ঘটেছে।
উত্তর টেক্সাসের গ্রেপভাইন পুলিশ বিভাগ বলেছে, সোমবার গ্রেপভাইন লেক থেকে একটি সাইবারট্রাক উদ্ধারের জন্য তাদের কর্মকর্তাদের ডাকা হয়। গাড়িটির ভেতরে পানি ঢুকে আটকে যাওয়ার পর চালক ও যাত্রীরা সেটিকে ওই অবস্থাতেই ফেলে রেখে চলে গিয়েছিলেন।
টেসলার অনলাইন নির্দেশিকা অনুসারে, সাইবারট্রাকের এ ‘ওয়েড মোড’ গাড়িটিকে সর্বোচ্চ ৮১.৫ সেন্টিমিটার গভীরতার নদী বা খালের মতো জলাশয়ের মধ্য দিয়ে চালিয়ে নিয়ে যাওয়ার সুবিধা দেয়।
পুলিশ বলেছে, লেকের নিষিদ্ধ বা বন্ধ অংশে গাড়ি চালানোর অপরাধে এবং পানি নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ওই চালককে তারা গ্রেপ্তার করেছেন।
পরবর্তীতে গ্রেপভাইন ফায়ার ডিপার্টমেন্টের ওয়াটার রেসকিউ টিমের সহায়তায় পুলিশ লেকের দক্ষিণ তীরের কাছ থেকে আংশিক ডুবে থাকা গাড়িটি উদ্ধার করেছে।
পুলিশের বিবৃতি অনুসারে, “চালক স্বীকার করেছেন, তিনি সাইবারট্রাকের ওয়েড মোড ফিচারটি পরীক্ষার জন্য ইচ্ছাকৃতভাবে গাড়িটি লেকের পানিতে নামিয়েছিলেন। তবে পানিতে নামানোর পরপরই গাড়িটি অকেজো হয়ে পড়ে ও এর ভেতরে পানি ঢুকতে শুরু করে।
“গাড়িটি অগভীর মিষ্টি পানিতে নামতে পারলেও টেক্সাসের আইন অনুসারে এমনটি করা আইনি জটিলতা ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ তৈরি করতে পারে।”
স্থানীয় পুলিশ বিভাগের ক্যাথারিনা গ্যাম্বোয়া বলেছেন, “আমরা কাউকেই নিজের গাড়ি নিয়ে স্বেচ্ছায় পানিতে নেমে যাওয়ার জন্য উৎসাহিত করি না। এ ধরনের কাজ যেমন নিরাপত্তার বিষয় ঠিক তেমনই আইনি বিষয়ও বটে।”
টেসলার সাইবারট্রাক হচ্ছে বুলেট-প্রতিরোধী স্টিল দিয়ে তৈরি সম্পূর্ণ বিদ্যুচ্চালিত পিকআপ ট্রাক, যার বাজারমূল্য ৭০ হাজার ডলারের বেশি।
সাইবারট্রাক ২০১৯ সালে প্রথম উন্মোচন এবং ২০২৩ সালে সাধারণ গ্রাহকদের জন্য বাজারে নিয়ে আসে ইলন মাস্কের বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি নির্মাতা টেসলা।
টেসলা তাদের গাড়ির নির্দেশিকায় বলেছে, “পানিতে নামার আগে তার গভীরতা মেপে নেওয়া পুরোপুরি চালকের নিজের দায়িত্ব। পানিতে গাড়ি চালানোর ফলে সাইবারট্রাকের কোনো ক্ষতি হলে বা ভেতরে পানি ঢুকলে তা গাড়ির ওয়ারেন্টির আওতায় পড়বে না।”
টেসলা আরও বলেছে, সর্বোচ্চ ৩২ ইঞ্চি গভীরতার পানি পার হওয়ার সক্ষমতাটি টায়ারের নিচের অংশ থেকে পরিমাপ করা হয়। পানি যদি এর চেয়ে বেশি গভীর হয়ে যায় তবে নির্দেশিকায় চালকদের দ্রুত অগভীর পানি বা শুকনো ডাঙায় ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়াও, তীব্র স্রোত বা পাহাড়ি ঢলের মতো গভীর ও দ্রুত বয়ে চলা জলাশয়ে গাড়ি না চালানোর জন্য বিশেষভাবে সতর্ক করেছে মাস্কের কোম্পানিটি।