১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেকর্ড ৮০০ কোটি ডলার কর পরিশোধ করে দায়মুক্ত স্যামসাং পরিবার

সম্পদের মধ্যে পিকাসো ও দালির মতো শিল্পীর শিল্পকর্মও রয়েছে, যা দক্ষিণ কোরিয়ার জাতীয় জাদুঘর ও অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানে দান করেছে স্যামসাং।

রেকর্ড ৮০০ কোটি ডলার কর পরিশোধ করে দায়মুক্ত স্যামসাং পরিবার
বর্তমানে কোম্পানিটির নেতৃত্ব দিচ্ছেন লি জে-ইয়ং। তার দাদা লি ব্যুং-চুল ১৯৩৮ সালে স্যামসাং প্রতিষ্ঠা করেছিলেন। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 01:42 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

দীর্ঘ পাঁচ বছরের প্রক্রিয়া শেষে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়িক সাম্রাজ্য স্যামসাংয়ের উত্তরসূরিরা তাদের ৮০০ কোটি ডলার উত্তরাধিকার কর পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করেছেন, যা দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এযাবৎকালের সর্বোচ্চ কর পরিশোধের ঘটনা।

চেয়ারম্যান লি জে-ইয়ং ও তার মা হং রা-হি ও দুই বোনসহ পরিবারের সদস্যরা গত পাঁচ বছরে মোট ছয়টি কিস্তিতে এ মোটা অংকের অর্থ পরিশোধ করেছেন।

বিবিসি লিখেছে, ২০২০ সালের অক্টোবরে স্যামসাংয়ের তৎকালীন চেয়ারম্যান লি কুন-হি-এর মৃত্যুর পর তার রেখে যাওয়া বিপুল সম্পত্তির ওপর এই কর ধার্য হয়েছিল।

স্যামসাং দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় ‘চেবল’ বা পারিবারিক মালিকানাধীন বড় শিল্পগোষ্ঠী। ইলেকট্রনিক্স থেকে শুরু করে ভারী শিল্প, নির্মাণ ও আর্থিক সেবাসহ প্রায় সব খাতেই কোম্পানিটির শক্তিশালী আধিপত্য রয়েছে।

প্রয়াত লি কুন-হি শেয়ার, স্থাবর সম্পত্তি ও শিল্পকর্ম মিলিয়ে প্রায় ২৬ ট্রিলিয়ন উওনের এক বিশাল সম্পদ রেখে গিয়েছিলেন। সেই সময় তার পরিবার বলেছিল, “নাগরিক হিসেবে কর দেওয়া স্বাভাবিক দায়িত্ব।”

রোববার স্যামসাং নিশ্চিত করেছে, করের শেষ কিস্তিটি পরিশোধ হয়েছে। এ মোট অর্থের পরিমাণ ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ার পুরো বছরের সংগৃহীত মোট উত্তরাধিকার করের প্রায় দেড় গুণ।

দক্ষিণ কোরিয়ায় উত্তরাধিকার করের হার ৫০ শতাংশ, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। কর পরিশোধের বিষয়টি বিনিয়োগকারীরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন, কারণ এর ওপর স্যামসাংয়ের নিয়ন্ত্রণ ধরে রাখার বিষয়টি জড়িয়ে ছিল।

লি কুন-হি-এর সম্পদের একটি অংশ, যার মধ্যে পাবলো পিকাসো ও সালভাদর দালির মতো বিখ্যাত শিল্পীদের শিল্পকর্ম রয়েছে তা দক্ষিণ কোরিয়ার জাতীয় জাদুঘর ও অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানে দান করেছে স্যামসাং।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, লি পরিবারের সম্মিলিত সম্পদের পরিমাণ সাড়ে চার হাজার ডলারেরও বেশি।

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিল্পের জন্য কম্পিউটার চিপের চাহিদা বেড়ে যাওয়ায় গত এক বছরে স্যামসাং ইলেকট্রনিক্সের শেয়ারবাজার মূল্য বেড়েছে, যার ফলে তাদের সম্পদ দ্বিগুণেরও বেশি হয়েছে।

কম্পিউটার চিপ তৈরির পাশাপাশি স্যামসাংয়ের প্রযুক্তিগত কার্যক্রমের মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম স্মার্টফোন নির্মাতা ও টিভি উৎপাদনকারী কোম্পানি।

বর্তমানে কোম্পানিটির নেতৃত্ব দিচ্ছেন লি জে-ইয়ং। তার দাদা লি ব্যুং-চুল ১৯৩৮ সালে স্যামসাং প্রতিষ্ঠা করেছিলেন।