ফায়ারফক্সে ‘এআই উইন্ডো’ যোগ করছে মজিলা
এ প্রজেক্টের লক্ষ্য এআইয়ের সঙ্গে ব্যবহারকারীরা কখন ও কীভাবে যোগাযোগ করতে চান তা নিয়ন্ত্রণের সুযোগ তাদের ওপরই দেওয়া।
ফায়ারফক্স ব্রাউজারের জন্য নতুন এক এআই টুল নিয়ে কাজ করছে সফটওয়্যার ডেভেলপার মজিলা।
‘এআই উইন্ডো’ নামের টুলটির মাধ্যমে ব্যবহারকারীরা এআই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে চ্যাটিং ও ব্রাউজিংয়ের সময় সাহায্য পেতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
ধারণা করা হচ্ছে, এ প্রজেক্টের লক্ষ্য এআইয়ের সঙ্গে ব্যবহারকারীরা কখন ও কীভাবে যোগাযোগ করতে চান তা নিয়ন্ত্রণের সুযোগ তাদের ওপরই দেওয়া।
‘স্ট্যান্ডার্ড ফায়ারফক্স উইন্ডো’ ও ‘প্রাইভেট উইন্ডো’র পাশাপাশি ব্যবহারকারীদের জন্য ‘এআই উইন্ডো’ আরেকটি নতুন বিকল্প হবে, যা তাদের ভালোভাবে প্রাইভেসি সুরক্ষা দেবে।
তবে এ ফিচার এখনও বিকাশাধীন পর্যায়ে রয়েছে। ফলে আগ্রহীরা মজিলার ব্লগে সাইন আপ করতে পারেন, যাতে প্রথম ব্যবহারকারীদের মধ্যে থাকতে ও মতামত দিতে পারেন।
ব্রাউজারে এআই সংযোগের বিষয়টি বর্তমানে বিভিন্ন প্রযুক্তি কোম্পানির মধ্যে এক আলোচিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি ব্রাউজার নির্মাতা ও এআই কোম্পানি সেরা সমাধান দিতে রীতিমতো প্রতিযোগিতা করছে।
মজিলাও এই প্রতিযোগিতা থেকে বাদ নয়। এ বছরের শুরুতে আইওএসের জন্য নতুন এক টুল এনেছে ফায়ারফক্স, যেখানে ব্যবহারকারী ফোন নাড়ালেই ওয়েবপেইজের সংক্ষিপ্ত সারাংশ তৈরি করে দেয় এআই।
