Published : 01 Feb 2026, 03:42 PM
সেলিব্রিটি বা সাধারণ ব্যবহারকারীর এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হওয়ার ঘটনা বিরল নয়।
সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট হ্যাকিংয়ে সবচেয়ে সাধারণ উপায় হলো ফিশিং, যেখানে হ্যাকাররা ব্যবহারকারীকে ভুয়া লিঙ্কে ক্লিক করতে প্রলুব্ধ করে। কাজেই অ্যাকাউন্ট বেহাত হলে আগে খেয়াল করুন কোনো লোভনীয় লিংকে ক্লিক করেছিলেন কি না।
এছাড়া দুর্বল পাসওয়ার্ড, অনিরাপদ নেটওয়ার্কে ম্যান-ইন-দ্য-মিডল আক্রমণ এবং ডিভাইসে ম্যালওয়্যার ইনস্টল করে কী-লগিং সফটওয়্যার ব্যবহার করেও লগইন তথ্য নেওয়া সম্ভব বলে উঠে এসেছে বাণিজ্য সাময়িকী ফোর্বস-এ প্রকাশিত এক নিবন্ধে।
হ্যাকিংয়ের পাঁচটি সাধারণ সংকেত
১. অনুমোদনবিহীন টুইট:
হ্যাকাররা প্রায়ই ফিশিং বা স্প্যাম লিঙ্ক পোস্ট করে। অনেক সময় এটিই প্রথম ইঙ্গিত হয় যে, অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। পোস্টগুলোতে আর্থিক প্রতিফলন, বিটকয়েন স্ক্যাম, ডায়েট বা প্রতিযোগিতার প্রলোভন থাকতে পারে।
২. অপ্রত্যাশিত আচরণ:
হ্যাকার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পেলে ডিরেক্ট মেসেজ, ফলোয়ার সংখ্যা পরিবর্তন বা তৃতীয় পক্ষের অ্যাপ অনুমোদন করতে পারে।
৩. এক্স থেকে সতর্কবার্তা:
এক্স ব্যবহারকারীর অ্যাকাউন্টে অস্বাভাবিক কার্যক্রম বা অননুমোদিত লগইন চেষ্টা লক্ষ্য করলে ইমেইল সতর্কবার্তা পাঠায়।
৪. লগইন সমস্যা:
পাসওয়ার্ড কাজ না করা বা রিসেট করার নোটিফিকেশন পাওয়া স্পষ্ট ইঙ্গিত।
৫. অর্থ বা ক্রিপ্টো হারানো:
হ্যাকাররা ব্যক্তিগত পরিচয় চুরি করতে পারে। ক্রেডিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টে অজানা চার্জ, ক্রিপ্টো ওয়ালেট থেকে অজানা লেনদেন বা সন্দেহজনক ইমেইল লক্ষ্য করুন।
প্রতিবেদন বলছে, এই সংকেতগুলো দেখে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা খুবই গুরুত্বপূর্ণ।
অ্যাকাউন্ট উদ্ধারের উপায় কী?
হ্যাকিংয়ের ঝুঁকি কমাতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা গুরুত্বপূর্ণ। দুই-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করলে নিরাপত্তা আরও বাড়ে। ডিভাইস লক করতে ফেইস আইডি বা টাচ আইটি ব্যবহার করা যেতে পারে।
পাশাপাশি সন্দেহজনক ইমেইল বা মেসেজ এড়িয়ে চলা এবং কেবল বিশ্বাসযোগ্য অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দিয়েছে ফোর্বস।
প্রতিবেদন বলছে, দ্রুত প্রতিক্রিয়া এবং সচেতন ব্যবহার অভ্যাস এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হওয়ার ঝুঁকি কমাতে এবং সম্ভাব্য আর্থিক ক্ষতি এড়াতে বড় ভূমিকা রাখে।