১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইউটিউব মিউজিকে সেরা মানের অডিও পাবেন কীভাবে?

ডিফল্ট সেটিংসে ইউটিউব মিউজিকের অডিও কোয়ালিটি খুব একটা ভালো না থাকলেও কিছুটা পরিবর্তন এনে প্লাটফর্মটির অডিওর মান আগের চেয়ে উন্নত করা সম্ভব।

ইউটিউব মিউজিকে সেরা মানের অডিও পাবেন কীভাবে?
প্লাটফর্মটির সেটিংসে গিয়ে সবোর্চ্চ ২৫৬ কেবিপিএস পর্যন্ত অডিও আউটপুট পাওয়া সম্ভব। ছবি: ম্যাগনিফিক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2026, 05:40 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

অন্যান্য মিউজিক প্ল্যাটফর্মের চেয়ে পিছিয়ে থাকলেও সামান্য কিছু সেটিং পরিবর্তনের মাধ্যমে ইউটিউব মিউজিকে পাওয়া অসম্ভব ভালো অডিও কোয়ালিটি।

স্পটিফাই, অ্যাপল মিউজিক বা অ্যামাজন মিউজিকের মতো অডিও সুবিধা না থাকলেও আনঅফিশিয়াল গান, কনসার্টের লাইভ পারফর্ম্যান্স ও রিমিক্সের কারণে অনেকেরই প্রথম পছন্দ ‘ইউটিউব মিউজিক’।

ডিফল্ট সেটিংয়ে ইউটিউব মিউজিকের অডিও কোয়ালিটি খুব একটা ভালো থাকে না। কিছুটা পরিবর্তন আনলেই এ মান আগের চেয়ে উন্নত করা সম্ভব বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

ইউটিউব মিউজিক ডিফল্ট হিসেবে ‘নরমাল’ বিটরেট ১২৮ কেবিপিএস ব্যবহার করে, যা ডেটা বাঁচানোর জন্য ভালো হলেও ভালো অডিও অভিজ্ঞতার জন্য যথেষ্ট নয়।

প্লাটফর্মটির সর্বোচ্চ বিটরেট সেটিংয়ে ২৫৬ কেবিপিএস পর্যন্ত অডিও আউটপুট মেলে। ভালোমানের হেডফোন বা স্পিকারে এসব বিটরেটে গান শুনলে স্পষ্ট ও নিখুঁত শব্দ পাওয়া যায়। তবে এতে তুলনামূলক বেশি ডেটা খরচ হয়।

উন্নত অডিও কোয়ালিটি উপভোগ করতে হলে ব্যবহারকারীকে ‘ইউটিউব মিউজিক প্রিমিয়াম’ বা ‘ইউটিউব প্রিমিয়াম’ সাবস্ক্রাইব করতে হবে। ফ্রি ব্যবহারকারীদের জন্য ১২৮ কেবিপিএস বা নরমাল বিটরেটই সর্বোচ্চ সীমা।

যেভাবে পরিবর্তন করবেন অডিও কোয়ালিটি

●    অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে ইউটিউব মিউজিকের স্ট্রিমিং সেটিংস সামান্য ভিন্ন জায়গায় থাকলেও ফিচারগুলো একই।

●    স্ট্রিমিং কোয়ালিটি পরিবর্তনের নিয়ম–

●    অ্যাপের ভেতরে গিয়ে ‘প্রোফাইল পিকচার’-এ ট্যাপ করে ‘সেটিংস’-এ যান।

●    প্লেব্যাক মেনুতে গিয়ে অ্যান্ড্রয়েডের জন্য ‘ডেটা সেভিং’ এবং আইফোনের জন্য ‘প্লেব্যাক অ্যান্ড রেস্ট্রিকশনস’ অপশনে যেতে হবে।

●    ‘অডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্ক’ ও ‘অডিও কোয়ালিটি অন ওয়াই-ফাই’ অপশন দুটিকে ‘হাই’ বা ‘অলওয়েজ হাই’-এ সেট করুন। 

‘হাই’ অপশনে ভালো নেটওয়ার্কে ২৫৬ কেবিপিএস স্পিড পাওয়া যাবে, আর ‘অলওয়েজ হাই’ দুর্বল নেটওয়ার্কেও এ কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করবে।

ডাউনলোড কোয়ালিটি পরিবর্তনের নিয়ম–

●    প্রোফাইল ছবিতে ট্যাপ করে সেটিংস থেকে ‘ডাউনলোড অ্যান্ড স্টোরেজ’ অপশনে যেতে হবে।

●    এরপর ‘অডিও কোয়ালিটি’তে গিয়ে এখান থেকে ‘হাই’ সিলেক্ট করুন, যা আপনাকে ডাউনলোডের ক্ষেত্রেও ২৫৬ কেবিপিএস বিটরেটের সুবিধা দেবে।

যা মনে রাখা জরুরি

ডাউনলোড কোয়ালিটি পরিবর্তন করলে আগের ডাউনলোড করা গানগুলোর মান স্বয়ংক্রিয়ভাবে বাড়বে না। পুরানো গানগুলো ২৫৬ কেবিপিএসে শুনতে হলে সেগুলো মুছে দিয়ে আবার নতুন করে ডাউনলোড করে নিতে হবে।